শৃঙ্খলা রক্ষায় থাকবে ২২ হাজার সদস্য
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হচ্ছে। ৬৭৩টি কেন্দ্রের চার হাজার ৭৫৩টি বুথে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। একটি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ৭৯টি বুথে হবে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ। এই নির্বাচনে প্রায় ১৭ লাখ ভোটারের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণের দায়িত্বে আছেন প্রায় ১৭ হাজার কর্মকর্তা। প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে পুলিশ ও আনসার। সেনাবাহিনী, কোস্টগার্ড, বিডিআর ও র্যাব কেন্দ্রের বাইরে টহলে থাকবে। ২২ হাজার নিরাপত্তাকর্মী: নির্বাচন কমিশন সূত্র জানায়, নিয়োগ পাওয়া নিরাপত্তাকর্মীদের মধ্যে সাত হাজার পুলিশ, ৫০০ দাঙ্গা পুলিশ (এপিবিএন), ১০ হাজার আনসার, দেড় হাজার ব্যাটালিয়ন আনসার, ২৫০ জন করে মোট ৫০০ বিডিআর ও কোস্টগার্ড এবং ৬০০ সেনাসদস্য রয়েছেন। সাদা পোশাকে বিভিন্ন বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজন থাকবেন অন্তত ৫০০ জন। গুরুত্বপূর্ণ কেন্দ্রই বেশি: পুলিশ সূত্র জানায়, কেন্দ্রের অবস্থান, প্রার্থীর প্রভাব এবং সন্ত্রাসীদের আনাগোনার আশঙ্কা থেকে নির্বাচন কমিশন ও পুলিশ ভোটকেন্দ্রগুলোকে সাধারণ ও গুরুত্বপূর্ণ—এই দুই ভাগে ভাগ করেছে। এবার ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ২২৫টিকে সাধারণ কেন্দ্র এবং ৪৪৯টিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। প্রতিটি সাধারণ কেন্দ্রে ২০ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২২ জন করে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জানা যায়, নগরের ৪০টি ওয়ার্ডের ৬৬২টি কেন্দ্রের মধ্যে ৪৪২টি গুরুত্বপূর্ণ এবং ২২০টি সাধারণ কেন্দ্র। জেলার হাটহাজারী থানার একটি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ ও পাঁচটিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।টহলে থাকবেন সেনাসদস্যরা: সেনাসূত্র জানায়, গত সোমবার থেকে নগরে প্রায় ছয় কোম্পানি (৬০০ জনের বেশি) সেনা মোতায়েন করা হয়। তারা ছয়টি নির্দিষ্ট জায়গায় অস্থায়ী সেনা ছাউনি করে আগের রাতেই অবস্থান নেয়। নির্বাচনের দিন তারা কেন্দ্রের আশপাশের সড়কে টহলে থাকবে। সেনা টহল দল কেন্দ্রে যাবে না। সেনাবাহিনীর টাস্কফোর্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রতিটি সেনা টহল দলের সঙ্গে বেতারযন্ত্রসহ একজন করে পুলিশের উপপরিদর্শক (এসআই) থাকবেন। এই এসআইয়ের মাধ্যমে ভোটকেন্দ্রের সঙ্গে সেনা টহলের যোগাযোগ রাখা হবে। কোনো কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুধু রিটার্নিং কর্মকর্তার অনুরোধ সাপেক্ষে সেনাবাহিনী কেন্দ্রে যাবে। মডেল নির্বাচনের প্রত্যাশা কমিশনের: প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ৪ মে চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে বলেছিলেন, চট্টগ্রামের এই নির্বাচনকে কমিশন একটি মডেল করতে চায়। গতকাল রাত পর্যন্ত কোনো ধরনের হাঙ্গামা, হামলা-পাল্টাহামলা এবং মামলা-মোকদ্দমা ছাড়াই নির্বাচনের সব আনুষ্ঠানিকতা শেষ হয়। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আজ নির্বাচনের দিন কোনো সহিংসতা কিংবা পক্ষপাতিত্ব না হলে চট্টগ্রামের এই নির্বাচন একটি মডেল নির্বাচনের উদাহরণ হয়ে থাকতে পারে। ভোট সুষ্ঠু না হওয়ার আশঙ্কা সম্পর্কে একাধিক প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, ‘ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পর্যবেক্ষক, সাংবাদিক, টিভি ক্যামেরা, নির্বাচন কর্মকর্তাদের ক্যামেরা থাকবে। সবকিছুই দৃশ্যমান। তাই এখানে লুকোচুরির কিছুই নেই। আমি আশা করব, প্রার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’ আছেন সরকারি-বেসরকারি পর্যবেক্ষক: আজ সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বিভিন্ন ওয়ার্ডে কাজ করবেন নির্বাচন কমিশনের ৪১ জন পর্যবেক্ষক। তাঁদের সঙ্গে থাকবে একটি করে ভিডিও ক্যামেরা। তাঁরা সরাসরি নির্বাচন কমিশনে প্রতিবেদন দেবেন বলে জানা যায়। এ ছাড়া আটটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার ১২২ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এবার মেয়র পদে আটজন, ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৫৩ জন এবং মহিলাদের জন্য সংরক্ষিত ১৪টি আসনের কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী হয়েছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মেয়র পদের আট প্রার্থীর মধ্যে মূলত আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।