পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেস জোটের নিরঙ্কুশ জয়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাবী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাঁর মন্ত্রিসভায় কাকে কাকে নিচ্ছেন কিংবা কারা কারা এতে স্থান পাচ্ছেন। এ নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও চলছে জল্পনা-কল্পনা। ভারতের প্রভাবশালী দৈনিক ইকোনমিক টাইমস আজ শনিবার বিভিন্ন সূত্র থেকে মমতার মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের সম্পর্কে কিছু আভাস দিয়েছে। পত্রিকাটি বলেছে, মন্ত্রিসভায় ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সাধারণ সম্পাদক অমিত মিত্র, বিধানসভার সাবেক বিরোধী নেতা পার্থ চ্যাটার্জি, উত্তর বাংলার দেবগ্রাম-ফুলবাড়ী আসনে নবনির্বাচিত এমএলএ গৌতম দেব এবং কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখার্জি স্থান পাবেন বলে জোর ধারণা করা হচ্ছে।ইকোনমিক টাইমস জানিয়েছে, মন্ত্রিসভার আকার ছোট হবে কি না—সে ব্যাপারে কোনো আভাস না পাওয়া গেলেও মমতা ব্যানার্জি প্রথম দফায় প্রায় ২৪ জন মন্ত্রী নিতে পারেন। নতুন মন্ত্রিসভায় দুয়েকজন নারীও থাকতে পারেন বলে জানিয়েছে পত্রিকাটি। এ ক্ষেত্রে শশী পাঁজা ও স্বাতী খন্দকারের নাম শোনা যাচ্ছে। স্বাতী হুগলি থেকে নির্বাচিত প্রয়াত তৃণমূল সাংসদ আকবর খন্দকারের স্ত্রী। শশীও তাঁর স্বামীর মৃত্যুর পর তৃণমূলের রাজনীতিতে যোগ দেন।মমতার নেতৃত্বে নতুন সরকার ১৮ মে শপথ নিতে পারে। তবে ধারণা করা হচ্ছে, মমতা এর আগেই মন্ত্রিসভার নাম ঘোষণা করতে পারেন।ইকোনমিক টাইমস বলেছে, অমিত মিত্র ও পার্থ চ্যাটার্জি উভয়েই গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন। তবে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি মমতার হাতে থাকতে পারে।মন্ত্রিসভায় গৌতম দেবকে অন্তর্ভুক্ত করে মমতা উত্তর বাংলার জনগণকে সন্তুষ্ট করবেন বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে মমতা ওই অঞ্চলে উন্নয়নমূলক কাজ শুরুর ইঙ্গিত দেবেন। মুসলমানদের সন্তুষ্ট করতে সংখ্যালঘু সম্প্রদায় থেকেও এক বা দুজন মন্ত্রী নেওয়ার পরিকল্পনা রয়েছে মমতার। এ ক্ষেত্রে ফিরহাদ (ববি) হাকিমের নাম এখন সবার মুখে মুখে। নির্বাচনী প্রচারণায় মমতার খুব ঘনিষ্ঠ হিসেবে দেখা গেছে ববি হাকিমকে। তিনি কলকাতা পোর্ট আসন থেকে জয়ী হয়েছেন।