শুরু হচ্ছে ইন্টারনেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখব এবার জগৎটাকে’ স্লোগান নিয়ে দেশের ৬৪ জেলার ১০১টি স্কুল ও কলেজে ইন্টারনেট উৎসব শুরু হতে যাচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বাড়ানো ও এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া এ উৎসব আয়োজনের লক্ষ্য। ইন্টারনেট ব্যবহারের প্রতিযোগিতাও থাকছে এ উৎসবে।ইন্টারনেট উৎসব ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রথম আলো যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে। সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও অপেরা মিনি। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিসিসির নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, যে কাজটি করার কথা ছিল সরকারের, সে কাজটি করছে প্রথম আলো ও গ্রামীণফোন। আইসিটির উন্নয়নে এবং দেশব্যাপী ইন্টারনেটের ব্যবহার বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রয়োজন আছে বলে তিনি মন্তব্য করেন।পাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে এ ক্ষেত্রে অগ্রগতি কম বলে উল্লেখ করেন গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবীর। তিনি বলেন, দেশে মোবাইল ফোনের নেটওয়ার্কের আওতায় আছে ৯২ শতাংশ মানুষ। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ শতাংশের কম। এ উৎসবে ছোট ও বড় পর্দার, অর্থাৎ মোবাইল ফোনে কম্পিউটারভিত্তিক ইন্টারনেটের অভিজ্ঞতা দেওয়া হবে শিক্ষার্থীদের।সংবাদ সম্মেলনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা আশা করছি, এই উৎসবের প্রতিটি জায়গায় দুই হাজারের বেশি ছেলেমেয়ে অংশ নেবে। এতে করে এ উৎসবের মাধ্যমে দুই লাখ শিক্ষার্থী ইন্টারনেট-জগৎ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এ উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মের মেধার বিকাশ ঘটানো যাবে।’গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের প্রথম আয়োজনটি হবে ২৭ সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে। এরপর প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানের স্কুল-কলেজে উৎসব চলতে থাকবে। মাস খানেক আগে ঢাকা জেলার সাভার উপজেলার একটি স্কুলে এ উৎসবের ‘পাইলট’ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে বলে সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে এই আয়োজনের একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়। ইন্টারনেট উৎসবের বিভিন্ন দিক সংবাদ সম্মেলনে তুলে ধরেন গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমীদ আজিজুল হক। তিনি বলেন, ‘সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই উৎসবে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা পাবে। এই প্রজন্ম ইন্টারনেট-সচেতনতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারবে।’ তিনি জানান, পরিসংখ্যানে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারের হার বাড়লে দেশে জিডিপির হারও বাড়ে।ইন্টারনেট উৎসবে ইন্টারনেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাও থাকছে। ‘আই জিনিয়াস’ নামের এ প্রতিযোগিতায় গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগসহ মোবাইল ফোন ব্যবহার করে অনুষ্ঠানস্থলের মঞ্চে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি জায়গায় একজন করে মোট ১০১ একজন ‘আই জিনিয়াস’ নির্বাচন করা হবে। তারা পাবে পুরস্কার।প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সারা দেশে উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন।