শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো
এটিএন বাংলায় শুরু হচ্ছে রিয়েলিটি শো প্রবাসী পল্লী ফরগটেন রুট। নতুন এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং স্পেনে বসবাসকারী প্রবাসী তরুণ-তরুণীরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেছেন। বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই করে ১০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে ‘প্রবাসী পল্লী ফরগটেন রুট’। প্রতিযোগিতার ঘোষণা এবং প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গত রোববার সন্ধ্যায় রাতে এটিএন বাংলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী, প্রবাসী পল্লীর চেয়ারম্যান মহিদুর রহমান, ডেল্টা বের চেয়ারম্যান ফখরুদ্দিন রাজি, পিলার প্রোডাকশনের চেয়ারম্যান দিলারা খান, ডেলটা বের উপব্যবস্থাপনা পরিচালক তানজিম আহমেদ, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খানসহ আরও অনেকে। এখানে জানানো হয়, ১০ জন প্রতিযোগী সিলেটের লালাখাল গ্রামে ১৬ দিনের চ্যালেঞ্জে অংশ নেবেন। এখানে তাঁদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রতিটি পর্বে বিচারক হিসেবে থাকবেন বিষয়ভিত্তিক গ্রামীণ জনগোষ্ঠী থেকে নির্বাচিত ব্যক্তিরা।