রংপুর গণিত উৎসবে সুপ্রভা হক নিজের গান আর সুন্দর নাচ দিয়ে তাক লাগিয়েছে। পরে জানা গেল, সুপ্রভা শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, মেধার স্বাক্ষর রেখেছে গণিতেও। রংপুর উৎসবে প্রাইমারি ক্যাটাগরিতে ১০-এ ১০ পেয়ে চ্যাম্পিয়নও হয়েছে সে। এমনটাই হলো খুদে গণিতবিদের সাফল্যগাথা। যারা গণিতে ভালো, তারা অন্য সবকিছুতে ভালো। এমন সব সাফল্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে নবম গণিত অলিম্পিয়াডের প্রথম ও দ্বিতীয় উৎসব। এবারের উৎসবের শুরুটা হয়েছে বগুড়া থেকে। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত উৎসবে বগুড়া ছাড়া অংশ নিয়েছে সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, পাবনা জেলার ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৪১ জন শিক্ষার্থী। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি ছিল অভিভাবকদের উৎসাহ। ২১ ডিসেম্বর রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হয়েছে রংপুর গণিত উৎসব। এতে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। রংপুরে উৎসব প্রাঙ্গণের প্রবেশমুখ বিশেষভাবে সাজানো ছিল। শিক্ষার্থীদের উৎসব প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে বাজছিল বাদ্যবাজনা।গণিতের সব আয়োজনশুরুতেই উদ্বোধন পর্বের পর যখন চলছিল গণিত অলিম্পিয়াডের মূল পর্ব, গণিত প্রতিযোগিতার উৎসবস্থলে তখন অভিভাবকদের গণিত-আড্ডা! এবার শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকদের আড্ডার মূল বিষয় ছিল গণিত নিয়ে। কে কেমন গণিত পারে? কার প্রস্তুতি কেমন—এসবই ছিল আড্ডার মূল বিষয়!বগুড়ায় পরীক্ষা শেষে খাতা দেখার পাশাপাশি শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের শিল্পীরা গান গেয়ে শোনান এবং বন্ধুসভার সদস্যরা একটি নাটক মঞ্চস্থ করেন। মূল প্রতিযোগিতা শেষ হতেই শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নের ফুলঝুরি। গণিত ছাড়া নানা বিষয়ে প্রশ্ন শিক্ষার্থীদের। সৌরজগৎ ডিম্বাকার, গোলাকার নয় কেন’, ‘মাইনাসে মাইনাসে প্লাস হয় কেন’, ‘অন্ধকারে কিছু দেখতে পারি না কেন’, ‘সব ভাষায় স্বাক্ষর দেওয়ার ব্যবস্থা থাকলেও গাণিতিক ভাষায় নেই কেন’—শিক্ষার্থীদের এমন নানা প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান। এবারই প্রথম গণিত উৎসবে স্থানীয় একজন উদ্যোক্তাকে উপস্থাপন করা হয়। বগুড়ার উদ্যোক্তা সৈয়দ আহমেদ কিরণ মঞ্চে নিজের কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান গেয়ে শোনান বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন। রংপুরের বিশিষ্ট উদ্যোক্তা মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ ব্যক্ত করেন। ভালো কাজ করে দেশকে বদলানোর কথাও বলেন। বগুড়া উৎসবে উপস্থিত হতে না পেরে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল মুঠোফোনে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।শুধু গণিতের জন্যগণিত উৎসব ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। বগুড়ায় মোদাচ্ছির রহমান এসেছেন তাঁর দুই মেয়েকে নিয়ে। মেয়েদের ছোটবেলা থেকেই গণিতের প্রতি আগ্রহ। আর তাই নিজেই নিয়ে এসেছেন উৎসবে অংশ নিতে। দিনাজপুরে শিক্ষার্থীরা উৎসবে অংশ নেওয়ার আগেই অংশ নিয়েছে আরেক আয়োজনে। দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে প্রাথমিক গণিত উৎসবে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে বাছাইকৃত ১৬০ জন নিয়ে অনুষ্ঠিত হয় গণিত ক্যাম্প। গণিত ক্যাম্পের ১৬০ জন এবং জেলার বিরামপুর ও বিরল উপজেলার ৪০ জনসহ মোট ২০০ জন প্রতিযোগী অংশ নেয় রংপুর আঞ্চলিক প্রতিযোগিতায়। শিক্ষার্থী ও অভিভাবকেরা একসঙ্গে মোট ছয়টি মিনিবাসে করে এসে উৎসবে অংশ নেন। তবে নিরাশ হতে হয়নি তাদের, অনেক পুরস্কারও জিতে নিয়েছে তারা।আরও নানা আয়োজনরংপুরে প্রশ্নোত্তর পর্বের আগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধুসভার বন্ধু ও অগ্নিবীণা ললিতকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন গান ও নাচ। গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসানের প্রাণবন্ত উপস্থাপনায় এগিয়ে চলে অনুষ্ঠান। অনুষ্ঠানের এক ফাঁকে বিশেষভাবে শিক্ষার্থীদের দিয়ে তরঙ্গ তৈরি করা হয়। মাদক, মিথ্যা, মুখস্থ এ তিন ‘ম’কে না বলার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত দেশ গড়ার অঙ্গীকার করে শিক্ষার্থীরা। ছিল মুক্ত সফটওয়্যার আর মুক্তদর্শন ও ইন্টারনেটে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কথা। পাশাপাশি সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার কথাও বলা হয় উৎসবে। গণিত অলিম্পিয়াডের ১০ বছর উপলক্ষে বিশেষ ছবির প্রদর্শনীও স্থান পায় উৎসব প্রাঙ্গণে। এবারই প্রথম নতুনভাবে উৎসবে যুক্ত হয় রুবিক্স কিউব প্রতিযোগিতা। এতে আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেয়। রুবিক্স কিউব প্রতিযোগিতা নিয়েও ছিল খুদে গণিতবিদদের আগ্রহ। রংপুরে খুদে এক গণিতবিদ আলভি নানা চেষ্টায় তিন বারে তিন দিক মিলিয়ে বিজয়ীর হাসি হাসে! সে পুরো অংশ মেলাতে নিজেও একটি রুবিক্স কিউব কিনে নেয় এবং পরবর্তী সময়ে প্রতিযোগিতায় জেতার কথা জানায়। উৎসবে গণিতের গান ‘আয় আয় আয় কে স্বপ্ন দেখবি আয়, আয় আয় আয় গণিতের আঙ্গিনায় বাজে আর সবাই তাতে সুর মেলায়।’ পুরো উৎসব আয়োজনে ছিল গণিত বই, বিজ্ঞানের বইয়ের স্টল।উৎসব তখন শেষের দিকে। শিক্ষার্থীরা যার যার গন্তব্যে যেতে ব্যস্ত। তার পরও সবাই গুনগুনিয়ে গায়, আয় আয় আয় গণিতের আঙ্গিনায়। শিক্ষার্থীদের এমন আগ্রহ দেখে উৎসাহিত আশপাশের পথচারীরা। এমন আয়োজন নিয়েই এগিয়ে চলছে গণিত উৎসব।