শুল্কমুক্ত সাদা চিনি আমদানির সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মাধ্যমে শুল্কমুক্তভাবে সাদা চিনি আমদানি করার জন্য শিল্প মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, দেশে উত্পাদিত চিনি বাজারের চাহিদা মেটাতে সক্ষম নয় বলে বাজার স্থিতিশীল রাখার জন্য শুল্কমুক্তভাবে বিদেশ থেকে চিনি আমদানির সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে আজ সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশবন্ধু চিনিকলের স্বত্বাধিকারী রপ্তানির নামে বিএসএফআইসির কাছ থেকে ছয় হাজার মেট্রিক টন চিনি ক্রয় করে তা খোলাবাজারে বিক্রি করে। কমিটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মুহিবুর রহমান, এস এম আবদুল মান্নান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, আলী আজগার ও সুলতানা বুলবুল উপস্থিত ছিলেন।