শে ষে র আ গে
খ্যাতির বিড়ম্বনা!ছবিটা খুব বেশি পুরোনোও নয়। মাত্রই বছর দুয়েক আগের। সারি সারি সাজিয়ে রাখা সোনার চকচকে বার। তারই সামনে চকচকে সাদা দাঁতের উজ্জ্বল হাসি ছড়িয়ে দাঁড়িয়ে আছেন এক কৃষ্ণকলি। সদ্যই ১০ লাখ ডলারের জ্যাকপট জেতার আনন্দ মিশে আছে যে হাসিতে। পামেলা জেলিমোর ওই হাসিতে মিশে ছিল একটা বিভ্রান্তিও। আসলে ১০ লাখ ডলার মানে কী, সেটা যে তিনি নিজেও জানেন না। জানবেন কী করে, যে দেশ থেকে উঠে এসেছেন, সেই দেশের মাথাপিছু আয় যে মাত্র ৯০০ ডলার! ২০০৮ সালের সেপ্টেম্বরের ওই ছবিটাকে ধরা হচ্ছিল জেলিমোর ক্যারিয়ারের নতুন উচ্চতার দিকে ছুটে যাওয়া। এর কিছুদিন আগে বেইজিং অলিম্পিকেও জিতেছিলেন সোনা। ওই মৌসুমে গোল্ডেন লিগ মিটে নিজের প্রতিটা ইভেন্টে জিতে জিতলেন জ্যাকপট। ৮ কোটি কেনিয়ান শিলিং!কেনিয়ার ৮০০ মিটারের এই দৌড়বিদ এরপর ক্রমেই তলিয়ে গেছেন ব্যর্থতার অতল গহ্বরে। খ্যাতির আলো থেকে জেলিমো আজ বিস্মৃত অন্ধকারে, এর জন্য দায়ী ওই জ্যাকপটই। অন্তত তাঁর কোচ স্টিফেন মাওয়ানিকি সেই দাবিই করলেন। জ্যাকপট জেতার পর প্রত্যাশার চাপে জেলিমো নাকি নুয়ে পড়েছেন, ‘আগের বছরই ও ছিল নিজের ইভেন্টে বিশ্বসেরা। অথচ পরের বছর ওকে খুঁজেই পাওয়া গেল না। এটা মানসিক সমস্যা নয় তো কী! অ্যাথলেটের ৭৫ শতাংশই হলো মানসিক ব্যাপার, ২৫ শতাংশ শারীরিক।’ জেলিমোর সাবেক কোচ আজিজ আরও বিশদ ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, ‘বিখ্যাত হওয়ার আগে ও ছিল খুবই শৃঙ্খলাপরায়ণ। এরপর হয়ে যায় উচ্ছৃঙ্খল। সুবিধাবাদীরা ওর সঙ্গে যুক্ত হতে শুরু করল। আর আমরা যারা ওকে সেই ছোটবেলা থেকে এ পর্যন্ত তুলে এনেছি, আমাদের ছুড়ে ফেলা হলো।’খ্যাতির তেজস্ক্রিয়তা তাহলে সর্বনাশাও!প্রেমিক রোনালদোক্রিস্টিয়ানোরোনালদোগার্লফ্রেন্ডসডটকম! ঠিকই ধরেছেন। ফুটবল তারকা রোনালদোর প্রেমিকাদের তালিকা নিয়ে ওয়েবসাইট। রোনালদো নিজে যখন দুদিন পরপর প্রেমিকা পাল্টাছেন, এত দিন কতজনের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলল, সেই হিসাব রাখে সাধ্য কার! সবচেয়ে ভালো তাই একটা ওয়েবসাইটই খুলে বসা!আসলেই কতজনের সঙ্গে প্রেম করেছেন রোনালদো। প্রশ্নটা তাঁকে করলে রিয়াল মাদ্রিদ তারকা অবশ্যই চটবেন। না, এ কারণে চটবেন না যে আপনি তাঁর প্রেমের সততা নিয়ে প্রশ্ন তুলছেন; চটবেন এ কারণে, প্রেমের হিসাব কি আর সংখ্যা দিয়ে হয়! রোনালদো এই দর্শনেই বিশ্বাসী। ২৫ বছর বয়সেই তাঁর প্রেমিকার সংখ্যা তাই ২৫ ছুঁয়ে ফেলার জোগাড়!কী বিশ্বাস হচ্ছে না? ওয়েবসাইটে পাওয়া রোনালদোর প্রেমিকার তালিকার দিকেই তাহলে চোখ বুলিয়ে নিন: ২০০২ সালে জরদানা জারদেল আর কারিনা ফেরো। ২০০৫ সালে ড্যানিয়েলে আগুইয়ার, ইসাবেল ফিগুয়েইরা আর দিয়ানা শাভেজ। ২০০৫ সালে সুরিয়া বারমুদেজ, সরিয়া শাভেজ, মার্শি রোমেরো। ২০০৭ সালে লুসিয়ানা আব্রু, জেমা অ্যাটকিনসন, বিপাশা বসু, কারিনা বাচ্চি, ক্যারোলিনা পাত্রোসিনিও। ২০০৮ সালে লুসিয়া গার্সিয়া, মারিয়া শারাপোভা, নিকি ঘাজিয়ান, তাইজি কানিংহাম, নেরেইদা গ্যালার্দো, মিয়া জুদাকেন, ইমোজেন টমাস, লেতিজিয়া ফিলিপ্পি আর আলয়না হেনেস। ২০০৯ সালে ওলিভিয়া স্যান্ডার্স, গ্যাব্রিয়েলা এন্ড্রিজার, লুয়ানা বালেত্তি, প্যারিস হিলটন, রাফায়েল্লা ফিকো। এ বছর যে তালিকার শেষ নামটি ইরিনা শায়াক। রুশ এই মডেল নিজেও ভালো করে জানেন, তাঁর নামের শেষে যুক্ত হবে আরও অনেকের নাম।