আগামী জুলাই মাসে কাজাখস্তানে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় গণিত দল নির্বাচন ও প্রস্তুতির অংশ হিসেবে আজ থেকে শুরু হয়েছে ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্প। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদারের পরিচালনায় ৩১ মার্চ পর্যন্ত ঢাকার আসাদ এভিনিউয়ের বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীতে (সিবিসিবি) এই ক্যাম্প চলবে। ক্যাম্পে গণিতের বিভিন্ন দিক ছাড়াও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হবে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্পের আয়োজন করেছে। সারা দেশ থেকে অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ৩৪ জন শিক্ষার্থী ক্যাম্পে অংশ নিচ্ছে। সঙ্গে গতবারের জাতীয় গণিত দলের সদস্যরাও রয়েছে।৩০ মার্চ রাতে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম।