বিধান অনুযায়ী সংসদের পিটিশন কমিটির মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়ায় সাধারণ মানুষ অংশ নিতে পারে। জনগুরুত্বপূর্ণ সমস্যার প্রচলিত আইনে প্রতিকার পাওয়া সম্ভব না হলে পিটিশন কমিটির মাধ্যমে তার সমাধান সম্ভব। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংসদ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পিটিশন কমিটি শুরু থেকেই অকার্যকর থেকে গেছে। যে কারণে দেশের মানুষ এ কমিটির কাছ থেকে সুফল পায়নি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি বিশেষজ্ঞ নিজামউদ্দিন আহমদ বলেন, পিটিশন কমিটি কার্যকর থাকলে আইন প্রণয়নের ক্ষেত্রে সাধারণ মানুষ সম্পৃক্ত হতে পারত। সাংসদ নন অথচ দেশের আইন, অর্থনীতি, সমাজনীতি সম্পর্কে বোঝেন এমন মানুষের কাছ থেকে ভালো পরামর্শ পাওয়া যেত।সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে কোনো সাংসদ নিজ দলের বিপক্ষে অবস্থান নিতে পারেন না। একাধিক জ্যেষ্ঠ সাংসদ ও বিশেষজ্ঞরা বলছেন, পিটিশন কমিটি ব্যবহার করে নিজ দলের বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ সাংসদের আছে। জনস্বার্থবিরোধী আইন প্রণয়নের জন্য সংসদে কোনো বিল আনা হলে জনসাধারণ তাতে আপত্তি জানাতে পারে পিটিশন কমিটির মাধ্যমে।কমিটি গঠন: বিধি অনুযায়ী স্পিকারকে সভাপতি করে সর্বোচ্চ ১০ সদস্য নিয়ে পিটিশন কমিটি গঠিত হয়। কোনো মন্ত্রী এ কমিটির সদস্য হতে পারেন না। সংসদে উত্থাপিত বিল অথবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান চেয়ে দেশের যেকোনো নাগরিক পিটিশন কমিটির কাছে আবেদন করতে পারেন। আবেদনে একজন সাংসদের প্রতিস্বাক্ষর থাকতে হয়। এরপর প্রতিস্বাক্ষরকারী সাংসদ পিটিশনটি সংসদ সচিবের কাছে পেশ করবেন। সচিব তা সংসদের গোচরে আনবেন।বিধিসম্মতভাবে কমিটিতে জমা পড়া আবেদন স্পিকার সবিস্তারে অথবা সংক্ষিপ্ত আকারে প্রচার করবেন। কমিটি আবেদনের বিষয়বস্তু সম্পর্কে সংসদকে অবহিত করবে এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংসদকে পরামর্শ দেবে।বিধি অনুযায়ী আদালত বা ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়, সিদ্ধান্ত প্রস্তাবের মাধ্যমে উত্থাপন করা যায় এমন বিষয় এবং আইন বা বিধি দ্বারা সমাধানযোগ্য বিষয়ে পিটিশন কমিটির কাছে আবেদন জানানোর সুযোগ নেই। অন্যদিকে কোনো সাংসদ নিজের পক্ষ থেকে পিটিশন দাখিল করতে পারবেন না।পিটিশন কমিটির ধারণা এসেছে ব্রিটেনের আইনসভা থেকে। সে দেশের আইনসভায় প্রথাগতভাবে কোনো সমস্যার সমাধান চেয়ে আবেদন বা পিটিশন জমা দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে সে দেশে কোনো কমিটি নেই। এর বাইরে ভারত, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, স্কটল্যান্ডসহ আরও অনেক দেশের আইনসভাতেই পিটিশন কমিটি রয়েছে।নবম সংসদে স্পিকারের সভাপতিত্বে ১০ সদস্যের কমিটি গঠিত হয় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি। কিন্তু আজ পর্যন্ত কমিটির একটি বৈঠকও হয়নি। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, স্পিকার অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে পিটিশন কমিটির জন্য সময় বরাদ্দ করতে পারছেন না। