সন্ধ্যা হয় হয়। চারিদিকে শান্ত নীরবতা। সবুজ পাহাড়ের ওপর হেলান দিয়ে থাকা মেঘরাজি কেড়ে নিচ্ছে শিল্পীদের মন। একটু পরপরই পাহাড়ের রং বদলে যাচ্ছে। সূর্যের মৃদু আলো কখনো পাহাড় আর মেঘের আলিঙ্গনকে রাঙিয়ে দিচ্ছে নিজের ইচ্ছেমতো। ভুটানের পারো শহরের গাঙতি প্যালেসের সামনে এখন বাংলাদেশের ১০ জন শিল্পী। ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এখানে এসেছেন তাঁরা। প্রকৃতির রঙে যেমন তাঁরা রাঙিয়ে নিচ্ছেন মন, তেমনি প্রকৃতির কাছ থেকে উ ৎসারিত ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্যও তৈরি হচ্ছেন।সূর্য হারিয়ে যাওয়ার ঠিক আগে শিল্পী কাইয়ুম চৌধুরী সবুজ লনে রাখা ইজেলের সামনে এলেন। সাদা ক্যানভাসে ফুটিয়ে তুললেন সামনের পাহাড়। এরপর একই ক্যানভাসে আশপাশের প্রকৃতির দৃশ্যেরই শিল্পরূপ দিলেন শিল্পীরা একে একে। তারপর তাতে স্বাক্ষরও করলেন। সমরজি ৎ রায় চৌধুরী, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, মাহমুদুল হক, মনসুর উল করিম, রণজি ৎ দাস, শিশির ভট্টাচার্য্য, তরুণ ঘোষ, গৌতম চক্রবর্তী, নগরবাসী বর্মণ ক্যানভাসে আঁকা শেষ করলেন। এরপর ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদও স্বাক্ষর করলেন ক্যানভাসে। ততক্ষণে সাদা ক্যানভাসটিতে কালো রেখায় ফুটে উঠেছে পারোর প্রকৃতি। এই ড্রয়িংয়ের মাধ্যমেই ঘোষিত হলো ভুটান আর্ট ক্যাম্পের উদ্বোধন।২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শিল্পীরা থাকবেন ভুটানে। ঘুরবেন কয়েকটি জায়গায়। তারপর থিতু হবেন থিম্পুতে। সেখানেই তাঁদের ক্যানভাসগুলো ভরে উঠবে নতুন ছবিতে।এই আয়োজন গ্যালারি কায়ার। নবীন-প্রবীণ শিল্পীদের নিয়ে এর আগেও বাংলাদেশের যমুনা রিসোর্টে দুবার ক্যাম্পের আয়োজন করেছিল গ্যালারি কায়া। এবার তৃতীয় আয়োজনটি হচ্ছে ভুটানে।ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বললেন, ‘দেশের প্রথিতযশা শিল্পীরা এখানে এসে আঁকছেন, তাতে আমি গর্ব বোধ করছি। তাঁদের শিল্পকর্মের জন্য প্রকৃতির এই লীলাভূমি বেছে নেওয়াটা যথার্থ হয়েছে।’গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী বললেন, ‘ঢাকার আঁটসাঁট শহুরে জীবনের বাইরে হিমালয়ের পাদদেশে শিল্পীদের নিয়ে আসার একটা কারণ হলো, এখানে তাঁরা সৃজনশীল আড্ডা দেবেন, গল্প করবেন, প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। তাঁদের সেই সৃজনশীল আড্ডা থেকেই অনুপ্রেরণা নিয়ে আঁকবেন নতুন কিছু। এখানে প্রবীণ থেকে নবীন শিল্পীরা আছেন। এটা করা হয়েছে এই ভেবে যে তরুণেরাই একদিন প্রবীণদের রিলে রেসের কাঠিটি বহন করবেন।’১০ জন শিল্পীই প্রকৃতির মধ্যে এসে ভীষণ আলোড়িত—সে কথাও তাঁরা জানাতে ভোলেননি। সবুজ পাহাড়, ঘন আয়েশি মেঘ, শান্ত-নীরব পরিবেশ যে তাঁদের দিয়ে ভালো কিছু শিল্পকর্ম করিয়ে নেবে, সেটা তাঁদের দেহভাষাই বলে দিচ্ছিল। এখন কেবল রং-তুলি হাতে নিয়ে ক্যানভাসের সামনে দাঁড়ানোর অপেক্ষা।