শে ষে র আগে
রুপালি পর্দায়বিশ্বকাপ দলে সুযোগ পাননি বলে কি মন খারাপ হার্শেল গিবসের? অ্যান্ড্রু সাইমন্ডস কি মন খারাপ করে ঘরে বসে মাছ শিকার করছেন? কুইন্সল্যান্ডের বন্যা যে গৃহযাপিত মৎস্য শিকারের সুযোগ এনে দিয়েছে তাঁকে। গিবস আর ‘সাইমো’ ভক্তদের একটা সুখবর দেওয়া যাক। বিশ্বকাপে খেলতে দেখা যাবে এ দুজনকেই। শুধু গিবস কেন, গত বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ম্যাথু হেইডেনও আছেন!বিভ্রান্ত হচ্ছেন? খোলাসা করা যাক। বাস্তবে যে এঁদের আর বিশ্বকাপে খেলার উপায় নেই, তা তো বুঝতেই পারছেন। এঁদের আসলে যে বিশ্বকাপে দেখা যাবে, সেটি রুপালি পর্দার। বলিউডের নতুন চলচ্চিত্র পাতিয়ালা হাউস-এ অভিনয় করেছেন এঁরা। যে চলচ্চিত্রের প্রধান চরিত্রে অক্ষয় কুমার। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড দলের হয়ে বল করতে দেখা যাবে তাঁকে। বিশ্বকাপের জ্বর যে বলিউডেও লেগেছে।ক্রিকেট-উন্মাদনার দেশ ভারত। ক্রিকেট নিয়ে সে দেশে ভূরি ভূরি ছবি হতেই পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বলিউডের পর্দায় ক্রিকেট এসেছে খুব সামান্যই। তার চেয়েও সামান্য ছবি হয়েছে ব্যবসাসফল। লগন ছাড়া বক্স অফিসে আর কোনো ছবি সাড়া ফেলতে পেরেছিল কি না, মনে করা যাচ্ছে না। দিল বোলে হাড়িপ্পা, হেইন খুল্লি কি মেইন খুল্লি, হ্যাটট্রিক, হুক ইয়া ক্রুক, মীরা বাঈ নটআউট, সে সালাম ইন্ডিয়া, স্টাম্পড, ভিক্টোরি...সব মুখ থুবড়ে পড়েছিল বলিউডের বাজারে। ব্যবসাসফল না হলেও ইকবাল অবশ্য অভিনয়গুণে আলোচিত হলেছিল বেশ। তামিল এবং ভারতীয় বাংলা ছবিতেও ক্রিকেটের আছর পড়েছিল বৈকি। তামিল ছবি চেন্নাই ৬০০০২৮ কিন্তু সবাইকে চমকে দিয়ে বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে। গত বছর টালিগঞ্জের বাংলা ছবি লে ছক্কাও হিট করেছিল বেশ।শুধু ভারত? অস্ট্রেলিয়ায় বানানো হয়েছিল আই নো হাউ মেনি রানস ইউ স্কোরড লাস্ট সামার, ইংল্যান্ডে দ্য লাস্ট টেস্ট। এখনো আমাদের ঢাকাই ছবিতে ক্রিকেট আসেনি। ২০১১ বিশ্বকাপে সাকিবদের সাফল্য হয়তো খুলে দেবে সেই দুয়ার।ছোট পর্দায়শুধু রুপালি পর্দায় নয়, বিশ্বকাপ ক্রিকেট থাকবে ছোট পর্দাতেও। কত-শত অনুষ্ঠান যে এ সময়টায় প্রচারিত হবে, তার হিসাব করতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তবে সময়-সুযোগ পেলে বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারক ইএসপিএন-স্টার স্পোর্টসে প্রচারিতব্য ‘দ্য কাপ দ্যাট কাউন্টস’ দেখতে ভুলবেন না। ১২ পর্বের এই টিভি সিরিজ আপনার সামনে যে এনে দেবে নয়টি বিশ্বকাপ আর এর তিন দশকের ইতিহাস।বিশ্বকাপের টুকরো টুকরো সব ছবি তো থাকবেই, থাকবে বিশ্বকাপের নায়ক-মহানায়কদের সাক্ষাৎকার। বিশ্বকাপজয়ী সাত অধিনায়ক ক্লাইভ লয়েড, কপিল দেব, অ্যালান বোর্ডার, ইমরান খান, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয়াহ আর রিকি পন্টিংয়ের স্মৃতি রোমন্থন।বিশ্বকাপের তারকাদের মধ্যে হাজির হবেন শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, ইয়ান বোথাম, মাইক গ্যাটিং, ওয়াসিম আকরাম, সনাৎ জয়াসুরিয়া, মার্টিন ক্রো আর ব্রেট লি।এই টিভি সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বাস দেখিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘বিশ্বকাপই ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট। ইটস দ্য কাপ দ্যাট কাউন্ট। তাই প্রথমবারের মতো আমরা এর ইতিহাস নিয়ে সুনির্দিষ্ট একটি টিভি সিরিজ বানিয়েছি।’অনুষ্ঠানটি সবাইকে দেখার আমন্ত্রণও জানিয়েছেন তিনি, ‘এটা সবার জন্য অবশ্যই দ্রষ্টব্য একটা অনুষ্ঠান। যারা ক্রিকেট দেখে, ভালোবাসে শুধু তাদের জন্যই নয়; বরং খেলাটি সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারাও দেখতে পারে। এই অনুষ্ঠানে ধারণ করা আছে সেই সব নাটক, যা শুধু ক্রিকেট বিশ্বকাপই জন্ম দিতে পারে। ক্রিকেট বিশ্বকাপ কেন খেলাটির সবচেয়ে বড় আর সেরা টুর্নামেন্ট, তার প্রমাণ দেবে এই প্রামাণ্যচিত্রগুলো।’ রাজীব হাসান