শুল্ককাঠামোয় বড় পরিবর্তন
আগামী অর্থবছরের জন্য শুল্কস্তরে বড় পরিবর্তন আনা হয়েছে। বিনিয়োগ ও শিল্পায়নকে উৎসাহিত করার জন্য মূলধনি যন্ত্রপাতিতে আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। আর মধ্যবর্তী পণ্যে আমদানি শুল্ক ১২ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এর ফলে নতুন শুল্কস্তর হলো শূন্য, ২, ৫, ১০ ও ২৫ শতাংশ। এ ছাড়া বেশ কিছু পণ্যের আমদানি শুল্কস্তর পুনর্বিন্যাস করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাল্ক, গুঁড়া দুধের আমদানি শুল্ক ৫ থেকে ১০ শতাংশ করা, রেলওয়ে স্লিপারের আমদানি শুল্ক ১২ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ, লোহা ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং প্রিন্টিং প্লেটের শুল্ক ৩ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। আবার কিছু পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাশপটাশিয়াম আয়োডেট, ক্রোমিয়াম সালফেট ইত্যাদি। আবার ২৫ শতাংশ আমদানি শুল্কস্তরের পণ্যের ওপর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক অব্যাহত রয়েছে। তবে মধ্যবর্তী পণ্যের আওতায় থাকা ৪৩ ধরনের পণ্যের ওপর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। এসব পণ্য মূলত মধ্যবর্তী পণ্যও নয়। এসব পণ্যের মধ্যে অন্যতম হলো মোবাইল ব্যাটারি চার্জার, টেলিফোনের যন্ত্রাংশ, পলিশিং স্টোন, পশমি সুতা, ওষুধশিল্পের জন্য কাচের শিশি, ফ্লাস্ক, খনন পাইপ, রেল খাতে ব্যবহূত লোহা ও ইস্পাত, স্টেইনলেস ইস্পাত, ধাতব জলাধার ইত্যাদি। অন্যদিকে সম্পূরক শুল্কের স্তর নয় থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। সে ক্ষেত্রে নতুন স্তরে সম্পূরক শুল্ক হার হলো ১০, ২০, ৩০, ৪৫, ৬০, ১০০, ১৫০, ২৫০, ৩৫০ ও ৫০০ শতাংশ।