শে ষে র আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুত হচ্ছে মারাকানাব্রাজিলিয়ানদের কাছে মারাকানা মানে ছয় দশক ধরে পুষে রাখা একটা দুঃখ, একটা আক্ষেপ। বেদনার এক চিলতে ভিটেমাটি। বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল শিরোপা জিতেছে চারটি ভিন্ন মহাদেশে। ইউরোপে, দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায়...এমনকি এশিয়ায়ও। কিন্তু শিরোপা জিততে পারেনি নিজ দেশেই। আর সেই দুঃখের সাক্ষী হয়ে রাজধানী রিও ডি জেনিরোতে মাথা তুলে দাঁড়িয়ে আছে মারাকানা।৬৪ বছর পর আবারও ব্রাজিলে বসছে বিশ্বকাপ। সেই মারাকানাতেই আবারও হবে বিশ্বকাপের উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠান। ৩০ কোটি ডলার খরচ করে তাই ঢেলে সাজানো হচ্ছে স্টেডিয়ামটি। তাতে অবশ্য কমে যাবে দর্শকের ধারণক্ষমতা। ৮০ হাজারের মতো দর্শক একসঙ্গে বসে দেখতে পারবে খেলা। গত মঙ্গলবার শুরু হয়েছে আগামী বিশ্বকাপের এই মূল ভেন্যুর সংস্কারকাজ, যা শেষ হবে ২০১২ সালের ডিসেম্বরে।১৯৫০ সালে অসমাপ্ত নির্মাণকাজ নিয়েই রিও বনাম সাও পাওলো ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছিল এই স্টেডিয়ামের। তখন থেকেই ব্রাজিলের ফুটবলের হূৎপিণ্ড হয়ে আছে মারাকানা। শুধু ফুটবল কেন, পোপের ধর্মীয় ভাষণ থেকে শুরু করে পপসংগীতের জমজমাট আসর—সবই হয়েছে। মার্কিন সংগীতশিল্পী ফ্রাঙ্ক সিনাত্রা ১ লাখ ৮০ হাজার মানুষের কনসার্টে গান গেয়েছেন। এর চেয়েও বেশি মানুষ হয়েছিল টিনা টার্নার আর পল ম্যাককার্টনির কনসার্টে, যেটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে। মারাকানার এই বৈচিত্র্য আরও বর্ণিল হয়ে উঠবে ২০১৬ অলিম্পিকের মূল স্টেডিয়াম হওয়ার মধ্য দিয়ে।কিন্তু যে দুঃখ এত দিন ধরে পুষে রেখেছে, যে ‘মারাকানাজো’র (ট্র্যাজেডি অব মারাকানা) গল্প এত দিন ধরে বলে আসছে ব্রাজিলীয়রা, সেটি ভোলার একটাই উপায়। মারাকানায় ২০১৪ বিশ্বকাপের ফাইনাল জিতে যদি পূর্ণ হয় ‘হেক্সা’র স্বপ্ন।অ্যাগারের স্মৃতিবিভ্রমরিপ ভ্যান উইঙ্কল, মুখরা স্ত্রীর হাত থেকে উদ্ধার পেতে গিয়েছিলেন পাহাড়ে। সেখানেই অদ্ভুত বেশভূষার একদল মানুষের সঙ্গে দেখা। যাদের দেওয়া পানীয় খেয়ে ঘুমিয়ে পড়লেন রিপ। উঠলেন বিশ বছর পর। মাঝখানের এই দুই দশকের কোনো স্মৃতিই মনে নেই তাঁর। রিপের জীবন থেকে চিরকালের জন্যই হারিয়ে গেছে এই বিশটি বছর।এমনটা কি শুধু গল্প-উপন্যাসেই হয়? আমাদের ড্যানিয়েল অ্যাগারের জীবন থেকেও যে হারিয়ে গেছে দেড়টি ঘণ্টা! লিভারপুলের এই ড্যানিশ ডিফেন্ডার নাকি মনেই করতে পারছেন না, তাঁর জীবনের ওই ৯০ মিনিটের স্মৃতি।লিভারপুল-আর্সেনাল ছিল এই মৌসুমের প্রথম বড় ম্যাচ। ম্যাচের পুরোটা সময়ই খেলেছেন অ্যাগার। কিন্তু ওই ম্যাচের স্মৃতি একদমই মনে করতে পারছেন না। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাথায় আঘাত পেয়েছিলেন। কিন্তু তাঁকে উঠিয়ে নিতে পারেননি কোচ রয় হজসন। এর আগেই যে বদলির কোটা তিনি শেষ করে ফেলেছিলেন। তা ছাড়া জো কোল লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এমনিতেই একজন খেলোয়াড় কম ছিল লিভারপুলের।