গতকাল রোববার পয়লা জানুয়ারি ছৃিল উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর ৯৩তম জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথভাবে আয়োজন করে ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী মেলা’। এতে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে ‘বুলবুল চৌধুরী স্মৃতিপদক’ প্রদান করা হয়। দিনব্যাপী এ আয়োজনের শুরু হয় বিকেলে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ‘নৃত্যাঙ্গনে নৃত্যাচার্য বুলবুল চৌধুরী’ শীর্ষক সেমিনার দিয়ে। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নৃত্যব্যক্তিত্ব লায়লা হাসান। আলোচনায় অংশ নেন সংস্কৃতিব্যক্তিত্ব কামাল লোহানী, গোলাম মোস্তফা খান, নৃত্যশিল্পী দীপা খন্দকারসহ আরও অনেকে। এতে উঠে আসে উপমহাদেশের নৃত্যচর্চায় বুলবুল চৌধুরীর ভূমিকা, সংগ্রাম ও সাফল্যের নানা দিক। আসে তাঁর স্মৃতি ও নৃত্যের ধারা সংরক্ষণের বিষয়গুলোও। সেমিনার শেষে লিয়াকত আলী কামাল লোহানীর হাতে ‘বুলবুল চৌধুরী স্মৃতিপদক’ তুলে দেন। এ সময় তাঁকে ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।সন্ধ্যায় একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে আলোক প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় মেলার মূল অনুষ্ঠান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। লায়লা হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন দীপা খন্দকার। নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নটরাজ, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস, বেণুকা, সুকন্যা, দিব্য, পলভী, নৃত্যালোক, স্পন্দনের শিল্পীরা। এ ছাড়া ছিল হিজড়া শিল্পীগোষ্ঠীর পরিবেশনাও।