শুরু হলো হেমন্তের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবারের মতো হেমন্তের বইমেলা শুরু হলো শাহবাগের সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে। গতকাল মঙ্গলবার বিকেলে পাঠক, ক্রেতা ও প্রকাশকদের সমাবেশে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শাহবাগ শাখা ও শাহবাগ বইপাড়া সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের মেলায় ২১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, ‘কেন বই পড়তে হবে? কারণ বই না পড়ে উপায় নেই। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, বই মানুষকে তার নিজের অধিকার সম্পর্কে সচেতন করে।’অনুষ্ঠানে মেলা কমিটির আহ্বায়ক মোতাহার হোসেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শাহবাগ শাখার আহ্বায়ক ফয়সল আরেফিন ও প্রকাশনা সংস্থা পললের প্রধান নির্বাহী খান মাহবুব বক্তব্য দেন। ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।