শুরু হলো কামরুল উৎসব
নতুন বধূ যাচ্ছে গরুর গাড়িতে চড়ে। কলসি কাঁখে নিয়ে ঘাট থেকে পানি সংগ্রহের জন্য দাঁড়িয়ে আছে গাঁয়ের বধূরা। ঘাড়ে বোঝা নিয়ে চলছে দুরন্ত কৃষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কবিতা উৎসবের পাশে উৎসুক মানুষ দেখছে এসব চিত্রকর্ম।গতকাল বৃহস্পতিবার দেশের বরেণ্য শিল্পী কামরুল হাসানের চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে এই বিশেষ চিত্র প্রদর্শনী। শিল্পীর বাছাই করা বেশ কিছু চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। শিল্পীর আঁকা শেষ রেখাচিত্র ও তাঁর নিজের হাতে লেখা প্রদর্শিত হচ্ছে এখানে।গতকাল শিল্পীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় জাতীয় কবিতা উৎসব প্রাঙ্গণে শিল্পীর শিল্পকর্মের প্রতিলিপি নিয়ে ‘আমারই চেতনার রঙে’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, জাতীয় কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি আসলাম সানী, আহমদ রফিক এবং শিল্পীকন্যা ও শতাব্দীর কামরুল উদ্যাপন পরিষদের সম্পাদক সুমনা হাসান। এই প্রদর্শনী ক্রমান্বয়ে ঢাকার বিভিন্ন স্থানে প্রদর্শনের পর দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।প্রদর্শনী শুরুর আগে সকাল নয়টায় ‘শতাব্দীর কামরুল উদ্যাপন পরিষদ’ শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।আজ সকাল নয়টায় শিশু একাডেমী প্রাঙ্গণে ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বয়সসীমা অষ্টম শ্রেণী। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা অংশ নিতে পারবে এতে।এ ছাড়া ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিল্পীর দুই শতাধিক শিল্পকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে আরও থাকবে শিল্পীর খেরোখাতাসহ অন্যান্য উল্লেখযোগ্য কাজের নমুনা।