শুরুর আগেই আগুন জ্বাললেন শেবাগ
পাশের চেয়ারে বসে থাকা টিম ম্যানেজার আরশাদ আইয়ুব কি একটু অবাক হলেন? আর ভারতীয় সাংবাদিকেরা? দু-একজন তো বলেই দিলেন, ‘বীরু’ কাজটা ঠিক করেননি। ন্যূনতম সৌজন্যবোধ থাকা উচিত তাঁর মতো ক্রিকেটারের। বাংলাদেশের ক্রিকেটাররা শুনে প্রথমে হাসেন...ভাবটা এমন, শেবাগ এ রকম কিছু বলতেই পারেন না!কী বলেছেন বীরেন্দর শেবাগ? কী করেছেন তিনি? সোজা কথায় উত্তর, আগুন লাগিয়ে দিয়েছেন। গ্রহণের কবলে পড়ে আগের দিন মিনিটখানেকের জন্য তেজ হারানো সূর্য শীতের দিনেও কাল যে বাড়তি উত্তাপ দিল, সেটার চেয়ে অনেক বেশি গনগনে শেবাগের আগুন। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে আজ থেকে শুরু বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যতই উত্তাপহীন হওয়ার কথা থাকুক, এখন তাতেও বারুদপোড়া গন্ধ। টেস্টের পাঁচ দিন কী হবে, কিংবা কিছু হতে আদৌ পাঁচ দিনই লাগবে কি না—এসব চিন্তা বিবেচনাতেই আসছে না আর। চট্টগ্রাম টেস্ট এখন র্যাঙ্কিংয়ের এক নম্বর বনাম নয় নম্বরের অসম লড়াই নয়। কথার লড়াই মৌসুমের উষ্ণতম টেস্টের আবহই নিয়ে এসেছে বন্দরনগরে। বাংলাদেশের জন্য এই টেস্ট আর ভারতের সামনে মাথা নত করার উপলক্ষ নয়, উপলক্ষটা ইটের জবাবে পাথর ছুড়ে মারার।কাল সিরিজ শুরুর সংবাদ সম্মেলনে নিয়ম মেনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এলেন না, ম্যানেজারের সঙ্গে এলেন সহ-অধিনায়ক শেবাগ। সন্ধ্যায় নিশ্চিত হওয়া গেল, শেবাগ এসেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেই। দলের ম্যানেজার আরশাদ আইয়ুব নিশ্চিত করেছেন, পিঠের চোটের কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক ধোনির।প্রথম প্রশ্নের জবাবেই বোমা ফাটালেন শেবাগ, টেস্টের সম্ভাব্য নিস্তরঙ্গ আবহে ফস করে ধরিয়ে দিলেন আগুন, ‘ওয়ানডেতে হয়তো বাংলাদেশ কখনো কখনো চমক দিতে পারে, কিন্তু টেস্টে নয়। এই দলটা খুবই ‘অর্ডিনারি’, ‘...বাংলাদেশের যা বোলিং, আমার তো মনে হয় না, আমাদের দুবার অলআউট করার সামর্থ্য তাদের আছে’—চলনে-বলনে এ রকম আরও কত না তুচ্ছতাচ্ছিল্য! যেন সম্ভব হলে কাল ওই সংবাদ সম্মেলনকক্ষ থেকেই দেশে ফিরে যান শেবাগ। এই টেস্ট খেলা তাঁর জন্য চূড়ান্ত অর্থহীন, সময় নামের মহামূল্যবান সম্পদের অনাকাঙ্ক্ষিত অপচয়। এর চেয়ে ভারতে ফিরে মাইয়ুর শুটিংয়ের বিজ্ঞাপনচিত্রের শুট করা অনেক ভালো।আসলেই কি তাই? প্রথম টেস্টের আগে এক শেবাগীয় অহংয়েই কি ফুটে উঠল গোটা ভারতীয় দলের প্রতিচ্ছবি! তাহলে নেট প্র্যাকটিসে যাওয়ার আগে অতটা সময় নিয়ে উইকেটে কী দেখলেন রাহুল দ্রাবিড়? শেবাগের কথা সত্যি হলে তো উইকেট-টুইকেট না দেখে চোখ বন্ধ করে ব্যাটিংয়ে নেমে যাওয়ার কথা তাঁর মতো ব্যাটসম্যানের! শচীন টেন্ডুলকার তো অনেকটা সে রকমই করছেন আজ। কাল উইকেটে চোখ বোলাননি একবারের জন্যও। তবে সেটা বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে উইকেট দেখার প্রয়োজন নেই মনে করে কি না, জানা যায়নি। নেট থেকে ড্রেসিংরুমে ফেরার পথে অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করলেন বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করার অনুরোধ।যে ‘বিনয়’ আপাতত অপরিচিত এক শব্দই মনে হচ্ছে বীরেন্দর শেবাগের কাছে। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে মাপলে কাল সংবাদ সম্মেলনে তিনি যা যা বলে গেলেন, এর সবই অক্ষরে অক্ষরে সত্য। কিন্তু ওই যে র্যাঙ্কিংয়ের মগডালে উঠে যাওয়ার অহং, সত্যি কথা বলার ভঙ্গিতে বাংলাদেশকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলার ইচ্ছা ফুটিয়ে তোলা, সেটাই তো যায় না ক্রিকেটের সঙ্গে! যত বড় ব্যাটসম্যানই হোন, শেবাগ এ ব্যাপারে কিছু শিখে যেতে পারেন তাঁর চেয়ে ৫৮টি টেস্ট কম খেলা বাংলাদেশের সাকিব আল হাসানের কাছ থেকে। বাংলাদেশের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে প্রকাশ্যে ও-রকম অপমানজনক বক্তব্য ক্রিকেটীয় শিষ্টাচারের সঙ্গে কতটা যায়, সেই প্রশ্ন একরকম নিলেনই না বাংলাদেশ অধিনায়ক ‘সেটা আপনারাই ভালো জানবেন’ বলে।ভারত কী বলল, শেবাগ কিসের দম্ভে গলা ফাটাচ্ছেন, সেসব নাকি সাকিবদের ভাবনার বিষয়ই না! বাংলাদেশ অধিনায়কের চিন্তা-চেতনায় কেবলই তাঁর দলের সামর্থ্য, ‘এটা তার ব্যক্তিগত মতামত। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ম্যাচ শেষ হলেই জানা যাবে, আমরা আসলে কী পারি কী পারি না।’ শেবাগ-প্রসঙ্গ বাদ দিয়েও যদি জানতে চাওয়া হয়, প্রথম টেস্টে বাংলাদেশের লক্ষ্য কী? সাকিব সেখানেও হাঁটেন কূটনৈতিক চালে, ‘আগে বল করলে প্রথম দিনে ওদের ১০ উইকেট নিতে চাই। আগে ব্যাট করলে ৪-৫ উইকেট হারিয়ে সারা দিন ব্যাট করতে চাই। জয় বা পরাজয় নিয়ে না ভেবে টেস্টের প্রতিটা দিন নিয়ে আলাদা করে ভাবছি আমরা। এটা পাঁচ দিনের ম্যাচ, যেকোনো সময় ম্যাচের অবস্থা বদলাতে পারে।’সরাসরি না বললেও শেবাগের আক্রমণে বাংলাদেশের প্রতিক্রিয়া বুঝতে অসুবিধা হয় না সাকিবের কথায়। তবে বাংলাদেশ কোচ জেমি সিডন্স কোনো রাখঢাক করেননি, ‘এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। শেবাগের মাইক্রোফোন থেকে একটু দূরেই থাকা উচিত এখন। সব দলেরই ভালো সময়, খারাপ সময় আসে। এ নিয়ে মন্তব্য করার কিছু নেই।’শেবাগ তাহলে অপেক্ষায় থাকুন। মাঠের বাইরে যে আগুনটা তিনি জ্বালিয়ে দিলেন, তার উত্তাপ কি তাঁর গায়ে লাগবে না একটুও?