ভারতীয় ব্যবসায়ীদের জানালেন বাণিজ্যমন্ত্রী
শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধক দূর করতে কাজ চলছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। কিন্তু নানামুখী শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না।তবে সব প্রতিবন্ধকতা দূর করতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিগগিরই তার ইতিবাচক ফল দেখা যাবে।গতকাল রোববার সচিবালয়ে ভারতের সাবেক জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও রাজ্যসভার সদস্য মনিশঙ্কর আয়ারের নেতৃত্বাধীন ৩১ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এসব কথা বলেন।বাণিজ্যসচিব গোলাম হোসেন, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ, ভারতের মার্চেন্টস চেম্বার অব কমার্সের সদস্য মনিষ ঝাঁঝারিয়া এ সময় উপস্থিত ছিলেন।ভারতীয় প্রতিনিধিদলটি ১০ জুলাই চার দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছে।মনিশঙ্কর আয়ার বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর হলে অত্র অঞ্চল হবে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। সেই লক্ষ্যেই কাজ করতে হবে।উল্লেখ্য, ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যেঘাটতি ছিল ২৫৮ কোটি ৭০ লাখ ডলার। এই বছর বাংলাদেশ ভারতে ২৭ কোটি ৬৫ লাখ ডলারের সমপরিমাণ পণ্য রপ্তানি করেছে। আর একই সময়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ২৮৬ কোটি ৩৬ লাখ ডলারের পণ্য।তবে এর আগের বছর অর্থাত্ ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশ ভারতে রেকর্ড ৩৫ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল। অবশ্য ওই বছর আমদানিও করেছিল ৩৩৭ কোটি ৫০ লাখ ডলারের পণ্য। ফলে ঘাটতি দাঁড়িয়েছিল ৩০০ কোটি ডলারে ওপরে।আর ২০০৯-১০ অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশ ভারতে ২৫ কোটি ৭৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে।