শুরু হয়েছে বর্ণমেলা
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার বর্ণমেলার আয়োজন করা হয়েছে। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ সকাল সাড়ে আটটায় শুরু হয় বর্ণমেলা। শিশুদের মনের খোরাক মেটানোর সব আয়োজনই আছে এখানে। অনুষ্ঠানটি চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।অনুষ্ঠানের শুরুতেই সবাইকে স্বাগত জানান প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ। এরপর সুরের ধারার পরিবেশনায় শুরু হয় গান। জাতীয় সংগীত ও ভাষার গান দিয়ে শুরু হয়েছে দ্বিতীয়বারের মতো এই বর্ণমেলা। বর্ণমালাশোভিত বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার। এরপর নাটুয়ার সদস্যরা মঞ্চে আসেন মূকাভিনয় নিয়ে। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁরা ফুটিয়ে তোলে আমাদের ভাষা আন্দোলন। এরই মধ্যে শুরু হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হচ্ছে। ‘ক’ বিভাগে আছে স্কুলে যেতে শুরু করেনি, এমন শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা। ‘খ’ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণী। ‘গ’ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। ছবি আঁকা প্রতিযোগিতায় যাদের ছবি পাবে পুরস্কার, সেগুলো বিকেল তিনটায় টাঙিয়ে দেওয়া হবে মেলা প্রাঙ্গণে।আছে হাতের লেখার প্রতিযোগিতাও। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতোই এখানে আছে তিনটি বিভাগ। সুন্দর করে বাংলা বর্ণ লিখে শিশুরা জয় করে নিতে পারে পুরস্কার, জয় করে নিতে পারে সবার মন।মাঠের স্টলগুলোতে বাংলা বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, শব্দ ধাঁধা, বর্ণের গোলক ধাঁধা, বই প্রদর্শনী, নাগরদোলা, বর্ণের বিবর্তন, বর্ণশোভা, আলোকচিত্র প্রদর্শনী, খাবারে-পোশাকে বর্ণসহ নানা আয়োজন রয়েছে। বর্ণমেলার মাঠজুড়ে আছে বর্ণ ও ভাষা নিয়ে স্থাপনাশিল্প। বর্ণমেলায় থাকছে বর্ণপরিচয়ের উৎসব ‘হাতেখড়ি’। যে শিশুটি এখনো জীবনের প্রথম বর্ণটি লেখেনি, তাদের জন্যই এ উৎসব। আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে এখানে আসুন। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দিতে বর্ণমেলায় উপস্থিত থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, আবুল বারক আলভী ও ওয়াকিলুর রহমান। আপনার সন্তানকে বাংলা বর্ণে হাতেখড়ি দিতে বেলা তিনটা থেকে বিকেল চারটার মধ্যে অংশ নিন বর্ণমেলার হাতেখড়ি উত্সবে। থাকছে পাপেট ও মাপেট শো, থাকবে সিসিমপুর, পুতুলখেলা, জাদু প্রদর্শনীসহ নানা আয়োজন। সোনামণিদের অনুরোধ করা হয়েছিল সহজে নষ্ট হয় না এমন উপাদান দিয়ে বর্ণ তৈরি করে পাঠাতে। প্রথম আলো কার্যালয়ে সে রকম প্রায় এক হাজার বর্ণ এসে হাজির হয়েছে। সেই বর্ণগুলো থেকে প্রদর্শনীর জন্য কিছু বর্ণ বাছাই করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিত্ রায় চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান, ওয়াকিলুর রহমান ও নিসার হোসেন। তিন বিভাগের সেরা নয়টি বর্ণসহ মোট ৫০টি বর্ণ টাঙিয়ে দেওয়া হবে মেলা প্রাঙ্গণে। বিকেল সাড়ে চারটায় গান শোনাবেন মাহমুদুজ্জামান বাবু। বিকেল পাঁচটা ২০ মিনিটে বর্ণমেলার আনুষ্ঠানিক সমাপনী বক্তব্য দেবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।প্রথম আলো অনলাইনেও বর্ণমেলার এ আয়োজন ওয়েব টিভির মাধ্যমে সম্প্রচার করা হবে। দেখতে লগ-ইন করতে হবে www.prothom-alo.com।