শুভাকাঙ্ক্ষীর তালিকায় আ.লীগ-বিএনপি নেতাদের নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের শুভাকাঙ্ক্ষীর তালিকায় রয়েছেন চট্টগ্রাম-১০ আসনের (হালিশহর-পতেঙ্গা) আওয়ামী লীগ দলীয় সাংসদ এম আবদুল লতিফ, আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ী নেতা সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ ও চট্টগ্রামের বিএনপি-সমর্থিত মেয়র মোহাম্মদ মন্জুর আলমের নাম। এ ছাড়া বিএনপির নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তাঁর বড় ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নামও এই তালিকায় আছে।গত শুক্রবার গভীর রাতে পুলিশ ছাত্রশিবিরের নগর কার্যালয়ে অতর্কিত অভিযান চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এ সময় একটি গুরুত্বপূর্ণ ডায়েরি পাওয়া যায়। ডায়েরিতে গত দুই বছর যাঁদের কাছ থেকে চাঁদা নিয়ে শিবিরের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল, তাঁদের নাম ও টাকার পরিমাণ রয়েছে। নগরের কোন থানার দায়িত্বে কে আছেন তাঁদের নামও এই ডায়েরিতে রয়েছে। এ ছাড়া সাংগঠনিক প্রয়োজনে মামলা, কারাগারসহ বিভিন্ন খাতভিত্তিক টাকা খরচের একটি হিসাবও ডায়েরিতে পাওয়া গেছে। ওই ডায়েরিতে বাকলিয়ার ডিসি রোডে শিবিরের নগর কার্যালয়ের চারতলা ভবনের নির্মাণকাজের জন্য ছয় লাখ ৭০ হাজার টাকার একটি হিসাব পাওয়া গেছে। এ জন্য রড়, সিমেন্ট, টাইলসসহ নির্মাণসামগ্রী কাদের কাছ থেকে নেওয়া হবে তাঁরও তালিকা এতে রয়েছে।ডায়েরিতে ছাত্রশিবিরের ৭৫ জন শুভাকাঙ্ক্ষীর নামের তালিকা রয়েছে। এই তালিকায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যেমন আছেন, তেমনি আছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠান। রয়েছে একাধিক সাংবাদিকের নামও। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘শিবিরের ওই তালিকাটা আমরা পেয়েছি। এখানে কার সঙ্গে শিবিরের কী সম্পর্ক আমরা তা যাচাই করে দেখছি।’ চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী তাঁর নাম শিবিরের শুভাকাঙ্ক্ষীর তালিকায় রয়েছে জেনে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিবির হচ্ছে জঙ্গিদের সংগঠন। তাদের সঙ্গে আমাদের দূরতম সম্পর্কও থাকতে পারে না। আমি বিভিন্ন সময় ব্যবসায়ী নেতা হিসেবে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। এ কারণে হয়তো তারা চাঁদা অথবা অন্য কোনো সুবিধা নেওয়ার জন্য পরিকল্পনা করতে পারে।’ ব্যবসায়ী নেতা সাইফুজ্জামান চৌধুরী বিগত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি। তাঁর বাবা আখতারুজ্জামান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ। তবে সাংসদ এম এ লতিফের নাম ছাত্রশিবিরের ওই তালিকায় থাকাকে স্বাভাবিক বলে দাবি করেছেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম। তিনি বলেন, ‘এম এ লতিফ ২০০৮ সালে নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই জামায়াতের সংগঠন চাষিকল্যাণ সংস্থার সমাবেশে যান। সেখানে নিজের বিবাহিত ছেলের বিয়ের অনুষ্ঠান করেন দ্বিতীয়বারের মতো। ইতিপূর্বে আমি দাবি করেছিলাম লতিফ একজন জামায়াত, আওয়ামী লীগে তিনি ছদ্মবেশী বর্ণচোরা। এবার তা আরেকবার প্রমাণিত হলো।’ সাংসদ লতিফের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সূত্রমতে, চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলমও একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন। কিন্তু বিগত সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিএনপির সমর্থন নিয়ে নির্বাচিত হন। শুভাকাঙ্ক্ষীর তালিকায় নাম থাকা প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমি জানি না কিসের ভিত্তিতে তারা আমার নাম অন্তর্ভুক্ত করেছে। জামায়াত-শিবিরের সঙ্গে আমার দূরতম সম্পর্কও নাই।’নিজের নাম থাকা প্রসঙ্গে রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল আহমেদ হাসনাত প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন রাজনীতি করি তখন সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়। এ জন্য হয়তো শুভাকাঙ্ক্ষীর নামের তালিকায় আমার নাম আসতে পারে। এতে দোষের কিছু দেখি না।’ শিবিরের শুভাকাঙ্ক্ষীর তালিকায় সমাজকল্যাণমূলক সংগঠন ‘আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান আবু রেজা নদভীর নামও আছে। একসময় তাঁর সঙ্গে শিবির ও জামায়াতের ভালো সম্পর্ক ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁর সঙ্গে সরকারের ভালো সম্পর্ক তৈরি হয়। তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ সফর করেন। ছাত্রশিবিরের এ তালিকায় বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নামও রয়েছে। তাঁরা হলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ও নগর বিএনপির সহসভাপতি সামসুল আলমের ছেলে শোয়াইব রিয়াদ, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাস। সাংবাদিক শুভাকাঙ্ক্ষীর তালিকায় রয়েছে আবু সুফিয়ান ও হেলাল হুমায়ুনের নাম। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘অফিসে বসে বসে যে কেউই শুভাকাঙ্ক্ষীর তালিকা তৈরি করতে পারে। তবে জামায়াত-শিবির আমাদের চারদলীয় জোটের শরিক দল। আমাকে তারা হয়তো পছন্দ করে। এটা তো দোষের কিছু নয়। জামায়াত-শিবির তো আমাদের বাইরের কেউ নয়।’ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু রেজা নদভী বলেন, ‘তারা কেন আমার নাম শুভাকাঙ্ক্ষীদের তালিকায় রেখেছে, জানি না। কেউ আমার কাছে চাঁদার জন্য এলে আমি ৫০০ থেকে এক হাজার টাকা দিয়ে দিই। এর জন্য আমাকে তাদের তালিকায় রাখা হয়েছে কি না, বুঝতে পারছি না।’ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত শুক্রবার সাতকানিয়ায় একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। আর আমি ছিলাম বিশেষ অতিথি।’