শুরুতে ওয়াকআউট পরে প্রাণবন্ত বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সময় সংসদে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রাণবন্ত বিতর্ক হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিরোধী দল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে ওয়াকআউট করলেও এ আলোচনার সময় আবার সংসদে যোগ দেয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকালের আলোচনায় রাজনৈতিক বিরোধিতা থাকলেও কোনো ধরনের বিষোদ্গার ছিল না।আলোচনায় অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, ‘পঞ্চম সংশোধনী বাতিল করে উচ্চ আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছেন, যা আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম। তৃতীয় সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরীও এ সংশোধনীকে অবৈধ বলে সেদিন সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন। কিন্তু আজ তিনি আদালতের সে-সম্পর্কিত রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’মেনন বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের কারণে যুদ্ধাপরাধীদের বিচারের পথ প্রশস্ত হয়েছে। আর সম্ভবত এ কারণেই অনেকে ভীত হয়ে এর বিরোধিতা করছেন। সংসদের উচিত, পঞ্চম সংশোধনী বাতিলের রায় আইনে পরিণত করে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার ব্যবস্থা করা।বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, সংসদই এ দেশের সবচেয়ে বড় আদালত। অথচ হাইকোর্ট এখন সংসদ ও সরকারের নির্বাহী বিভাগের ওপর নগ্নভাবে হস্তক্ষেপ করছেন। এটা মেনে নেওয়া যায় না। পঞ্চম সংশোধনী বাতিলের কথা তুলে ধরে তিনি বলেন, ‘তাহলে আমরা কি সব অবৈধ হয়ে যাব।’ তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে নিয়ে দুই মেরুকরণ তৈরি হয়েছে। সংসদের বক্তৃতায় এর প্রতিফলন দেখা যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শেখ মুজিবুর রহমানকে কোনো দিন অস্বীকার করা যাবে না। তেমনই জিয়াউর রহমানের অবদানকেও অস্বীকার করা যাবে না। এ নিয়ে অহেতুক তর্ক না করাই উত্তম।আলোচনায় আরও অংশ নেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আবদুল ওয়াদুদ, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, পারভীন তালুকদার, সাহেদা তারেখ, পারভীন তালুকদার, বিএনপির বরকতউল্লাহ, আশরাফউদ্দিন নিজান প্রমুখ।ওয়াকআউট: প্রস্তাবিত ‘শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বরিশাল’-এর নাম পরিবর্তন করে ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাবের প্রতিবাদে বিএনপি বিকেল পৌনে চারটায় সংসদ থেকে ওয়াকআউট করে। এ সময় জামায়াতের সদস্যরাও বিএনপির সঙ্গে যোগ দেন।বেলা তিনটা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে কয়েক মিনিট পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন। তবে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গতকালও সংসদে অনুপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বরিশাল (সংশোধন) বিল-২০১০ সংসদে উপস্থাপন করার পরই বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিএনপির মওদুদ আহমদ আপত্তি তুলে বলেন, বর্তমান সরকার দিনবদল নয়, জিয়াউর রহমানের নামবদলকেই তাদের একমাত্র কাজ হিসেবে ধরে নিয়েছে। দেশে বিদ্যুত্-গ্যাস নেই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অগ্নিমূল্যে মানুষ দিশেহারা হলেও সরকার এ নিয়ে সংসদে কোনো আলোচনা করতে চায় না। তাদের একটাই কাজ—জিয়ার নাম মুছে দেওয়া। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবার জিয়াউর রহমানের নামেই ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে। তিনি জিয়ার নাম মুছে দেওয়া-সংক্রান্ত বিল আনার প্রতিবাদে বিরোধী দলের সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন।এ সময় শিক্ষামন্ত্রী বিলটির ওপর তাঁর বক্তব্যে বলেন, ‘বিরোধী দল সত্য কথা শুনতে ভয় পায় বলেই বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। আসল কথা শুনতে চায় না।’ এ সময় স্পিকার বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘মাননীয় সদস্যগণ, আপনারা মন্ত্রীর কথা শুনে যান।’ এ সময় বিরোধী দলের সদস্যরা আবার নিজ নিজ আসনে ফিরে আসায় স্পিকার হেসে বলেন, ‘আসলে সবাই সওয়াব কামাই করতে চান। তাই কেউ এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহ আমানত বিমানবন্দর করেন, আবার কেউ জিয়া বিমানবন্দরের নাম বদলে শাহজালাল বিমানবন্দর করেছেন। এর মাধ্যমে সবাই যেন সওয়াব কামাই করছেন।’এরপর শিক্ষামন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বরিশাল বিশ্ববিদ্যালয় নামেই এটি করা হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে তা পরিবর্তন করে জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করে। নাম পরিবর্তন করলেও তারা বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কোনো উদ্যোগ নেয়নি। শুধু একটি সাইনবোর্ড পরিবর্তন করেছিল।পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।এর আগে শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল-২০১০ সংসদে উপস্থাপন করেন। এটিও পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।সংসদের অধিবেশন আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।