শুল্ক ও কোটামুক্ত সুবিধা বাতিলের হুমকি ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পে শ্রম অধিকারের গুরুতর ও পদ্ধতিগত লঙ্ঘন চলতে থাকলে ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রত্যাহার করা হতে পারে বলে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।গতকাল বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের প্লিনারি অধিবেশনের আলোচনা শেষে গৃহীত প্রস্তাবে এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। ওই প্রস্তাবে তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড আর সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ইইউকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপে আমরা শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাই। এ পরিস্থিতিতে ইইউ পার্লামেন্টের প্রস্তাবটি আমাদের জন্য উদ্বেগের। এখন পরিস্থিতি উন্নয়নের স্বার্থে সরকার, মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই।’বাংলাদেশে তৈরি পোশাকের প্রায় ৬০ শতাংশ ইউরোপের বাজারে রপ্তানি হয়। সাভারে ভবনধসের পরিপ্রেক্ষিতে শ্রমমানের বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানাতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ২৮ থেকে ৩০ মে ব্রাসেলসে ইইউ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।ইইউ পার্লামেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও সাভারে রানা প্লাজা ধসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার শ্রমমান, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা-পরিস্থিতি নিয়ে গতকাল পার্লামেন্টে আলোচনা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার আলোচনার পর ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ-সংক্রান্ত প্রস্তাবটি গৃহীত হয়। ইইউ পার্লামেন্ট সদস্যরা চান, বিশ্বজুড়ে ব্যবসায় জড়িত ইইউ সদস্যদেশের প্রতিষ্ঠানগুলো দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করুক। বিশেষ করে, মানবাধিকার, শ্রমমান ও কর্মপরিবেশের ক্ষেত্রে যেসব আইনি বাধ্যবাধকতা রয়েছে, তা কঠোরভাবে অনুসরণের মাধ্যমে যেন প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করে। ইইউ পার্লামেন্টের সদস্যরা তাঁদের প্রস্তাবে বলেছেন, মানবাধিকার-সংক্রান্ত বিভিন্ন সনদে যেসব আদর্শ সমুন্নত রাখার বাধ্যবাধকতা রয়েছে, তা ‘গুরুতর ও পদ্ধতিগতভাবে’ লঙ্ঘন হতে থাকলে ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রত্যাহার করা হতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ সংশ্লিষ্ট সনদগুলো লঙ্ঘন করলে, কমিশনের তা খতিয়ে দেখা উচিত। প্রস্তাবে বলা হয়েছে, রানা প্লাজা ধস, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড কিংবা অন্য কোথাও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এ বিচার-প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অংশ নেওয়ার সুযোগ রাখার পাশাপাশি তাঁদের আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে একটি পরিকল্পনা নিতে হবে। পোশাক কারখানার অগ্নিনির্বাপণ ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি ট্রেড ইউনিয়ন, বেসরকারি সংস্থা ও ৪০টি বিদেশি টেক্সটাইল ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। তাঁরা ওই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় সহায়তার জন্য বিভিন্ন ব্র্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। ইইউ পার্লামেন্টের সদস্যদের মতে, বাংলাদেশের শ্রম আইন সংশোধনের লক্ষ্যে চলতি মাসের শুরুতে নেওয়া কর্মপরিকল্পনাটি অভিনন্দনযোগ্য পদক্ষেপ। তবে নিজেদের খরচ কমাতে ভূমির মালিক ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে ভবন নির্মাণসংক্রান্ত জাতীয় নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা চান, সরকার এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা অভিযোগটি খতিয়ে দেখুক। বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইউরোপের পার্লামেন্টের এ প্রস্তাবটি তাৎপর্যপূর্ণ। কারণ, এখানে বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে। ইইউ তদন্ত শুরু করলে বাংলাদেশকে তাদের উদ্বেগের সন্তোষজনক উত্তর দিতে হবে। এ পরিস্থিতি জিএসপি (অগ্রাধিকারমূলক বাজারসুবিধা) নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শুনানির চেয়ে মোটেই সহজ হবে না। তা ছাড়া ইইউর জিএসপির শর্তাবলিতে শ্রমমান নিয়ে সন্তুষ্টি না থাকলে এ সুবিধা বাতিলের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে শর্তানুযায়ী, তিন দফায় ১৮ মাসের মধ্যে শ্রমমান পরিস্থিতির উন্নতি ঘটানোর কথা বলা হয়েছে। এ শর্ত পূরণে ব্যর্থ হলে জিএসপি বাতিলের কথা বলা হয়েছে।