শুভাপ্রসন্নের ‘নীলিমা ও নৈরাজ্য’
প্রস্ফুটিত ফুলের ওপর উড়ে এসে বসেছে প্রজাপতি। দেখলে চোখ জুড়িয়ে যায়। আবার কাফনে মোড়ানো মৃতদেহের সামনে দাঁড়ানো বেদনাহত বিমর্ষ স্বজনদের ছবিও আছে। মানবজীবনটা এমনই। সেখানে যেমন আছে শোক-তাপ, নানা প্রতিকূলতা, বেঁচে থাকার কঠিন সংগ্রাম; তেমনি আছে মধুর কিছু স্বপ্ন। আনন্দঘন মুহূর্ত। এই উভয় দিকই তাঁর কাজের মাধ্যমে তুলে ধরেছেন ভারতের প্রখ্যাত শিল্পী শুভাপ্রসন্ন। তাঁর এসব কাজেরই প্রদর্শনী আজ শুরু হচ্ছে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে। প্রদর্শনীর সহায়তা করেছে কলকাতার আকার প্রকার গ্যালারি।প্রদর্শনীর নাম ‘নীলিমা ও নৈরাজ্য’। সন্ধ্যা ছয়টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা গৌতম ঘোষ। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৭১টি। চলবে ২৫ মার্চ পর্যন্ত।প্রদর্শনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল আর্ট লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী, আকার প্রকার গ্যালারির রীনা লাথ, শিল্পী শিপ্রা ভট্টাচার্য। শিল্পী শুভাপ্রসন্ন তাঁর কাজ ও সমকালীন চিত্রকলা নিয়ে আলোচনা করেন।শুভাপ্রসন্নের কাজ বাস্তবধর্মী। অঙ্কনকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। নগরজীবন, মানুষের বেঁচে থাকার অদম্য সংগ্রাম, তার অন্তর্বেদনা শিল্পী তুলে ধরেছেন। পাশাপাশি মনুষ্যতর প্রাণী, বিশেষ করে কুকুর ও বিড়াল, কাক, পেঁচা, হাঁস, চিল—এ ধরনের পাখপাখালি বিশেষ ব্যঞ্জনায় উঠে এসেছে তাঁর ছবিতে।শুভাপ্রসন্নের জন্ম ১৯৪৭ সালে। তিনি কলকাতার ইন্ডিয়ান কলেজ অব আর্ট থেকে চারুকলা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে তাঁর ৫৫টি একক প্রদর্শনী হয়েছে।