মন একটা লেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তবু লিখতে হচ্ছে দায়িত্ববোধ আর হূদয়ের টানে। কিন্তু কেমন করে এ লেখা শুরু করব? আর কীভাবেই বা তা শেষ করব ভেবে উঠতে পারছি না। ৩০ মার্চ সকালে বিছানা ছাড়ার আগেই রাজশাহী থেকে পুরোনো বন্ধু সানরাইজ ক্লাবের ম্যানেজার আসাদুজ্জামান খোকনের টেলিফোনে জানলাম খোদা বক্স মৃধা আর নেই। খবরটা শুনে আমরা পরিবারের সবাই দারুণ দুঃখ পেয়েছি। সারা দিন বন্ধু-স্বজনদের প্রায় শ-খানেক টেলিফোন পেলাম। সবাই জানতে চায়, খোদা বক্সের এমন কী রোগ হয়েছিল যা তাঁর জীবন ছিনিয়ে নিল? এ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছুদিন আগেও তিনি আমাকে জানিয়েছিলেন টি-টোয়েন্টি বসুন্ধরা কাপের ধারাভাষ্য দেওয়ার জন্য শারজা যাচ্ছেন। কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠল না। চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে।মনে পড়ে রাজশাহী শহরের হেতেম খাঁর একঝাঁক তরুণকে নিয়ে ১৯৬০ সালে খোদা বক্স গড়ে তুলেছিলেন সানরাইজ ক্লাব। অতি অল্প সময়ে রাজশাহীর ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, সাঁতার ও বাস্কেটবল লীগে সাফল্য তুলে নিয়ে ক্রীড়ানুরাগীদের নজর কাড়ে ক্লাবটি। স্বাধীনতা-উত্তরকালে রাজধানীর কারদার সামার, শেরেবাংলা ক্রিকেট টুর্নামেন্টে একাধিকবার সেমিফাইনাল খেলেছে রাজশাহীর সানরাইজ ক্লাব। ঢাকার বাইরের কোনো ক্লাবের জন্য এটা সাফল্য বললেও ভুল হবে না। উত্তর জনপদের একসময়ের জনপ্রিয় দিনাজপুরের মীম স্মৃতি টুর্নামেন্টে বেশ কয়েকবার শিরোপা জিতেছে খোদা বক্সের সানরাইজ ক্লাব। আমি ওই দলের হয়েই খেলেছি বহু বছর। খোদা বক্সের নেতৃত্বে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলেছি অনেকবার। অধিনায়ক হিসেবে দলের সবার কাছেই তিনি ছিলেন অত্যন্ত প্রিয়জন। সতীর্থদের আনন্দ-বেদনায় পাশে থাকতেন পরম আত্মীয়ের মতো। শিক্ষক হিসেবেও ছিলেন সফল। তবে শিক্ষক, খেলোয়াড়, সংগঠক সব পরিচয় ছাপিয়ে খোদা বক্স মৃধা সবচেয়ে বেশি পরিচিত হয়ে ওঠেন ক্রীড়াভাষ্যকার হিসেবে। ১৯৭২ সালে মোহাম্মদ হাবিবের নেতৃত্বে ভারতের ইস্টবেঙ্গল ক্লাব রাজশাহীতে প্রদর্শনী ম্যাচ খেলতে এলে বেতার কর্তৃপক্ষ ধারাভাষ্যের জন্য ৪০-৪৫ জনের মধ্য থেকে অডিসনের মাধ্যমে খোদা বক্স মৃধা ও আমাকে নির্বাচিত করে। ধারাভাষ্যকার হিসেবে সব সময়ই খোদা বক্সকে দেখেছি বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান নিয়ে চর্চা করতে। ওই সময় তথ্য ও পরিসংখ্যান পাওয়া এখনকার মতো সহজ ছিল না। ১৯৭৭-৭৮ মৌসুমে টেড ক্লার্কের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসে এমসিসি। রাজশাহীতে অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচ। সে সময় রাজশাহী সংগঠকদের মধ্যে জাফর ইমাম ও নুরুন্নবী চাঁদ ঈশ্বরদী বিমানবন্দরে অতিথি দলকে সংবর্ধনা জানানোর জন্য খোদা বক্স মৃধা ও আমাকে পাঠান। ঈশ্বরদী বিমানবন্দরে এমসিসির খেলোয়াড়েরা পৌঁছানোর পর থেকেই খোদা বক্স বিভিন্ন বিষয়ে জানার জন্য আঠার মতো লেগে ছিলেন খেলোয়াড়দের পেছনে।তাঁর বিদায় কেবল তাঁর পরিবার নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও সৃষ্টি করেছে বিশাল শূন্যতা। এখন ভাবতেও অবাক লাগে দূরের শ্রোতা-দর্শকদের প্রাণবন্ত খেলার বিবরণী দিতে আর দেখা যাবে না খোদা বক্স মৃধাকে। আর কোনো দিন কানে বাজবে না, সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খোদা বক্স মৃধা...।লেখক প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার