শুরু হলো ৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো ৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস কার্যক্রম। সুস্থ সংগীতের বিকাশে বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত সম্মাননার এই জমকালো আয়োজন। আজ বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিটিসেল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর তাসলিম আহমেদ এবং সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর প্রজেক্ট ও প্রোগ্রাম ডিরেক্টর শহীদুল আলম সাচ্চু। অষ্টমবারের মতো অনুষ্ঠিতব্য এই জমকালো আসর প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, বাংলার মানুষ গান খুব ভালোবাসে। আর সাত বছর ধরে সেই গানকে সঠিকভাবে এগিয়ে নিতে এই আয়োজনটি মূখ্য ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আপনাদের সবার সহযোগিতা নিয়ে বরাবরের মতো এবারও অতীতের সাতটি আয়োজনকে ছাপিয়ে যেতে চাই আমরা। চমকে দিতে চাই দেশ পেরিয়ে পুরো বিশ্বের সংগীতপ্রেমীদের। এবারের আয়োজন প্রসঙ্গে মেহবুব চৌধুরী বলেন, আমাদের শেষ আয়োজনটির মধ্য দিয়ে আমরা নিজেদের সংগীতকে তুলে ধরতে পেরেছি আন্তর্জাতিক অঙ্গনে। শুদ্ধ সংগীতের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে তাসলিম আহমেদ ও শহীদুল আলম সাচ্চু জানান, বরাবরের মতো এবারও আজীবন সম্মাননাসহ মোট ১৬টি বিভাগে সম্মাননা দেয়া হবে। অন্যদিকে এবারই প্রথম পপুলার অ্যাওয়ার্ডস বিভাগের জন্য যুক্ত করা হয়েছে দেশের পাঁচটি এফএম রেডিও স্টেশনকে। যাদের মাধ্যমে এ বিভাগের পাঁচটি অ্যাওয়ার্ডস নির্বাচনের জন্য প্রাথমিক তালিকা সংগ্রহ করা হবে। যে গানগুলো গত বছর শ্রোতাদের অনুরোধে সর্বাধিক প্রচারিত হয়েছে স্টেশনগুলোতে। সাচ্চু বলেন, পপুলার অ্যাওয়ার্ডস দেয়া হবে ব্যান্ড সংগীত, আধুনিক সংগীত, ছায়াছবির গান, ডেব্যু গান এবং ফিউশন ক্যাটাগরিতে। অন্যদিকে এই আয়োজনে ২০১১ সালে প্রকাশিত অ্যালবামের শিল্পী-সুরকার-গীতিকার-সাউন্ড ইঞ্জিনিয়ার-কাভার ডিজাইনাররা ক্রিটিকস্ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেতে আগামী কাল থেকে ১০ই এপ্রিলের মধ্যে চ্যানেল আই কার্যালয়ে অ্যালবাম জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে। আয়োজকরা আরও জানিয়েছেন, এবারের আয়োজনটি চ্যানেল আই এর পাশাপাশি একযোগে সম্প্রচার করবে ভারতের টেলিভিশন চ্যানেল রূপসী বাংলা । অন্যদিকে গতকালের এই সংবাদ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন, সুধীন দাস, আজাদ রহমান, শাহীন সামাদ, সুজেয় শ্যাম, বশীর আহমেদ, খুরশিদ আলম, শাম্মী আখতার, আকরামুল ইসলাম, ফরিদা পারভীন, ফেরদৌস আরা, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সাদিয়া আফরীন মল্লিক, রিজিয়া পারভীন, ইমন সাহা, হূদয় খানসহ সংগীতাঙ্গনের আরও অনেক গুণীজন। মৌসুমী বড়ুয়া এবং অপু মাহফুজের সঞ্চালনায় ভিন্ন মাত্রার এই সংবাদ সম্মেলনের যাত্রা শুরু হয় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে। আর শেষ হয় ‘বাঁধ ভেঙ্গে দাও মা’ গানটির মধ্য দিয়ে। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান দু’টিসহ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর শীর্ষ সংগীতটি সরাসরি পারফর্ম করেন বিউটি দাস, ইমরান, মনির এবং লুইপা।