নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রী আফসানা জাকির, সুমি আক্তার, স্মৃতি আক্তার ও ফাইজা হক এখন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেনি। কিন্তু উৎসবে এসে ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানল। বলল, ‘ঢাকায় গিয়ে দ্রুতই ইন্টারনেটের ব্যবহার শিখে নেব।’উৎসবের এক কোণে দাঁড়িয়ে ছিলেন অভিভাবক জুলেখা সুলতানা। বললেন, ‘সবচেয়ে বড় কথা হলো, কম্পিউটার আর ইন্টারনেট সম্পর্কে ছেলেমেয়েদের আগ্রহটা বেড়ে গেল।’ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তির প্রতি এমন আগ্রহের কারণেই গতকাল মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের ভিড় বাড়ছিল ইছামতী নদীর তীরে ঢাকা জেলার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে। প্রায় ১০৭ বছর বয়সী এই স্কুল প্রাঙ্গণ থেকেই শুরু হলো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। ‘দেখবো এবার জগৎটাকে’ শ্লোগান নিয়ে ৩ নভেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলার ১০১টি স্কুল ও কলেজে চলবে এই আয়োজন। জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ইন্টারনেট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ছড়া কেটে কেটে প্রযুক্তির নানা সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পারবে এ দেশকে এগিয়ে নিতে। ইন্টারনেট প্রযুক্তি দিয়ে শুরু করব, একদিন আমরা প্রোগ্রামিংকেও আয়ত্তে আনব। একদিন বাংলাদেশেই গড়ে উঠবে বিল গেটসের মতো ব্যক্তিত্ব।’মুঠোফোনের পর্দা বড় হচ্ছে। তাই এটি দিয়ে ইন্টারনেট ব্যবহার সহজ ও জনপ্রিয় হচ্ছে বলে উল্লেখ করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের খরচ কমানোর আহ্বান জানিয়ে বলেন, ‘মোবাইল ফোনে স্কুলশিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ দিলে তা ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে প্রতিটি প্রযুক্তিরই ভালো দিকের সঙ্গে কিছু খারাপ দিক থাকে। ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারের ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।’গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক মামুন হাশমী বলেন, নতুন প্রজন্ম ইন্টারনেট সম্পর্কে সচেতন হলে, এর ব্যবহার শিখলে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা যাবে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘যত দ্রুত কম্পিউটার প্রযুক্তি আমরা আয়ত্ত করব, তত দ্রুত দেশের উন্নতি হবে।’ এই উৎসবের মাধ্যমে সারা দেশে একযোগে কাজ করে ইন্টারনেট সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। শুধু ১০১ জন ইন্টারনেট জিনিয়াস নয়, একদিন কোটি ইন্টারনেট জিনিয়াস বাংলাদেশে তৈরি হবে বলে তিনি আশা করেন।বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান ইন্টারনেটসহ মোবাইল ফোনকে দিনবদলের হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহীম খান, দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত বক্তব্য দেন।অনুষ্ঠানের শুরুতে ইন্টারনেটের ইতিবাচক ও কার্যকর ব্যবহারের শপথবাক্য পাঠ করান প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন গ্রামীণফোনের স্পেশালিস্ট ম্যানেজার খায়রুল বাশার। সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা।ইন্টারনেট উৎসবে মূল আকর্ষণ ছিল আই জিনিয়াস নামের কুইজ প্রতিযোগিতা। এতে প্রতিযোগীদের ইন্টারনেটসহ গ্রামীণফোনের মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইট ঘেঁটেঘুঁটে কুইজের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। নিবন্ধনের মাধ্যমে এতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে। ইন্টারনেট ব্যবহার করে কীভাবে প্রশ্নের উত্তর খুঁজতে হয়, তার একটা সংক্ষিপ্ত প্রশিক্ষণও দেওয়া হয় প্রতিযোগীদের। এরপর প্রতি পর্বে ১২ জন করে প্রতিযোগী অংশ নিতে থাকে। গতকালের প্রতিযোগিতায় আই জিনিয়াস হিসেবে বিজয়ী হয়েছে নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. ইয়াসির বিন ইউনুস। ইন্টারনেট উৎসবের প্রতিটি আয়োজন থেকে একজন করে মোট ১০১ জন আই জিনিয়াস নির্বাচিত হবে। তাদের নিয়ে হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।অতিথি ও শিক্ষার্থীদের জন্য আরও কুইজ প্রতিযোগিতা ছিল। আই জিনিয়াস পর্ব পরিচালনা করেন গ্রামীণফোনের উপমহাব্যবস্থাপক মুনতাসীর হোসেন। বিচারক ছিলেন বাংলাদেশ কুইজ ফেডারেশনের রিফাত হায়দার। ইন্টারনেট উৎসবের প্রথম আয়োজনে আশপাশের বেশ কটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হলো নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, দোহার নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ গার্লস পাইলট হাইস্কুল, হরেকৃষ্ণ কুসুমকলি হাইস্কুল, কে পি হাইস্কুল, বক্সনগর হাইস্কুল, বাহ্রা ওয়াসেক হাইস্কুল, বান্দুরা হলিক্রস স্কুল, হাসনাবাদ নিউ ফ্রান্সিস গার্লস হাইস্কুল, বাগমারা হাইস্কুল ও শোল্লা হাইস্কুল। দুপুর পর্যন্ত অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবে গ্রামীণফোন ও প্রথম আলোর স্টল ছিল। এসব স্টলে প্রতিষ্ঠান দুটির ইন্টারনেটভিত্তিক নানা কার্যক্রম ও উদ্যোগ প্রদর্শন করা হয়।দেশজুড়ে এই ইন্টারনেট উৎসব যৌথভাবে আয়োজন করছে গ্রামীণফোন ও প্রথম আলো। সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। কাল ২৯ সেপ্টেম্বর ইন্টারনেট উৎসব হবে কক্সবাজার সরকারি মহিলা কলেজ, টাঙ্গাইলের মাহমুদুল হাসান আদর্শ কলেজ ও বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে।