ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, চুক্তি সম্পর্কে মমতাকে আগেই জানানো হয়েছিল। প্রায় এক মাস ধরে বিভিন্ন বিষয় তাঁকে জানানো হয়। তিস্তা চুক্তি নিয়ে কথা বলতে মমতার কাছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননকেও পাঠানো হয়। মেনন তিস্তা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। খসড়া চুক্তি দেখান। তারপর মমতার সম্মতি নিয়ে মেনন বাংলাদেশে গিয়েও কথা বলেন।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ফেরার পথে বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ওই সময় সাংবাদিকদের নানা প্রশ্ন এবং এর জবাব মনমোহনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।বাংলাদেশ সফর নিয়ে মূল্যায়ন করতে গিয়ে মনমোহন বলেন, ‘এ সফরের ফল নিয়ে আমি খুব খুশি। আমার জন্য বাংলাদেশ সফর একটা আবেগঘন ব্যাপার। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পরপরই ভারত-বাংলাদেশের পরিবর্তিত নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে আমি ঢাকায় গিয়ে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করেছিলাম। মনমোহন বলেন, এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই করতে পারলে ভালো হতো। তার পরও যা অর্জিত হয়েছে, তা দুই দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পথ সৃষ্টিতে কাজে লাগবে। পানি ইস্যু নিয়ে মমতার সঙ্গে কথা বলতে একজন দূত নিয়োগ প্রশ্নে মনমোহন বলেন, ‘আমি আসলেই জানি না, রাজনৈতিক ও সরকারি বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। মমতার সঙ্গে আমার কিছু কথা হয়েছে। তাঁর পরামর্শ গ্রহণে আমি আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননকে এক মাস আগে তাঁর কাছে পাঠিয়েছি। সে সময় আমাকে জানানো হয়েছিল, কৌশলগত প্রতিটি বিষয় সমাধান হয়েছে। কিন্তু মন্ত্রিপরিষদের রাজনীতিবিষয়ক কমিটির বৈঠকে দীনেশ ত্রিবেদী কিছু আপত্তি তুলেছিলেন। পরে আমি আবার মেননকে কলকাতায় পাঠাই। তিনি সেখানে মমতার সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি চলে যান ঢাকায় এবং সেখানে চুক্তি সইয়ে সব ব্যবস্থাই সম্পন্ন হয়। কিন্তু এরই মধ্যে অন্য কয়েকটি বিষয় মাথাচাড়া দিয়ে ওঠায় মমতা জানিয়ে দিলেন, তিনি আমার সঙ্গে বাংলাদেশে যাচ্ছেন না। পরে আমি জানতে পেরেছি, তিস্তা চুক্তি নিয়ে মতানৈক্যের কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’মমতা চুক্তির যে খসড়া অনুমোদন করেছেন এবং চূড়ান্তভাবে স্বাক্ষরের জন্য যা উত্থাপন করা হয়েছে—দুটিতে তফাত আছে বলে দাবি করছেন। বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মনমোহন বলেন, ‘আমি মমতার সঙ্গে কোনো বাগিবতণ্ডায় যেতে চাই না। আমরা চেষ্টা করছি, যা কিছু করতে হয়, তা পশ্চিমবঙ্গ সরকারকে সঙ্গে নিয়েই করতে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় তিস্তা চুক্তি না হওয়াকে দুঃখজনক বলা এবং ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তিতে জ্যোতি বসুর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করা কোনো গুরুত্বপূর্ণ অর্থ বহন করে কি না, এমন প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, জ্যোতি বাবু একটি বড় কাজ করেছিলেন।’বিএনপির নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক প্রসঙ্গে মনমোহন বলেন, ‘বাংলাদেশের প্রতিটি পক্ষের সঙ্গে আমরা সম্পর্কের উন্নতির চেষ্টা করছি। এ জন্যই আমি খালেদা জিয়া ও জেনারেল এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। উভয় নেতার সঙ্গে বৈঠক করে আমার মনে হয়েছে, তাঁরা আমাদের সঙ্গে কাজ করতে চান।’