শুভাপ্রসন্নের চিত্রকলা প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার আকার প্রকার গ্যালারির সহযোগিতায় গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে গতকাল থেকে ভারতের প্রখ্যাত শিল্পী শুভাপ্রসন্নের ‘নীলিমা ও নৈরাজ্য’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী শুভাপ্রসন্ন, অধ্যাপক আনিসুজ্জামান, কলকাতা আকার প্রকার গ্যালারির পরিচালক রীনা লাথ, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৭১। এসব চিত্রকর্মে অঙ্কনকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। নগরজীবন, মানুষের বেঁচে থাকার অদম্য সংগ্রাম এবং তার অন্তর্বেদনা শিল্পী তুলে ধরেছেন। তাঁর সৃষ্টির উদ্যানে কল্লোলিত হয় পেঁচা, কাক, চিল, শকুনসহ নানা পশু ও পাখির অভিব্যক্তি। এই অভিব্যক্তি একদিকে বৈচিত্র্যময় অনুভূতিময় ও ব্যঞ্জনাধর্মী, অন্যদিকে তাঁর শিল্পচৈতন্য এই রূপায়ণে নবরূপে উদ্ভাসিত হয়ে ওঠে।প্রদর্শনী ২৫ মার্চ প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।