শুষ্ক মৌসুমে এবড়োখেবড়ো বর্ষায় হাঁটুসমান কাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী গ্রামের কৃষক আওলাদ হোসেন (৪০) আগাম শীতকালীন সবজি ফুলকপির চাষ করেছেন। গত ৩১ অক্টোবর হাটে নিয়ে যাওয়ার উদ্দেশে তিনি খেত থেকে ফুলকপি তুলে একটি ভ্যানে তা বোঝাই করেন। সড়কটির অবস্থা এতটাই বেহাল যে, তা চালিয়ে নিয়ে যাওয়া যায় না। তাই তিনি ভ্যানের হান্ডেল শক্ত হাতে ধরে হাঁটছেন, আর ছেলে সাকিব পেছন পেছন ঠেলছে। কিন্তু কিছুদূর যেতেই সড়কের মধ্যে সৃষ্টি হওয়া খাদের মধ্যে উল্টে যায় ভ্যানটি। বাবা-ছেলে মিলেও তা সামলাতে পারেনি। তখন কী আর করার। আশপাশের লোকজন এসে ফুলকপিগুলো ভ্যানে তুলে দিলে অনেকক্ষণ পর আবার রওনা হয় তারা।আওলাদ হোসেন বলেন, ‘এডা হামাকেরে পুতিদিনের ঘটনা। হামড়া হনো দুর্ভাগা গাঁয়ের বাসিন্দা। হামাকেরে এই আস্তাডাত কুনো দিন মাটি ফালান হয়নি। তাই এখান দিয়া আর যাওয়া-আসা করা যায় না। এডা আস্তার জন্যি হামড়া ফসলের দাম পাচ্চিন্যা। অ্যানা বিষ্টি হলিই আস্তাত হাঁটুসমান কাদো হয়্যা যায়। ছোলপোলকেরে ইশকুলোত যাওয়া বন্দ হয়্যা যায়।’শুধু টেপাগাড়ী গ্রামের আওলাদ হোসেন নন, পাশের বাগমারা গ্রামের আজিজুল হক, বাদিয়াচড়া গ্রামের আশরাফুল ইসলাম ও তাঁদের মতো ওই তিন গ্রামের বেশির ভাগ মানুষই তাঁদের একটিমাত্র সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। টেপাগাড়ী থেকে বাগমারা দাখিল মাদ্রাসা পর্যন্ত মাত্র দেড় কিলোমিটারের এ সড়কটি সংস্কার করার দাবি করে তাঁরা বিভিন্ন জায়গায় ধরনা দিলেও দীর্ঘদিনে সড়কটি ভালো করার উদ্যোগ না নেওয়ায় তাঁরা ধরেই নিয়েছেন, এ সড়কটি আর সংস্কার হবে না।গ্রামবাসী জানান, সড়কটি ব্রিটিশ আমলের তৈরি। তখন থেকেই মানুষ এ সড়কে চলাচল করে আসছে। কিন্তু কোনো দিন এ সড়কটি সংস্কার করা হয়নি। এই এলাকার মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কলা, আলু, কপি, মুলাসহ বিভিন্ন ধরনের ফসল এখানে উৎপাদন করা হয়। কিন্তু সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়ায় ভ্যানে করে এসব ফসল নিয়ে যাওয়া যায় না। ফসল তুলে ভারে করে দুই কিলোমিটার নিয়ে গিয়ে ভ্যানে তুলতে হয়। গ্রামগুলোর কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে বিপাকে পড়েন। আর বর্ষা এলেই এ তিন গ্রামের প্রায় তিন হাজার মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বাড়ি থেকে বেশি প্রয়োজন না হলে তারা বাইরে বের হতে চায় না। সামান্য বৃষ্টিতেই কাদা এতটাই বেশি হয় যে, রিকশা-ভ্যান, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই চলতে পারে না। এমনকি হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। আর বন্যা এলে সড়কটি এক কোমর পানির নিচে তলিয়ে যায়। বাগমারা মাদ্রাসায় ওই তিন গ্রামের ৪০০ জনের মতো ছাত্রছাত্রী লেখাপড়া করে। তাদের যাওয়া-আসায় যারপরনাই বিড়ম্বনায় পড়তে হয়।টেপাগাড়ী গ্রামের কৃষক আফতাব আলীর (৬০) কাছে সড়কটির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘জন্মের পর থ্যাক্যা এই আস্তাডা লিয়া হামি সমেস্যা দেখ্যা আসিচ্ছি। মিচ্চিএনা বিষ্টি হলে হাঁটুসমান কাদো জম্যা যায়। তকন আর হামরা চলাফিরাও করব্যার পারিন্যা।’একটু পরই ওই সড়কে কথা হয় আরেক কৃষক আবদুর রাজ্জাকের (৪০) সঙ্গে। তিনি বলেন, ‘আস্তাডা দিন দিন আটো ও নিন হয়্যা যাচ্ছে। অনেক জাগাত জমির চাইতে আস্তাই নিন। আস্তাডার কারণে হামাকের অনেক লোকসান হচ্চে।’মাদ্রাসার ছাত্র আরিফুল ইসলাম ও ছাত্রী মোসলেমা খাতুন জানায়, বর্ষা এলেই তারা আতঙ্কে থাকে। সড়কটিতে হাঁটুসমান কাদা হয়। এ কারণে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। এতে তাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়।শিক্ষক ইকরামুল ইসলাম জানান, সড়কটি সংস্কার না হওয়ায় সব শ্রেণীর মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার অনেক কমে যায়। ফলে পরে তাদের অনেক সমস্যায় পড়তে হয়।গ্রামের মোজাম্মেল হোসেন (৫০) জানান, সামান্য সড়ক পাকা না হওয়ার কারণে গ্রামের উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে বিক্রি করতে গেলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। আর বর্ষাকালে পড়তে হয় মহাবিড়ম্বনার মধ্যে।আলাপকালে এলাকার বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ছামছুল হক (৪৭) জানান, গ্রামে যে ফসল উৎপাদন হয়, তা ভারে করে নিয়ে এসে ভ্যানে তুলে তারপর হাটে গিয়ে বিক্রি করতে হয়। এতে গ্রামবাসীর খরচ ও সময় দুই-ই ব্যয় হয়। অথচ সড়কের সামান্য এই অংশটি সংস্কার করা হলে গ্রাম পর্যন্ত পাইকারি ব্যবসায়ীরা চলে আসতেন।একটি রাজনৈতিক দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক সাজাহান আলী কাজী অভিযোগ করেন, সড়কটি পাকা নয়, শুধু সংস্কার করলেই তাঁদের সমস্যা মিটে যায়। কিন্তু এদিকে কেউ ফিরেও তাকায় না। কর্মসৃজন কর্মসূচিতে এ সড়কটি অন্তর্ভুক্ত করার জন্য চেয়ারম্যানকে বারবার অনুরোধ করা হলেও তিনি তা করেননি।অভিযোগের ব্যাপারে মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছার রহমান জানান, সড়কটি সংস্কার করতে তিনি এবারই কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের লাগাবেন। কবে থেকে কাজ শুরু হতে পারে, এমন প্রশ্ন করলে তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব।