শুরু হচ্ছে ‘শুয়াচান পাখি’র নির্মাণকাজ
দীর্ঘ এক বছর বন্ধ ছিল ‘শুয়াচান পাখি’ চলচ্চিত্রটির নির্মাণকাজ। জানা গেছে, শুয়াচান পাখির অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন, নওশীন নাহরীন ও শশীকে নিয়ে আবারও শুরু হচ্ছে চলচ্চিত্রটির থেমে থাকা শুটিং। কাল বুধবার থেকে ঢাকার অদূরে পুবাইলে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেবেন তাঁরা। ‘শুয়াচান পাখি’ পরিচালনা করছেন শফিকুল ইসলাম ভৈরবী।আনিসুর রহমান মিলন বলেছেন, ‘২০০৯ সালে শুয়াচান পাখি চলচ্চিত্রটির শুটিং শুরু করেছিলাম। এরপর নানা কারণে কয়েক দফা এর শুটিং বন্ধ ছিল। সর্বশেষ ২০১১ সালে শুরুর দিকেও চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছিলাম।’শুটিং শুরু প্রসঙ্গে মিলন বলেন, ‘আবারও শুয়াচান পাখির শুটিং শুরু হচ্ছে জেনে খুব ভালো লাগছে। শুনেছি, পুবাইলে গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। একটানা শুটিংয়ের মধ্য দিয়েই এর কাজ শেষ হবে।’মিলন আরও বলেন, ‘চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু গল্পটাই প্রধান। শুয়াচান পাখি চলচ্চিত্রের গল্পের গভীরতা অনেক বেশি। এতদিন পর্যন্ত নাটকে অভিনয় করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে মনে হয়েছে শুয়াচান পাখি চলচ্চিত্রের গল্প সবাইকে আকৃষ্ট করবে। তা ছাড়া এর নির্মাণেও যথেষ্ট যত্নের ছোঁয়া আছে।’শশী বলেন, ‘চলচ্চিত্রটিতে আমরা যারা অভিনয় করেছি, তারা সবাই নাটকের মানুষ। কয়েক দফা শুটিং বন্ধ থাকার কারণে আমরা সবাই আবার নাটকের অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাই সবার একসঙ্গে শিডিউল মেলানোটা কষ্টসাধ্য হয়ে যায়। অবশেষে শুটিং শুরু হচ্ছে ভেবে ভালো লাগছে।’