শেষ পর্যন্ত জিততে জিততে ড্র করে ফেরা ওই ম্যাচটি বড় আক্ষেপের কারণ হয়ে থাকল লিভারপুল কোচের জন্য। হজসন জানিয়েছেন, সেদিন চোট নিয়ে খেলার ফলে অ্যাগারের স্মৃতিবিভ্রম হয়েছে, ‘ড্যানিয়েলের অবস্থা ভালো নয়। ওই ঘটনার তিন দিন পেরিয়ে যাওয়ার পরও সে ভুগছে। ওই ম্যাচের কোনো স্মৃতিই তাঁর মাথায় নেই।’এই আঘাতের কারণেই গত সপ্তাহে ইউরোপা লিগের প্লে-অফের ম্যাচটি অ্যাগার খেলতে পারেননি। প্রথম প্রথম এই খবর বার্তা সংস্থাগুলো দেওয়ার পর মনে হয়েছিল, অ্যাগারের দশা না শেষ পর্যন্ত সালভাদর কাবানাসের মতো হয়ে যায়। প্যারাগুয়ের যে ফুটবলারের মাথায় স্থায়ী ঠিকানা গেড়ে বসে আছে ঘাতকের বুলেট। যে বুলেটের কারণে এই স্ট্রাইকার নাকি মাঝেমধ্যেই স্মৃতিবিভ্রমে ভোগেন।এই আশঙ্কা থেকে দ্রুতই মুক্তি মিলেছে। অ্যাগারও যে সুস্থ হয়ে উঠেছেন দ্রুত। গত সোমবার ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পুরো সময়ই মাঠে দেখা গেছে এই ২৫ বছর বয়সীকে। তবে সুযোগ থাকলে এই ম্যাচের স্মৃতি শুধু অ্যাগার নয়, পুরো লিভারপুলই ভুলে যেতে চাইবে। সিটির কাছে সেদিন যে দল হেরেছে ০-৩ গোলে!সবই মিথ্যাখেলোয়াড়দের ডেকে নিয়ে কর্মকর্তারা জেরা করেছেন, উন্মুক্ত মঞ্চে তাঁদের জন্য ‘ধিক্কার অনুষ্ঠান’ আয়োজন করা হয়েছে, কোচকে শাস্তি হিসেবে নির্মাণশ্রমিকের কাজ করতে হচ্ছে, ফাঁসিও নাকি দেওয়া হবে তাঁর—উত্তর কোরিয়া ফুটবল দলকে নিয়ে বিশ্বকাপের পর এ ধরনের খবর হয়তো চোখে পড়েছে আপনার। বাইরের পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন, ইরান, চীনের মতো গুটিকয় মিত্র দেশ ছাড়া খুব একটা দ্বিপক্ষীয় সম্পর্কও নেই আর কারও সঙ্গে—উত্তর কোরিয়া রহস্যের জালে ঢাকা একটি দেশ। এবং পশ্চিমা মিডিয়ার সৌজন্যে যে ছবিটা আমরা পাই, তাতে এক বিশ্বকাপে ভরাডুবি করে আসা দলটার এমন পরিণতির খবর শুনে বিস্মিত হওয়ারও কিছু থাকে না। কিন্তু না, বিস্মিত হতে হলো অন্যভাবে। উত্তর কোরিয়া নিয়ে বিশ্বকাপের পর যত খবর ছড়িয়েছে, সবই নাকি মিথ্যা। খোদ ফিফা এসব খবরে বিভ্রান্ত হয়ে তদন্তদল গঠন করেছিল। তারাই অনুসন্ধান করে জানিয়েছে, সব খবরই ভিত্তিহীন। একসময় মার্কিন গোয়েন্দা সংস্থার কাছ থেকে ‘স্বৈরশাসকের জাতাকলে পিষ্ট’ সোভিয়েত ইউনিয়নের খবর মিলত। উত্তর কোরিয়ার ক্ষেত্রে সংবাদের জোগানদাতা আবার দক্ষিণ কোরিয়ান গোয়েন্দা সংস্থাগুলো! সেই খবরে আস্থা রেখে, কোচ কিম জং-হুনকে রাজমিস্ত্রি হিসেবে নির্মাণাধীন দালানের পাশে কিংবা ফাঁসির মঞ্চে ওঠার অপেক্ষায় কারাগারে বন্দী হিসেবে কল্পনা করে নিয়েছিলেন অনেকেই!এসব শুনে নড়েচড়ে বসেছিল ফিফা। উত্তর কোরিয়া ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে তারা জানতে চেয়েছিল, আসলেই খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণ করা হয়েছিল কি না। তদন্ত শেষে ফিফা রায় দিয়েছে, ‘উত্তর কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন এই বলে আশ্বস্ত করেছে যে কোচ ও খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং যেসব খবর বেরিয়েছে, তা ভিত্তিহীন। সব তথ্যপ্রমাণ পরীক্ষার পর ফিফা বিষয়টির ইতি টানছে।’  রাজীব হাসান