শূন্য থেকে শিখরে
অসচ্ছল পরিবারের এক কিশোর কীভাবে হয়ে গেলেন বাংলাদেশের সেরা টেনিস খেলোয়াড়। অমল রায়কে নিয়ে লিখেছেন মাসুদ আলম‘মা তখন প্রতিদিন তিন টাকা করে দিতেন। ওই টাকা বাবার কাছ থেকে নিতেন। আমাকে দিয়ে বলতেন, “এই তিন টাকা দিয়ে দুটো কলা কিনে খাবি।” আমি তা-ই করতাম...।’আর বাবা? সত্তরোর্ধ্ব বয়সেও ছেলের খেলা দেখতে ছুটে আসেন সাভারের বাড়ি থেকে। খেলা দেখতে দেখতে এখন তিনি ছেলেকে বলেন, ‘তোমার ওই সার্ভিস-ফোরহ্যান্ডটা ঠিক হয়নি!’ বাংলাদেশের যেকোনো প্রান্তে ছেলের খেলা থাকলেই তাঁর যাওয়া চাই। বাবার কাছে ছেলে আদরের ভুট্টো। অমল রায়কে এই নামেই ডাকেন বাবা। শ্রীনাথ রায় নিজে টুকটাক কুস্তি খেলতেন। হাইকোর্টে নিম্ন আয়ের এই চাকুরে পরিবার নিয়ে থাকতেন হাইকোর্টেরই কোয়ার্টারে। হাইকোর্টের দেয়াল আর ইঞ্জিনিয়ার্স ক্লাবের দেয়াল একই। ঘরলাগোয়া ইঞ্জিনিয়ার্স ক্লাবে সারা দিন যেত পাঁচ ভাইয়ের সবার ছোট অমল। ঘটনাচক্রে সেখানেই বল বয়ের কাজ শুরু। নীরবে এক ফুল তখনই ফুটল। ইঞ্জিনিয়ার্স ক্লাবে যাঁরা টেনিস খেলতেন, তাঁদের চোখ পড়ল ছেলেটির ওপর। এবং কমবেশি সহযোগিতার হাত বাড়ানো শুরু। টেনিস ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলছিলেন, ‘তখন আমরা ইঞ্জিনিয়ার্স ক্লাবে খেলতাম এবং অমলকে দেখেই বুঝে ফেলেছিলাম ওর মধ্যে বারুদ আছে।’ সেই বারুদ ঘষে আগুন জ্বালিয়েছেন টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী ছানাউল হক (বকুল)। অমলের পেছনে অনেক শ্রম আর অর্থ ঢেলেছেন এই ভদ্রলোক। অমল তাই বাবার আসনেই বসিয়েছেন ছানাউল হককে, ‘তিনি আমার জন্য অনেক করছেন। এখনো তিনিই আমার সবকিছু।’ ছানাউল হক ফিরে গেলেন ছাইয়ের মধ্যে মানিক রতন খুঁজে পাওয়ার সেই দিনগুলোতে, ‘অমলের বয়স তখন আট-নয়। ইঞ্জিনিয়ার্স ক্লাবে বল বয়ের কাজ করত। তবে প্রকৃতি প্রদত্ত প্রতিভা দেখে বছর খানেক পর ওকে আমরা শুধুই খেলার সুযোগ করে দিই। ১৯৯৬ সালে বাংলাদেশে কোচিং করাতে এসে ভারতের ডেভিস কাপ দলের সাবেক অধিনায়ক নন্দন বল বলেছিলেন, “এই ছেলেটা বড় খেলোয়াড় হবে।” তারপর একদিন অমলের বাবাকে বললাম, অমলকে দিন। ওকে প্লেয়ার বানাব।’ তখনই দেশে অনূর্ধ্ব-১০ বিভাগে খেলে অমল খুব ভালো করল। পাকিস্তানে অনূর্ধ্ব-১৪ আইটিএফ টেনিসে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে ভারতের এক নম্বর খেলোয়াড়ের সঙ্গে। যা দেখে আইটিএফের উন্নয়ন কর্মকর্তার চোখে ছিল বিস্ময়, ‘এই ছেলেটা অসাধারণ।’ এরপর অনূর্ধ্ব-১৮ আইটিএফ টেনিসে অমলের র্যাঙ্কিং ছিল ৩৪০। ১৬ বছর বয়সে হারিয়ে দিয়েছে সে সময়ের দেশ সেরা দিলীপ পাসিয়াকে। হীরালাল-শিবুলালরা তখন দেশের বাইরে। হীরালাল দেশে এলে অমলের সঙ্গে জিততে পারেননি। শিবুলালও তা-ই। ২০০২ সালে দেশে তাঁর র্যাঙ্কিং ছিল চার। পরের বছর থেকে এখন পর্যন্ত টানা এক নম্বর! দু-তিনটি ব্যতিক্রম বাদে গত আট বছরে দেশে এককে হারেননি। ডেভিস কাপে বাংলাদেশের পক্ষে একক-ডাবলস মিলিয়ে খেলেছেন ৫১ ম্যাচ। ৩৩ জয়, ১৮ হার। দেশে জব্বার স্মৃতি টেনিসে গত