শুরু হচ্ছে ‘শোভনের স্বাধীনতা’র শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে নতুন চলচ্চিত্র শোভনের স্বাধীনতার শুটিং। রশীদ হায়দারের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন মানিক মানবিক। তথ্য মন্ত্রণালয়ের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। ১৯৭১ সালে পাকিস্তান সরকার ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানায়। এর মধ্য দিয়ে তারা বিশ্বের কাছে তুলে ধরতে চায়, এখানে সবকিছু স্বাভাবিক আছে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় একদল কিশোর। তাদের সহযোগিতা করতে এগিয়ে আসেন মুক্তিযোদ্ধারা।মানিক মানবিক জানান, আজ থেকে ঢাকার বেঙ্গল স্টুডিওতে ছবিটির শুটিং হবে। কিশোদের ভূমিকায় অংশ নিচ্ছে নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৩ জন ছাত্র। শোভনের চরিত্রে অভিনয় করছে রাইয়ান। এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে তারা। মানিক মানবিক বললেন, শোভনের স্বাধীনতা ছবিটি একই সঙ্গে কিশোর এবং বড়দের গল্প নিয়ে।ছবিতে অভিনয় করছেন ফেরদৌস। জানালেন, এর আগে মুক্তিযুদ্ধের গল্পের ছবিতে তিনি অভিনয় করেছেন ঠিকই, কিন্তু এবারের চরিত্রটি মুক্তিযোদ্ধার। বললেন, ‘ছবির গল্পে কিশোরদের অংশগ্রহণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাদের মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া, তাদের সঙ্গে নিয়ে যুদ্ধ করা—পুরো ব্যাপার আমার কাছে দারুণ মনে হচ্ছে।’ছবিতে আরও অভিনয় করছেন নিপুণ, ওয়াহিদা মল্লিক জলি, খায়রুল আলম সবুজ, আতাউর রহমান, চিত্রলেখা গুহ প্রমুখ। ফেরদৌস জানান, গত বছর তিনি ঢাকায় অভিনয় করেছেন নিজের প্রযোজনায় এক কাপ চা, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের অন্তর্ধান, রাফায়েলের ৬৯ পাতলাখান লেন, বিপ্লব হায়দারের তখন বসন্ত, বাসু চ্যাটার্জির হঠাৎ সেদিন এবং শাহনেওয়াজ কাকলীর জলরং ছবিতে। এ বছর তাঁর প্রথম ছবি শোভনের স্বাধীনতা।