শুরুর কীর্তিমানেরা
টেস্টে শচীন টেন্ডুলকারের রান ১৪ হাজার ৬৯২। সেঞ্চুরি ৫১টি। ওয়াকার ইউনুসের উইকেট ৩৭৩। ইনিংসে ৫ কিংবা তারচেয়ে বেশি উইকেট নিয়েছেন ২২ বার।প্রশ্ন জাগতে পারে, টেন্ডুলকারের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ডের সঙ্গে ওয়াকারের বোলিংয়ের সম্পর্কটা কী? সম্পর্ক তো একটা আছেই। একই টেস্টে দুজনের অভিষেক। শুরুর দিনগুলোয় দুজনই ছিলেন দুর্দান্ত। সেই ধারাটা এখনো ধরে রেখেই শচীন টেন্ডুলকার উঠে গেছেন সেঞ্চুরির এভারেস্টে। কিন্তু ওয়াকারের ক্যারিয়ার থেমে গেছে ৮৭ টেস্টেই; সেই ২০০৩ সালে। অথচ দুজনের দুর্দান্ত শুরুতে কি সাদৃশ্য! সবচেয়ে কম বয়সে ৫, ১০, ১৫ ও ২০ সেঞ্চুরির মালিক হয়েছেন টেন্ডুলকার। এই মাইলফলকগুলো ছুঁয়েছেন ১৯ বছর ২৯৭ দিন, ২৩ বছর ৭৬ দিন, ২৪ বছর ৩২০ দিন এবং ২৬ বছর ১৭৩ দিন বয়সে।ওয়াকারের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম ছিল। পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার দিন তাঁর বয়স ছিল ১৯ বছর ৯ দিন। এটির মতো সবচেয়ে কম বয়সে ১০, ১৫ ও ২০ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও তাঁর (যথাক্রমে ২০ বছর ২৬৭ দিন, ২২ বছর ২৮ দিন এবং ২৬ বছর ১১৪ দিন বয়সে)।এরপর আর গতিটা ধরে রাখতে পারেননি ওয়াকার। টেন্ডুলকার ৫০তম টেস্ট খেলেছিলেন ক্যারিয়ারের অষ্টম বছরে, নবম বছরে ওয়াকার। পরের ৫০টি টেস্ট খেলতে টেন্ডুলকার সময় নিয়েছেন মাত্র ৫ বছর। কিন্তু পরের ৫ বছরে আর মাত্র ৩৭টি টেস্ট খেলেই ক্যারিয়ার শেষ ওয়াকারের। অবশ্য ওয়াকারের মতো ফাস্ট বোলারের জন্য ৮৭ টেস্ট খেলাও কম কথা নয়।কম বয়সে ক্যারিয়ার শুরু আর অবিশ্বাস্য ধারাবাহিকতা—দুই মিলিয়ে রেকর্ড বইয়ে ‘সবচেয়ে কম বয়সে’ শিরোনামের নিচে টেন্ডুলকারের জয়জয়কার। সবচেয়ে কম বয়সে ৫০ টেস্ট খেলেছেন। ১০০ ও ১৫০তম টেস্টও।তবে ‘সবচেয়ে কম বয়সে’ তালিকায় টেন্ডুলকার-ওয়াকারের বাইরেও আছেন অনেকে। আছেন বাংলাদেশের দুই ক্রিকেটারও। একজন তো অবশ্যই মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির কীর্তি তাঁর। সেটিও অভিষেকেই। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর এসএসসিতে মুরালিধরন-ভাসদের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বকে বিস্ময় উপহার দেওয়ার দিন আশরাফুলের বয়স ছিল ১৭ বছর ৬১ দিন।বাংলাদেশের দ্বিতীয়জন এনামুল হক জুনিয়র। সবচেয়ে কম বয়সে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব তাঁর। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাঁ-হাতি এনামুলের ২০০ রানে ১২ উইকেট এখনো বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড। ১০ উইকেট পাওয়ার দিন তাঁর বয়স ছিল ১৮ বছর ৪০ দিন, রেকর্ড হয়ে আছে এটিও। শাহরিয়ার ফিরোজ