ছয় বছর টানা চ্যাম্পিয়ন (তারই স্বীকৃতি হিসেবে পেয়েছেন বোনাস পুরস্কার ৫০ হাজার টাকা)। আইটিএফ জুনিয়র টুর্নামেন্টে (ওয়ার্ল্ড র্যাঙ্কিং) বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে অমল এককের ফাইনাল খেলেছেন এবং স্বদেশি পার্টনার নিয়ে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আজ ২৪ বছরের এই তরুণকে বাদ দিয়ে বাংলাদেশের টেনিস বলতে গেলে চাকাবিহীন গাড়ির মতো।খেলোয়াড় অমলের দক্ষতায় মুগ্ধ ছানাউল হক, ‘ও দ্রুত বল মারতে পারে। টপ স্পিন-সাইড স্পিন দারুণ। ফোরহ্যান্ড ড্রাইভ, আউট সুইং, গেমস সেন্স খুব ভালো। রিঅ্যাকশন টাইম অনেক কম। বাংলাদেশের বাইরে জন্মালে সে অনেক দূর যেতে পারত।’পারল না আর্থিক সংকটে। অনুশীলন, খাওয়া, হাতখরচ, কোচিং—কে দেবে এত সমর্থন? ছানাউল হক সাধ্যমতো দিলেন। এখন মোটামুটি চলে যাচ্ছে। প্রাইজমানি বাদে মাসে হাজার কুড়ি টাকা আয়ের একটা স্থায়ী ব্যবস্থা আছে। একটা শিল্পপ্রতিষ্ঠান মাসে ৪০ হাজার টাকা করে দেওয়া শুরু করেছিল। কিন্তু দু-তিন মাস পর দেশে জরুরি অবস্থায় সেটি বন্ধ হয়ে যায়। বর্তমান ফেডারেশনও সাধ্যমতো করছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে তাঁর চাই অনেক আর্থিক সহযোগিতা। বড় আসরে সুযোগ পেতে আইটিএফের ফিউচার টুর্নামেন্টে খেলতে হয়। ভারত-ইন্দোনেশিয়ায় চারটি ফিউচার টুর্নামেন্ট খেলেছেন, কিন্তু এরপর আর তাঁকে পাঠানো যায়নি। ‘দেখি সামনে কী হয়’—সান্ত্বনা খোঁজেন অমল। তবে সদ্য বাংলাদেশকে ডেভিস কাপের গ্রুপ চার থেকে তিনে তোলার তৃপ্তি নিয়ে এও বলেন, ‘আজ ভালো লাগছে, বাবা দেখলেন আমি কিছু একটা হতে পেরেছি।’ কিন্তু প্রয়াত মায়ের প্রসঙ্গ উঠলেই আপ্লুত, ‘আমি বিদেশে যাওয়ার সময় মা সব সময় জোগাড় করে পাঁচ-ছয় হাজার টাকা দিতেন। মা পরপারে চলে গেলেন ২০০৫ সালে। মায়ের মতো কেউ এখন আর আদর করে টাকা দেয় না’—চোখ দুটি ছলছল দেখায় অমলের।পরক্ষণেই হাসিতে ফেটে পড়েন, ‘আমার চেহারাটা আমার সবচেয়ে ভালো দিক! আমি তো কালো। এটা আমার দারুণ লাগে। ফর্সা মানুষের দিকে কেউ তাকায় না। কিন্তু আমার দিকে সবাই তাকায়। একবার ইরানে গিয়ে দেখলাম, সেখানে কেবল আমিই কালো। বাকি সবাই ফর্সা। কী অদ্ভুত, অনেকে আমার অটোগ্রাফ নিল। ছবি তুলল (হা হা হা)। কী সরল জীবনদর্শন! বাধার প্রাচীর টপকে এগিয়ে চলার এই জীবন্ত পাণ্ডুলিপির নায়ক খেলার স্বার্থে ছোটবেলা থেকে আলাদা থাকেন। আগে বন্ধুদের সময় দিলেও এখন তাও করেন না। নিজেই বলেন, ‘এখন আমি বন্ধু থেকে দূরে থাকি। ওসব এখন আর আমার ভালো লাগে না।’ খেলা ছাড়লে কী করবেন—সেটি ভেবে হতাশ। আশার আলো দেখানোর চেষ্টা করছেন বলে জানালেন ছানাউল হক। একটা চাকরির ব্যবস্থা করে দিতে চান। কিন্তু চাকরির বাজারে বড় বাধা শিক্ষাগত সনদ। যেটি তাঁর নেই। টেনিসের কারণেই তো হাইস্কুলের গণ্ডি পেরোনো হয়নি তাঁর। কিন্তু তাই বলে এই দেশে কী এমন প্রতিভার একটা চাকরি মিলবে না? প্রশ্নটা অন্তর্মুখী অমলের নয়, তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ঘনিষ্ঠজনদের।