মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ছয়জন রাজনীতিবিদকে প্রথম দফায় বিচারের মুখোমুখি করা হচ্ছে। এঁরা হচ্ছেন কারাবন্দী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মাদ কামারুজ্জামান, কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরী।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। তদন্ত সংস্থা সূত্র জানায়, ওই ছয় ব্যক্তির বিচারের জন্য যে তথ্য ও সাক্ষ্যপ্রমাণ প্রয়োজন, তা খুঁজে পাওয়া গেছে। সরকার আশা করছে, ফেব্রুয়ারিতে অভিযোগপত্র দাখিল করার পরই বিচারকাজ শুরু করা সম্ভব হবে।মাওলানা নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গত বছরের জুনে, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে জুলাই মাসে এবং সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয় ডিসেম্বরে।বিচারকাজের অগ্রগতির বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত সংস্থা অভিযোগপত্র দিলেই অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। যেসব অভিযুক্ত বিদেশে পালিয়ে আছেন, তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান মন্ত্রী।মন্ত্রণালয় সূত্র বলছে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হচ্ছে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় আনা। সরকারের দুই বছরে এই বিচার-প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।বিচার প্রসঙ্গে তদন্ত সংস্থার সমন্বয় ও তদারকির দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে জানান, সরকার প্রথম দফায় ছয়জনের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এঁদের অপরাধের সমর্থনে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। আশা করা হচ্ছে, ফেব্রুয়ারিতে বিচারকাজ শুরু হবে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, স্বাধীনতার ৩৯ বছর পর বিচার শুরু করার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে বিচার-প্রক্রিয়ায় প্রত্যাশিত গতি দেখা যায়নি, যে কারণে সম্ভাব্য সাক্ষীরা উৎসাহ হারাচ্ছেন। এ ছাড়া এখন পর্যন্ত সাক্ষীদের নিরাপত্তার জন্য কোনো আইন প্রণয়ন করতে না পারায় বিচার-প্রক্রিয়ায় কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। অন্যদিকে ট্রাইব্যুনালের জন্য যত আইনজীবী প্রয়োজন তা-ও নেই।জেলা প্রশাসককে চিঠি: অপরাধের তদন্তের জন্য তথ্য চেয়ে গত সপ্তাহে সব জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তকাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসকদের কাছে জেলা ও উপজেলার মানচিত্র, বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করার তালিকা, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার, রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর হাতে নিহতদের তালিকা, বীরাঙ্গনাদের তালিকা ছবিসহ, শান্তি কমিটির তালিকা, শহীদ মুক্তিযোদ্ধাদের ছবিসহ তালিকা, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তালিকা, মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও হাটবাজার, সেতু-কালভার্ট ইত্যাদির তালিকা এবং মুক্তিযুদ্ধ চলাকালে জেলা ট্রেজারি থেকে সই করে বেতন ও ভাতা গ্রহণ-সংক্রান্ত তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে।ট্রাইব্যুনালকে তথ্য প্রদান: তদন্ত সংস্থার কাছে মোট এক হাজার ৭৭৫ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ করেছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, বাংলাদেশ। প্রমাণ হিসেবে অডিও-ভিডিও রেকর্ড, ভুক্তভোগীর বর্ণনা, স্থানীয় সাক্ষী, সরকারি গোয়েন্দা প্রতিবেদন, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান থেকে প্রকাশিত কিছু নথিপত্র এবং পাকিস্তান সেনাবাহিনীর কিছু নথিপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে একাত্তরের ২৫ মার্চের কিছু অডিও রেকর্ডও আছে। এ ছাড়া তদন্ত সংস্থার কাছে বিভিন্ন তথ্যপ্রমাণ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে তথ্যপ্রমাণ চেয়েছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালকে দেওয়া সংস্থার একটি চিঠিতে বলা হয়, একাত্তরে সালাউদ্দিন কাদেরের অপরাধের বিষয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কাছে যে গোপন প্রতিবেদন পাঠিয়েছিল, তার অনুলিপি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে। বিচারের আলামত হিসেবে এই নথি প্রয়োজন।প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা: জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মাদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া হচ্ছে। জেল কোডের বিধান অনুযায়ী তাঁদের এই মর্যাদা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা ও উচ্চতর জীবনযাপনের অভ্যাস বিবেচনায় তাঁদের প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমানে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পাচ্ছেন। এই তিন নেতা সাবেক সাংসদ এবং তাঁদের দুজন সাবেক মন্ত্রী।