দশ ট্রাক অস্ত্র আটক মামলা ব্রিগেডিয়ার এনামুরের জবানবন্দি
শুরুতেই জানা যায় এনএসআই কর্মকর্তা জড়িত
১০ ট্রাক অস্ত্রের চালানের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার জড়িত থাকার কথা তদন্তের শুরুতেই বেরিয়ে আসে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির বৈঠকে আলোচনাও হয়। তার পরও তদন্ত প্রতিবেদনে তা এড়িয়ে যাওয়া হয়েছে।ওই তদন্ত কমিটির সদস্য ও এনএসআইয়ের তৎকালীন পরিচালক (বহির্বিভাগ) এনামুর রহমান চৌধুরী আদালতে দেওয়া জবানবন্দিতে এ কথা বলেছেন। এনামুর রহমান এখন অবসরকালীন প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) আছেন।সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম ওসমান গনির কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিআইডি সূত্র জানায়, একাধিক দফা জিজ্ঞাসাবাদের পর এনামুর রহমান সাক্ষী হিসেবে এ জবানবন্দি দিয়েছেন।জবানবন্দিতে ব্রিগেডিয়ার এনামুর দাবি করেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবরের সম্পৃক্ততার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করার জন্য তিনি প্রস্তাব করেছিলেন। কিন্তু অন্য কোনো সদস্য তা সমর্থন না করায় তদন্ত প্রতিবেদনে তা আর উল্লেখ করা হয়নি। বিষয়টি তিনি এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকেও জানিয়েছিলেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় সরকারি তদন্ত কমিটির প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক। অন্য সদস্যরা ছিলেন এনএসআইয়ের পরিচালক ব্রিগেডিয়ার এনামুর রহমান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার, পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক শামসুল ইসলাম, সিআইডির উপমহাপরিদর্শক ফররুখ আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) আবদুল্লাহেল বাকী।আদালত-সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, ব্রিগেডিয়ার এনামুর আদালতে জবানবন্দিতে বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন তৈরির আগ মুহূর্তে তিনি এনএসআইয়ের চট্টগ্রামের তৎকালীন উপপরিচালক নূরুজ্জামানের কাছ থেকে পাওয়া এক বার্তায় জানতে পারেন, দশ ট্রাক অস্ত্রের ঘটনায় এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেনকে খুঁজছে সিআইডি। পরে সিআইডির পক্ষ থেকে এনএসআইয়ের কার্যালয়ে যোগাযোগ না করায় এ বিষয়ে কোনো কার্যক্রম নেওয়া হয়নি।ব্রিগেডিয়ার এনামুর আদালতে বলেন, ‘আমি তদন্ত কমিটির সভায় ফিল্ড অফিসার আকবরের জড়িত থাকার বিষয়টি উপস্থাপন করি এবং বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে মতামত ব্যক্ত করি। আমার বক্তব্যের পর কমিটির সদস্য সিআইডির তৎকালীন ডিআইজি ফররুখ আহমেদ কোনো মন্তব্য করেননি। কমিটির অন্য সদস্য এসবির ডিআইজি শামসুল ইসলাম সভায় জানান, দশ ট্রাক অস্ত্র চালানসংক্রান্তে এনএসআইয়ের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আছে, যা তিনি অবহিত আছেন।... আকবরের বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে কি না, সভায় কমিটির সব সদস্য বিস্তারিত আলোচনা করেন। আমি জোরালোভাবে বিষয়টি অন্তর্ভুক্তির চেষ্টা করি। কমিটির অন্যান্য সদস্য কেউই আমার সঙ্গে একমত ছিলেন না বিধায় বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তাঁদের (কমিটির অন্য সদস্য) মতামত ছিল, সিআইডি বিষয়টি আলাদাভাবে তদন্ত করছে। তাই সিআইডির প্রতিবেদনে এনএসআই ফিল্ড অফিসার আকবরের প্রসঙ্গটি উল্লেখ থাকতে পারে।’জবানবন্দিতে ব্রিগেডিয়ার এনামুর বলেন, ‘তদন্ত কমিটির সভা শেষ করে এনএসআইয়ের কার্যালয়ে ফিরে আসি। ডিজি (আবদুর রহিম) সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাঁকে জানাই যে কমিটির সভায় দশ ট্রাক অস্ত্র চালানের সঙ্গে এনএসআইয়ের ফিল্ড অফিসার আকবরের জড়িত থাকার বিষয়টি প্রতিবেদনে উল্লেখের জন্য মতামত দিয়েছিলাম। কমিটির অন্য সদস্যরা একমত না হওয়ায় আকবরের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আমার বক্তব্য শোনার পর ডিজি কোনো মন্তব্য করেননি।’বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বর্তমান সরকার আসার পর নতুন করে তদন্ত শুরু হলে ওই অস্ত্র চালানের সঙ্গে প্রভাবশালী কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার সম্পৃক্ততার কথা উদ্ঘাটিত হয়। এরপর ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক আবদুর রহিম, এনএসআইয়ের তৎকালীন পরিচালক (অভ্যন্তরীণ) উইং কমান্ডার সাহাবউদ্দিন, উপপরিচালক মেজর লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আবদুর রহিম, সাহাবউদ্দিন ও অস্ত্র খালাসে জড়িত চোরাচালানি হাফিজ এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এসব জবানবন্দিতে বেরিয়ে আসে, ওই দশ ট্রাক সমরাস্ত্র আনা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) জন্য।