শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনী প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নির্মল ভার্মা পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন।আজ রোববার বাংলাদেশ নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ-অঞ্চলের কমান্ডার কমোডর এ এস এম এ বাতেন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বলে জানা গেছে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও সামরিক উপদেষ্টা উপস্থিত ছিলেন।জানা গেছে, বাংলাদেশ সফরকালে ভারতীয় নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণসহ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এ ছাড়া তিনি সেনা, নৌ, বিমানবাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।সফরকালীন ভারতীয় নৌপ্রধান চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমি, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, চট্টগ্রাম ও খুলনা নৌ-অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটিগুলো পরিদর্শন করবেন এবং খুলনার সুন্দরবন ও সংলগ্ন এলাকায় যাবেন বলে জানা গেছে।এদিকে, একই সঙ্গে বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে আজ চট্টগ্রাম বন্দরে আইএনএস ঐরাবত নামে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ এসে পৌঁছেছে।আইএসপিআর জানিয়েছে, জাহাজের অধিনায়ক কমান্ডার নিতিন কাপুরের নেতৃত্বে জাহাজটিতে মোট ১০৫ জন কর্মকর্তা ও বিভিন্ন পদবির নাবিক রয়েছেন। বাংলাদেশে অবস্থানকালে সফররত জাহাজের অধিনায়ক চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডারদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।ভারতীয় নৌজাহাজের সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সঙ্গে বানৌজা ঈশা খাঁ স্পোর্টস গ্রাউন্ডে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতায় অংশ নেবেন। এ ছাড়া সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা কাপ্তাইয়ে নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জেম পরিদর্শন করবেন বলেও জানা গেছে।চট্টগ্রাম বন্দরে অবস্থানকালে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি ৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। এর আগে নৌবাহিনীর ঐতিহ্য মোতাবেক আইএনএস ঐরাবত বাংলাদেশ জলসীমায় প্রবেশকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ধলেশ্বরী জাহাজটিকে স্বাগত জানায়। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনী তথা দুই দেশের মধ্যকার সার্বিক সুসম্পর্ক আরও দৃঢ় ও জোরালো হবে বলে আশা করা যায়। ৭ এপ্রিল জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে। বাসস।