শুরু হতে না-হতেই জামায়াতের প্রতিবাদ মিছিল শেষ
জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতাকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রাজধানীর দুটি এলাকায় ঝটিকা মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। দুই জায়গাতেই মিছিল শুরু হওয়ার অল্পক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। এরপর মিছিলকারীরা পথচারীদের সঙ্গে মিশে এলাকা ত্যাগ করেন।জামায়াতের নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার বিকেলে শান্তিনগর ও বিজয়নগর থেকে মিছিল দুটি বের করেন। তাঁরা জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।দুই জায়গাতেই মিছিলকারী নেতা-কর্মীরা প্রথমে পথচারীর বেশে চলাচল করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে শান্তিনগর মোড় থেকে কয়েকজন নেতা-কর্মী প্রথমে ‘নারায়ে তকবির’ বলে স্লোগান দেন। মুহূর্তেই চারপাশ থেকে শ খানেক লোক দৌড়ে এসে মিছিল শুরু করে দেয়। তারা নিজামী, সাঈদী ও মুজাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে নানা স্লোগান দেন।মিছিলটি মালিবাগ মোড়ে পৌঁছার পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। একপর্যায়ে দুজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেন। সঙ্গে সঙ্গে জামায়াতের নেতা-কর্মীরা পথচারীদের সঙ্গে মিশে এলাকা ছেড়ে চলে যান। এরপর পুলিশের আরও কিছু সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৌচাক মার্কেটের সামনে থেকে জামায়াতের কর্মী সন্দেহে দুই-তিনজনকে আটক করেন।প্রায় একই সময়ে বিজয়নগর মোড় থেকে আনুমানিক ৩০-৪০ জন নেতা-কর্মী ব্যানার নিয়ে তিন নেতার মুক্তির দাবিতে মিছিল বের করেন। উপস্থিত পুলিশ সঙ্গে সঙ্গে ব্যানার কেড়ে নেয় এবং নেতা-কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ করে। এরপর জামায়াতের নেতা-কর্মীরা আশপাশের গলি দিয়ে এলাকা ছেড়ে চলে যান।