শুরু হলো জাতীয় শিশু নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রাজার মনে হঠাৎ করে উচ্চাঙ্গসংগীতের প্রবল অনুরাগের উদয় হলো। এর আতিশয্যে তিনি হুকুম জারি করলেন, উচ্চাঙ্গসংগীত শুনিয়ে তাঁকে মুগ্ধ করতে হবে। গানে মন ভরাতে পারলে রাজার সঙ্গে ভোজের নিমন্ত্রণ, না পারলে তাকেই খাদ্য হিসেবে পাঠানো হবে সিংহের খাঁচায়। রাজার এহেন ঘোষণায় রাজ্যজুড়ে এক বিষম অবস্থা। এহেন শর্ত মেনে কেউ রাজাকে গান শোনাতে রাজি নয়। এদিকে রাজাও চাপ দিয়ে যাচ্ছেন গায়ক ধরে আনতে। অগত্যা অনেক বলে-কয়ে রাজি করানো হলো এক কৃষককে। কিন্তু ফল যা হওয়ার তাই। রাজার মোটেই পছন্দ হলো না তার বাজখাঁই গলার সুর। অতএব, বেচারাকে পাঠানো হলো সিংহের খাঁচায়। সবাই উদ্গ্রীব কী হয় দেখতে। লোকটি কিন্তু মোটেই ভয় পেল না। সিংহ তার কাছে আসতেই কী যেন সে বলল সিংহের কানে কানে। অমনি ঘটল অবাক কাণ্ড। সিংহ লোকটিকে আক্রমণ না করে পালিয়ে গেল খাঁচার এক কোণে। সেই দৃশ্য দেখে মিলনায়তন মুখর হলো তুমুল করতালিতে। গতকাল সোমবার শিশু একাডেমী মিলনায়তনে উচ্চাঙ্গসংগীত নামের এই নাটক মঞ্চস্থ করে রংপুর শিশু নাট্যকেন্দ্র।বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে তৃণমূল পর্যায়ে শিশুদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসব শুরু হয়েছে গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, শিশু নাট্যচর্চায় শিশুদের উৎসাহদান, শিশুতোষ নাটক রচনা, নির্দেশনায় সহায়তা করা, শিশু নাট্যদল গঠনে উৎসাহিত করা এবং তাদের নির্দেশিত নাটক টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা নেওয়ার ভাবনা থেকেই বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে গত ৭ জুলাই থেকে দেশব্যাপী শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসব শুরু হয়। বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ১৪টি দলের অংশগ্রহণে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় শিশু পর্যায়ে নাট্য প্রতিযোগিতা ও উৎসব। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।