শুরু হয়েছে ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড
আনন্দ-উল্লাস আর কনসার্টের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গণিতের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। গতকাল মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় স্বাধীনতা প্রাসাদের কংগ্রেস হলে ৫১তম আইএমওর উদ্বোধন করা হয় কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের শুভেচ্ছা বাণীর মাধ্যমে। শুভেচ্ছা বাণী পড়ে শোনান শিক্ষামন্ত্রী জানশিত তুইমেবায়েভ।প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন, জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে আজকের তরুণেরা আগামী দিনের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে। স্বাধীনতা চত্বরে ৯৮টি দেশের জাতীয় পতাকা ওড়ানো হয়েছে। যেখানে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও। বক্তৃতা পর্বের পর রীতিমতো নিজ নিজ দেশের পতাকা নিয়ে মঞ্চে প্যারেড করেন প্রতিযোগীরা। অন্যান্য দেশের মতো বাংলাদেশের পাঁচ প্রতিযোগীও বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে মঞ্চে ওঠেন। তাঁরা সবাই ‘বাংলাদেশ’ বলে হাঁক দিয়ে মঞ্চ থেকে নেমে আসেন।অনুষ্ঠানে ঐতিহ্যবাহী কাজাখ সংগীত দল গান গেয়ে সবাইকে স্বাগত জানায় এবং শিশুদের দলীয় নৃত্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষে ছিল কনসার্ট।অনুষ্ঠানে যোগ দিতে ভোরে কাজাখস্তানের আরেকটি শহর আলমাটি থেকে আস্তানা আসেন বাংলাদেশ দলের দলনেতা মাহবুব মজুমদার। বিকেলে বেলদারুন দ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন অংশগ্রহণকারী সব দেশের শিক্ষার্থী ও উপদলনেতারা। বেলদারুন দ্বীপে আজ বুধবার শুরু হবে গণিত অলিম্পিয়াডের লড়াই। আইএমওর প্রথম দিনের পরীক্ষা শুরু হবে আজ সকাল নয়টায়। চলবে সাড়ে চার ঘণ্টা করে। আজ তিনটি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের পরীক্ষায় বাকি তিনটি সমস্যা দেওয়া হবে শিক্ষার্থীদের। এর আগে বাংলাদেশ দল কাজাখদের নতুন রাজধানী আস্তানা ঘুরে দেখেছে। বিভিন্ন দেশের স্থপতি ও প্রকৌশলীদের নিয়ে নতুন এই দৃষ্টিনন্দন শহর গড়ে তোলা হয়েছে। নদীর দুই পারে অনেক বড় বড় ভবন গড়ে উঠেছে। তৈরি হয়েছে প্রাসাদ আর সচিবালয়। জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে এরই মধ্যে কাজাখ ভাষায় পাঠ্যপুস্তক লেখার কাজ শুরু হয়েছে। আগের পাঠ্যপুস্তকগুলো ছিল রুশ ভাষায়। আমাদের গাইড কামিল্লা জানালেন, তিনি যতটা রুশ জানেন, ততটা কাজাখ ভাষা জানেন না।দেড় কোটি মানুষের দেশ কাজাখস্তান আয়তনে বাংলাদেশের প্রায় ২৫ গুণ বড় এবং তারা তেলের খনির জন্য আর্থিকভাবে শক্তিশালী। কাজাখস্তানের নাগরিকদের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্র বহন করে।প্রসঙ্গত, এবার ষষ্ঠবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫১তম আইএমওর জন্য পাঁচজনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।