এঁদের সবার সঙ্গেই যে রোনালদো সত্যিকারের প্রেমে জড়িয়েছিলেন, এমনও নয়। বলিউড তারকা বিপাশার সঙ্গে যেমন ‘স্রেফ’ চুমু খাওয়ার ছবি ফাঁস হয়ে গিয়েছিল। হলিউড তারকা হিলটনের সঙ্গে চুমুর সীমা ছাড়িয়ে ব্যাপারটা হয়তো আরও দু-এক কদম সামনেও এগিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, রোনালদো কখনোই দাবি করেন না, ‘না, ওই মেয়ের সঙ্গে আমার কোনো প্রেম নেই, এসব শুধুই গুজব।’ প্লে-বয়ের যে ভাবমূর্তি রোনালদো সেটি উপভোগ করেন ভীষণ।আর তাই এই খবরটিকেও খুব মিথ্যা বলা যাচ্ছে না, যে ‘তরুণী’টি তাঁর প্রথম সন্তানের মা হয়েছে, তাঁর সঙ্গে রোনালদোর পরিচয় ছিল না একদমই!গুরুর আশ্রয়েবাংলার এক শাসকের মৃত্যুকে ইতিহাসবিদেরা লিখেছেন এভাবে, ‘এই মৃত্যুর মাধ্যমে জনগণ তাঁর হাত থেকে মুক্তি পেল, তিনিও মুক্তি পেলেন জনগণের হাত থেকে।’ মারিও বালোতেল্লির ইন্টার মিলান ছেড়ে যাওয়ার পর অমর এই বাণীটাই মনে পড়ে যাচ্ছে। বালোতেল্লি মুক্তি পেলেন ইতালির ক্লাব ফুটবল থেকে, ইতালির ফুটবলও বাঁচল তাঁর হাত থেকে!২০ বছর বয়সী এই স্ট্রাইকার এরই মধ্যে ‘ব্যাড বয়’ নামে ‘বিখ্যাত’ হয়েছেন। পৃথিবীতে এমন সন্তান কজন পাবেন, যে কিনা তাঁর জন্মদাতা বাবা-মায়ের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন এই বলে—‘আমার খ্যাতি পুঁজি করে তাঁরা টু-পাইস কামিয়ে নিচ্ছেন’! এমন কজন ফুটবলার পাবেন, হোসে মরিনহোর মতো প্রবল প্রতাপশালী কোচের শাসনের বেড়াজাল যে ঠিকই ডিঙিয়ে যান; মরিনহোর মুখের সামনে ছুড়ে মারেন জার্সি, তাঁকে মাঠ থেকে তুলে আনার প্রতিবাদ জানাতে! এমন কজনই খেলোয়াড় আছেন, যে কিনা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের জার্সি পরে ছবি তোলার দুঃসাহস দেখান প্রকাশ্যে!এ সবই করেছেন বালোতেল্লি। ইন্টারে তাঁর তিন বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে অসংখ্যবার ঝামেলায় জড়িয়েছেন দর্শকদের সঙ্গে। অবশেষে সবাইকে স্বস্তি দিয়ে সিটিতে চলে এলেন ‘ইতালির আগামীর প্রজন্মের সবচেয়ে প্রতিভাধর স্ট্রাইকার’। এসেই প্রথম যে কথাটি বললেন, ‘আমি মোটেও ব্যাড বয় নই। আমি আর সবার মতোই সাধারণ একজন।’ কৃষ্ণাঙ্গ ফুটবলার হওয়ায় দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন। আর মুখের ওপর সেগুলোর জবাব দেন বলেই এতসব হাঙ্গামা বাধে বলে দাবি তাঁর। তবে ইংল্যান্ডে এর কোনোটাই হবে না বলে আশাবাদী তিনি। আশাবাদী আরেকটি কারণে। সিটি কোচ রবার্তো মানচিনির হাত ধরেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তাঁর। রাজীব হাসান