দশ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত অস্ত্র ও চোরাচালান আইনে করা পৃথক দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। শুরুতেই বেশির ভাগ আসামির আইনজীবীরা চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ বর্জন করেন। তবে এর মধ্যেও গ্রিনওয়ে পরিবহন কোম্পানির ব্যবস্থাপক তসলিম মল্লিক সাক্ষ্য দিচ্ছেন। মধ্যাহ্ন বিরতির পর ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হবে।ট্রাইব্যুনাল সূত্র জানায়, ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের মুহূর্তে আসামিপক্ষের বেশির ভাগ আইনজীবী মামলার নথিপত্র পাননি উল্লেখ করে ট্রাইব্যুনালের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন। ট্রাইব্যুনাল এ পর্যায়ে বলেন, ‘আপনারা যাঁরা নথির জন্য আবেদন করেছেন, অনেকেই সেই নথি রেকর্ড রুম থেকে নেননি। আমি রেকর্ড অফিসে খোঁজ নেওয়ার পর এ তথ্য জেনেছি। সাক্ষ্য গ্রহণের মুহূর্তে বলছেন নথি পাননি।’এ সময় আইনজীবীরা আইনের বিভিন্ন ব্যাখ্যা ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেন। এ পর্যায়ে বিচারক এস এম মজিবুর রহমান বলেন, ‘এটা বিশেষ ট্রাইব্যুনালের মামলা। যদি আমার কাজে অসন্তুষ্ট হন, তাহলে আপনারা উচ্চ আদালতে যেতে পারেন। আমার কাজে বাধা দিতে পারেন না।’এরপর তসলিম মল্লিক ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাক্ষ্য দিতে ওঠেন। এ সময় বেশির ভাগ আসামির কৌঁসুলিরা আদালত বর্জন করেন। পরে তসলিম মল্লিককে দুই আসামির কৌঁসুলি জেরা করেন। এ পর্যায়ে ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন।১৫ নভেম্বর সাবেক মন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ নতুন ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ বিচারকাজ পরিচালনা করছেন।বিশেষ ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলো অনলাইনকে জানান, ২০ জন সাক্ষীকে চিঠি দেওয়া হয়েছে। আজ থেকে পর্যায়ক্রমে তাঁদের সাক্ষ্য নেওয়া হবে।আসামিদের মধ্যে নয়জনকে আদালতে হাজির করা হয়েছে। তাঁরা হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) তত্কালীন পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিন ও সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন এবং মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীনউদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক এনামুল হক। এ ছাড়া মামলার অন্য দুই আসামি উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া ও সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন পলাতক।উল্লেখ্য, ২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার-কারখানার জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। সে সময়ের তদন্ত কর্মকর্তা দায়সারা গোছের অভিযোগপত্র দাখিল করেন। এতে নেপথ্যের নায়কেরা বাদ পড়ে যান। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলার অধিকতর তদন্ত শুরু হয়। এতে তদন্ত কর্মকর্তারা ১১ জন প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পান।