শূন্যপদে নির্বাচনের আগে উপজেলা নির্বাচন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যপদে নির্বাচনের কাজ শেষ না করে নতুন করে উপজেলা নির্বাচন না করার আহ্বান জানিয়েছে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (উজপ্যাব)। এ ছাড়া এ-সম্পর্কিত পাঁচ দফা দাবিতে ১২ জানুয়ারি ঢাকায় উজপ্যাবের সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ বুধবার দুপুর ১২টার দিকে উজপ্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উজপ্যাবের সভাপতি ও ময়মনসিংহ সদরের চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির। তিনি বলেন, ‘উপজেলা পরিষদ আইন একটি ভালো আইন হলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। এ ক্ষেত্রে উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গত চার বছরে উপজেলা পরিষদের কয়েকজন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মারা গেলেও এসব শূন্যপদে নির্বাচন হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত পরিষদের নারী সদস্য নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি।’উজপ্যাবের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, সরকারের ১৩টি মন্ত্রণালয়ের ১৭টি বিভাগের বাজেট উপজেলা পরিষদ তহবিলে হস্তান্তর করতে হবে, উপজেলা পরিষদের জন্য আদর্শ ট্যাক্স সিডিউল ঘোষণা করা ও ভূমি হস্তান্তর করের এক শতাংশ উপজেলা তহবিলে জমা দিতে হবে, ইউনিয়ন পরিষদকে উপজেলা পরিষদ থেকে আলাদা করতে হবে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শূন্যপদে এবং নারী সদস্য নির্বাচনের কাজ শেষ না করে নতুন নির্বাচন দেওয়া যাবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উজপ্যাবের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ সদরের চেয়ারম্যান আতাউর রহমান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চেয়ারম্যান গোলাম রব্বানী, নওগাঁর মহাদেবপুরের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।