প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার সাড়ে চার ঘণ্টার মধ্যে গতকাল বুধবার বিকেল চারটায় বন্ধ হয়ে যায় চট্টগ্রামের শিকলবাহায় নতুন স্থাপিত ১৫০ মেগাওয়াট ক্ষমতার পিকিং পাওয়ার প্লান্ট। বন্ধ থাকে আট ঘণ্টারও বেশি। রাত সাড়ে ১২টার দিকে নতুন এই বিদ্যুৎকেন্দ্রটিতে আবার উৎপাদন শুরু হয়। গতকাল বেলা পৌনে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী এ বিদ্যুশিকলবাহা পিকিং বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অব্যাহত ছিল। কেন্দ্রের ব্যবস্থাপক মিলন কান্তি দাশ জানান, এটা এখন চালু আছে। এখন সর্বোচ্চ ৮০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের সময় যাতে কোনো সমস্যা না হয় সে জন্য তিন দিন আগে থেকেই এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ইতিমধ্যে এ কেন্দ্রে ক্ষমতার চেয়ে ১০ মেগাওয়াট বেশি অর্থাৎ মোট ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু কেন্দ্রটি গতকাল বিকেলে বন্ধ হয়ে যায়।শিকলবাহা কেন্দ্রের ব্যবস্থাপক মিলন কান্তি দাশ বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েও কেন্দ্রটি সচল রাখতে পারিনি। গ্যাসের চাপ কমে আসায় উৎপাদন বন্ধ করে দিতে হয়।’রাউজান ও শিকলবাহা কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ হয়েছিল।’কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি সূত্র জানায়, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩৬৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে প্রতিদিন ২০০ থেকে ২১০ মিলিয়ন ঘনফুট। বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চালু রাখার জন্য ইতিমধ্যে বহুজাতিক সার কারখানা কাফকো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এতেও চট্টগ্রামের গ্যাসনির্ভর দুই বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিটের সব একসঙ্গে সচল রাখা যাচ্ছে না। সব কেন্দ্র সচল রাখতে হলে গ্যাসের সরবরাহ দরকার আরও অন্তত ১৪০ মিলিয়ন ঘনফুট। শিকলবাহা পিকিং কেন্দ্রটি চালুর জন্য রাউজানের দুটি ইউনিটের মধ্যে একটি আগেই বন্ধ করে দিতে হয় বলে জানা গেছে।