শুল্ক ফাঁকি দিতে গাড়ি খুলে আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক ফাঁকি দিতে বিলাসবহুল গাড়ি খুলে ‘খুচরা যন্ত্রাংশ’ হিসেবে আমদানি করা হয়েছে। এসব যন্ত্রাংশ জোড়া দিয়ে আস্ত গাড়ি তৈরি করা সম্ভব। শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে এ রকম ১২টি গাড়ির একটি চালানের খোঁজ পাওয়ার পর এগুলো আটক করার সুপারিশ করেছেন। এই চালানে আছে চারটি জিপ, তিনটি মাইক্রোবাস ও পাঁচটি গাড়ি।জানতে চাইলে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, খুচরা যন্ত্রাংশ হিসেবে আমদানি করা হলেও এগুলো আসলে সম্পূর্ণ গাড়ি। খুলে খুলে আনা হয়েছে। এ-সংক্রান্ত একটি অভিযোগ গত বুধবার কমলাপুর আইসিডির কমিশনারের কাছে পাঠানো হয়েছে। আইসিডির শুল্ক সূত্র জানায়, মেসার্স বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গ্যাস ওয়েল্ডিং ওয়ার্ক নামের চট্টগ্রামের হাটহাজারীর একটি ব্যবসাপ্রতিষ্ঠানের নামে এসব গাড়ি আমদানি করা হয়। ওই প্রতিষ্ঠানটির কার্যালয় চট্টগ্রামে হলেও সেখানে মালামাল খালাস না করে তারা কমলাপুর আইসিডিতে নিয়ে আসে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এ ব্যাপারে তথ্য পাওয়ার পর একটি কমিটি গঠন করে পুরো কনটেইনারের মালামাল খুলে পরীক্ষা করেন।সূত্র জানায়, চারটি কনটেইনারে করে আনা এসব মালের মধ্যে একটি কনটেইনার গত ১৪ নভেম্বর খালাস করা হয়। ওই কনটেইনারে ১৮টি গাড়ির ইঞ্জিন ছিল। শুল্ক কর্মকর্তারা কোনো কিছু বুঝতে না পেরে প্রথম চালানটি ছেড়ে দেন। কিন্তু পরের তিনটি কনটেইনার একসঙ্গে খোলার পর তাঁরা দেখতে পান, কনটেইনারের ভেতরে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে খুলে রাখা হয়েছে। এতে ৪২ ধরনের পণ্য আছে। এমনকি গাড়ির চেসিসও রয়েছে। এগুলো সম্পূর্ণ গাড়ি, শুধু খুলে খুলে কনটেইনারে তোলা হয়েছে। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, প্রচলিত আমদানি নীতি অনুসারে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি ও গাড়ির চেসিস আমদানি করা নিষিদ্ধ। এ কারণে এর বেশি পুরোনো গাড়িগুলো খুলে খুলে খুচরা যন্ত্রাংশ হিসেবে আমদানি করা হয়েছে। এতে ১২টি গাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। শুল্ক আইন অনুসারে গাড়ির শুল্ক ২৫০ শতাংশ, কিন্তু খুচরা যন্ত্রাংশের সর্বোচ্চ শুল্ক মাত্র ২৫ শতাংশ।জানতে চাইলে পণ্যটি খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। সংবাদকর্মী শুনেই তিনি ক্ষিপ্ত হয়ে যান।কমলাপুর আইসিডির কমিশনার (শুল্ক) এ কে এম নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি দেশের বাইরে থাকার সময় এ চালানটি আমদানি হয়। এ কারণে আগে থেকে কিছু জানতেন না। এখন এসব পরীক্ষা করা হবে। শুল্ক কর্মকর্তারা জানান, এগুলো আসলে সম্পূর্ণ গাড়ি। এখন পুরো গাড়ির শুল্ক দিয়েই এসব ছাড়াতে হবে।