শুরুটা হয়ে যাক আজ থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীমঞ্চে প্রকাশিত ‘বাইসাইকেল বালিকাদের গল্প’ লেখাটি পড়তে গিয়ে আমার চোখের পাতা দুটো আনন্দে নেচে উঠছিল। কিশোরীদের বুকের ভেতরের লুকায়িত সূক্ষ্ম শক্তিটুকুর বহিঃপ্রকাশের এমন চিত্রগুলো দেখার জন্যই আমি যেন এত দিন ধরে মুগ্ধ নয়নে প্রতীক্ষার প্রহর গুনছিলাম। চোখেমুখে দুরন্ত-দুর্বার স্বপ্ন নিয়ে সব বাধা পেছনে ফেলে ওরা এগিয়ে যাচ্ছে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে—ছবিগুলো দেখে আমি অভিভূত হয়েছি, প্রতিবন্ধকতার বেড়াজাল ওদের বন্দী করে রাখতে পারেনি। সময়োপযোগী সাহসী পদক্ষেপ নিয়ে ওরা সামনের পানে ছুটে চলেছে। সত্যিই অসাধারণ মানসিক শক্তি!ছোটবেলায় আমিও লুকিয়ে লুকিয়ে সাইকেল চালাতে শিখেছিলাম, কিন্তু পারিবারিক সহযোগিতা পাইনি বলে তা প্রকাশ করতে পারিনি। সে সময় সুযোগ পাইনি ঠিক, কিন্তু ইচ্ছাটাকে একেবারে মরে যেতে দিইনি। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। তাই তো আমি আমার মেয়েদের সাইকেল চালাতে শিখিয়েছি। ওদের সুবাদে আমি আমার ইচ্ছেটাকেও পূর্ণ করে নিয়েছি।এখন আমি রোজ সকালে আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু আমার এই সাইকেল চালানোর উদ্দেশ্যটা একটু অন্য রকম। আমি সাইকেল নিয়ে বের হই তাদের জন্য, যারা এখনো প্রাচীরবেষ্টিত সীমাবদ্ধ গণ্ডির মধ্যে জড়সড় হয়ে বসে আছে। আমার ইচ্ছে করে, বেল বাজিয়ে বাজিয়ে তাদের মনের ভেতর চেতনা ফিরিয়ে দিই। যেন নিজেকে নিয়ে ভাবার মতো শক্তি ও সাহস জেগে ওঠে সেসব মনের কোণে। আমাকে দেখে ওদের মনের ঘোর কেটে যাক। জড়তার আবরণ খসে পড়ে যাক।সাইকেল চালাতে গিয়ে যে বাস্তব সত্যটা উপলব্ধি করেছি তা হলো, বাইরের জগতে যতটা প্রতিবন্ধকতা রয়েছে, তার চেয়েও বেশি প্রতিবন্ধকতা রয়েছে আমাদের মনে। প্রথমে নিজের মনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। তাহলেই আমরা আমাদের প্রিয় স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারব।পরিশেষে, আমি আবারও সাইকেল বালিকাদের অভিনন্দন জানাচ্ছি। আর এখনো যারা স্বপ্নে ভরা হূদয়-মনকে সংকুচিত করে রেখেছ, তাদের বলব—নিজেকে গুটিয়ে রেখো না। চলার পথে ছোটখাটো বাধা থাকবেই। সেসব বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে এসো। এগিয়ে চলার মাঝে কী যে আনন্দ! থেমে বসে থাকলে কখনো তা অনুভব করা যায় না। তাই আর দেরি নয়, নিজেকে নিয়ে ভাবার শুরুটা হয়ে যাক আজ থেকেই।ডা. রীতা সরকাররসিকতার নামে অত্যাচার বন্ধ করা হোকর‌্যাগ শব্দের দুটি অর্থ আছে। প্রথমত, রসিকতার নামে অত্যাচার করা, দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের সমাপ্তিতে আনন্দ উৎসব। দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোধহয় প্রথম অর্থটির চর্চা করতেই বেশি পছন্দ করেন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ফরম তুলতে গিয়েতথাকথিত সিনিয়রদের দেওয়া র‌্যাগের মাধ্যমে যে ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন তাতে কি তাঁদের প্রতিষ্ঠানটিতে ভর্তিহওয়ার ইচ্ছা আর থাকে? র‌্যাগ করা ছাড়া কি জুনিয়রদের শৃঙ্খলা শেখানোর আর কোনো পথ নেই? ঢাকা বিশ্ববিদ্যালয় তো র‌্যাগিংসিস্টেম ছাড়া দিব্যি চলছে। জুনিয়ররা সিনিয়রদের শ্রদ্ধা করতে কার্পণ্য করেন না বা শৃঙ্খলা শেখানোর জন্যর‌্যাগ করতে হয় না। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থীরা র‌্যাগ করতে চান,কিন্তু সেখানে সমস্যা এতটা প্রকট নয়। ছেলেদের জামাকাপড় খুলে নাচতে বলা, কান ধরে ওঠ-বস করানো, মেয়েদের নামে অশ্লীল মন্তব্য করতে বলা, চা-সিগারেটের টাকা আদায়করা, জোরপূর্বক প্রেম নিবেদন করানো, কথা না শুনলে মারধর করা কোন ধরনের শৃঙ্খলার মধ্যেপড়ে জানি না। আর মেয়েদের তো নানাভাবে জ্বালাতন করা হয় ফ্যাশন শেখানোর নামে। ফ্যাশন, স্টাইল এসব নিজস্ব ব্যাপার। এতে হস্তক্ষেপ করার অধিকার তো কারও নেই। শিক্ষাজীবনের পরিসমাপ্তিতে সবাই আনন্দ করতেই পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপে পা দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে যাচ্ছেতাই ব্যবহার করে মজা লুটে নেওয়া কি ঠিক? কাজেই শৃঙ্খলা শেখানোর এই অলিখিত, যথেচ্ছ ব্যবহূত নিয়ম (র‌্যাগিং সিস্টেম) বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, উপাচার্যসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়। সাহেদা যেন সফল হন‘শত কষ্টে পড়িয়েও এখন চিন্তিত মা সাহেদা’ শিরোনামের নারীমঞ্চের ফলোআপ লেখাটা পড়ে খুবই খুশি হয়েছিলাম। এত কষ্টের মধ্যেও আনোয়ার হোসেন এবং হাসি বেগমের সাফল্যে সত্যিই দুচোখে নিজের অজান্তেই কখন জানি পানি এনে দেয়।তবে তার চেয়েও অবাক করে মা সাহেদার ধৈর্য আর মনোবল দেখে। মায়েরা কীভাবে এমনটা পারেন। এমন সাহেদার মতো হাজারো মা আছেন, যাঁরা সন্তানের জন্য সবকিছু করতে পারেন। এমন উদার, ধৈর্যশীল মা সারা দেশে হয়তো আছেন, যাঁদের কথা আমাদের জানা নেই। আনোয়ার ও হাসির মা সাহেদা এখনো চিন্তিত শুধু তাঁর সন্তানদের নিয়েই। তাই আমাদের চাওয়া, মা সাহেদার কষ্ট যেন সফল হয়। আর আনোয়ার ও হাসির কাছে একটা অনুরোধ, জীবনে অনেক বড় হও। তবে কখনো নিজের কিছু নিয়ে গর্ব কোরো না। গর্ব যদি করতেই হয় কোরো নিজের এই মাকে নিয়ে।নিশাত আরামোহাম্মদপুর, ঢাকা।