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে স্পিকার কোনো মন্তব্য করেননি। সংসদের হুইপ এবং কমিটির জ্যেষ্ঠ সদস্য মুজিবুল হক বলেন, ‘এ বিষয়ে আমাদের কথা বলা নিষেধ। আপনারা স্পিকারের সঙ্গে কথা বলতে পারেন। তিনিই আমাদের প্রধান।’প্রতিকার পাওয়ার উপায়: পিটিশন কমিটির মাধ্যমে তিন ভাবে প্রতিকার পাওয়ার উপায় আছে। সংসদের কার্যপ্রণালি বিধির ৭৬ ধারা অনুযায়ী সংসদে উত্থাপিত বিলের ব্যাপারে কোনো আপত্তি থাকলে পিটিশন কমিটির কাছে যাওয়ার সুযোগ আছে। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সংসদে নিষ্পত্তি হচ্ছে না এমন বিষয়েও পিটিশন কমিটির কাছে যেতে পারেন দেশের যেকোনো নাগরিক। জনগুরুত্বপূর্ণ বিষয় অথচ সংসদে আলোচনা হয় না এমন বিষয়েও সমাধান চেয়ে পিটিশন কমিটির কাছে যাওয়ার সুযোগ রয়েছে।সংসদের গুরুত্বপূর্ণ এই কমিটিটি বরাবরই অবহেলিত। স্বাধীনতার পর থেকে নয়টি সংসদে এ পর্যন্ত এক হাজার ৩৯টি বিল পাস হয়েছে। কিন্তু এসব বিলের ওপর একটি আবেদনও কেউ জমা দেয়নি।অন্যদিকে কমিটির মাধ্যমে জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিকার পাওয়ার নজির রয়েছে মাত্র একটি। ২০০৫ সালে এই কমিটির সুপারিশের ভিত্তিতে সাতক্ষীরা টিভি সম্প্রচার কেন্দ্রের মাঝখানের রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। বিকল্প চলাচলের ব্যবস্থা না করেই রাস্তাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আবেদনটি দাখিল করেছিলেন সাতক্ষীরা বারের সভাপতি আবুল হোসেন। আর তাতে প্রতিস্বাক্ষর করেছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ হাবিবুল ইসলাম।চতুর্থ সংসদ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় এবং সংসদের অনিষ্পন্ন কাজ সম্পর্কিত বিষয়ে পিটিশন জমা দেওয়ার বিধান ছিল না। পঞ্চম সংসদ থেকে এ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে ১৪৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্য থেকে গৃহীত হয়েছে ২০টি। গৃহীত আবেদনের মধ্যে পঞ্চম সংসদে ১৭টি, সপ্তম সংসদে দুটি এবং অষ্টম সংসদের একটি। বর্তমান সংসদে ১২টি আবেদন ইতিমধ্যে জমা পড়েছে। কিন্তু এসব আবেদন নিয়ে একটি বৈঠকও হয়নি।এ বিষয়ে সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী বলেন, আমাদের দেশে সাধারণ নাগরিকের সমস্যার কথা সংসদে তুলে ধরার সুযোগ কম। পিটিশন কমিটি কার্যকর থাকলে জনগণ সরাসরি স্পিকারের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারতেন। বিরোধী দলের জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমেদ বলেন, পিটিশন কমিটির গুরুত্ব অনেক। কিন্তু এটি একটি অকার্যকর কাগুজে কমিটি। এখন যা আছে সব সময়ে তাই ছিল। এই কমিটিকে নিষ্ক্রিয় রেখে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে। তিনি বলেন, কমিটিকে কার্যকর করতে হলে স্পিকারকে আন্তরিক হতে হবে। দেশের মানুষকে জানাতে হবে তাদের অধিকার রক্ষায় একটি কমিটি আছে। নিজামউদ্দিন আহমদ বলেন, স্পিকারকে দায়িত্ব নিয়ে এ বিষয়ে দেশের জনগণ এবং সাংসদদের সচেতন করতে হবে।