শুরু হচ্ছে নতুন মুখ খোঁজার কাজ
শিল্পীসংকট কাটিয়ে ওঠার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির সহায়তা নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) আয়োজন করতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান বললেন, ‘আশির দশকে এফডিসি নতুন মুখের কার্যক্রম শুরু করে। ওই আয়োজন থেকে আমরা পেয়েছিলাম মান্না, দিতি, সোহেল চৌধুরী, আমিন খান ও অমিত হাসানকে। কিন্তু এরপর আর ভালোভাবে এ উদ্যোগ নেওয়া হয়নি। এই কার্যক্রমের বাইরে কয়েকজন এসেছেন সম্পূর্ণ ব্যক্তিগত চেষ্টায়। তাঁদের মধ্য থেকে হাতেগোনা কয়েকজন তারকা হয়েছেন। কিন্তু শিল্পীসংকট মেটেনি। তাই আবারও এই আয়োজন করা হচ্ছে।’এদিকে ২০১১ সালের শুরুতে চ্যানেল আইয়ের পৃষ্ঠপোষকতায় এফডিসি আরও একবার নতুন মুখের সন্ধানে কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়। কিন্তু তখন বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি এই কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নেয়। পরে চ্যানেল আই কর্তৃপক্ষও এই কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এর আগে এফডিসির সহায়তা নিয়ে মার্কেট এক্সেস ও এনটিভি আয়োজন করে ‘সুপার হিরো-হিরোইন প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতায় যাঁরা সেরা হয়েছিলেন, তাঁদের মধ্যে নিলয় মডেল হিসেবে কিছুটা প্রতিষ্ঠা পেয়েছেন। তবে অন্যরা কেউই টিভি কিংবা চলচ্চিত্রে সেভাবে আর কাজ করতে পারেননি।জানা গেছে, এবার আয়োজনের মূল লক্ষ্য সুন্দর মুখের ছেলেমেয়েদের চলচ্চিত্রে নিয়ে আসা এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম হামিদ বললেন, ‘নতুন মুখের সন্ধানে কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। আশা করছি, মাস দুয়েকের মধ্যেই আমরা এ কার্যক্রম শুরু করব। এফডিসি নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মধ্য দিয়ে নতুন ছেলেমেয়েদের চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিতে চায়।’