শে ষে র আ গে
পদে বিপদ‘পদ’ যেমন লোভনীয়, তেমনি এর বিপদও আছে। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ড. থিও জাওয়ানজিনজার। জার্মান ফুটবল সংস্থার প্রধান এই ভদ্রলোক কয়েক বছরেই হাঁপিয়ে উঠছেন। চার বছর দায়িত্ব পালন শেষে তাঁর মন্তব্য, কঠিন এই দায়িত্বটা হাড়-মাংস জ্বালিয়ে খাচ্ছে তাঁর!আগামী অক্টোবরে জার্মান ফুটবল সংস্থার প্রধান পদে নির্বাচন। ওই নির্বাচনে তিনি দাঁড়াবেন না এমন গুঞ্জন উসকে দিল তাঁর এই মন্তব্য, ‘এই দায়িত্ব পালন করে আমি আসলে একটু ক্লান্তই হয়ে গেছি। আরও বেশি ব্যক্তিগত জীবনযাপনের জন্য আমার মধ্যে একটা চাওয়া তৈরি হয়েছে।’ সেই চাওয়াটাকে প্রাধান্য দেবেন, নাকি জার্মানির ফুটবলের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখবেন, সেটি জানা যাবে শিগগিরই। নির্বাচন পর্যন্ত আসলে অপেক্ষা করতেও হবে না। পরবর্তী সভাপতি নির্বাচনে কারা অংশ নেবেন, সেটি ঠিক হয়ে যাবে এ মাসের শেষের দিকেই।গুরুদায়িত্বের সঙ্গে হাত ধরাধরি করে চলে আসে অন্তহীন একটা চাপও। এটা মেনে নিয়েই সবাই কাজ করেন। জাওয়ানজিনজার চাইলে প্রেরণা খুঁজে নিতে পারেন রিকার্ডো টিসেরা আর হুলিও গ্রন্ডোনার কাছ থেকেও। প্রথমজন ব্রাজিলের ফুটবল সংস্থার (সিবিএফ) প্রধান, দ্বিতীয়জন আর্জেন্টিনার। ৬৩ বছর বয়সী টিসেরা তাঁর জীবনের বড় একটা অংশ কাটিয়ে দিয়েছেন এই দায়িত্ব পালন করে। সিবিএফ- প্রধান হিসেবে দায়িত্ব নেন ১৯৮৯ সালের জানুয়ারিতে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আগ পর্যন্ত অবসর নেওয়ার কোনো ইচ্ছে নেই। সেই ভালো, মেয়াদের রজতজয়ন্তী আর বিশ্বকাপ—দুই উৎসব করা যাবে একই সঙ্গে!টিসেরা তাও একটা আভাস দিয়েছেন অবসরের, গ্রন্ডোনার কানে এই শব্দটা ভুল করেও কেউ তোলে না। ৭৮ বছর বয়সেও ভদ্রলোক দিব্যি কাজ করে চলেছেন। টিসেরারও ১০ বছর আগে এই পদে অভিষিক্ত হয়েছিলেন। ফলে এরই মধ্যে তাঁর মেয়াদ ৩১ বছর পূর্ণ করে ফেলেছেন। শতায়ু হোন গ্রন্ডোনা। প্রেসিডেন্ট হিসেবে অন্তত ফিফটি করে ফেলুন!মুখরা এভার্টহররোজ বউয়ের গালমন্দ খেতে হয় বলে মন খারাপ? ‘এটা করো, ওটা করো’ শুনতে শুনতে কান ঝালাপালা? বউয়ের আজ্ঞাবহ গৃহপালিত স্বামী হয়ে থাকতে থাকতে ক্রমেই ছোট হয়ে যাচ্ছেন নিজের কাছে? মন খারাপ করবেন না, এই পৃথিবীর অনেক রথী-মহারথীও একই পথে হেঁটেছেন। এই যেমন গ্রেগ নরম্যান। গলফ কিংবদন্তি ভালোবেসে বিয়ে করেছিলেন সাবেক টেনিস তারকা ক্রিস এভার্টকে। ২০ লাখ ডলারের শ্রাদ্ধ করে, বাহামা দ্বীপে সাড়ম্বরে বিয়ে করার ফল তো জানেনই, আয়ু মাত্র ১৫ মাস। এর পরই ছাড়াছাড়ি।নরম্যানের বোন জেনিস এদ্দিন বাদে হাজির হয়ে জানালেন, বিয়ের প্রথম দিন থেকেই নাকি তিনি জানতেন, বিয়েটা টিকবে না। এভার্টকে দেখতে যত ভোলাভালাই লাগুক, আদতে তিনি নাকি আর দশটা মুখরা রমণীর মতোই!এভার্ট কীভাবে তাঁর স্বামীর ওপর ছড়ি ঘোরাতেন, সেই বর্ণনা শুনুন জেনিসের মুখেই, ‘ও তো দিনে দিনে আরও বেশি নিয়ন্ত্রণ করতে শুরু করল। স্পষ্টতই বোঝা যাচ্ছিল, ও আমার ভাইয়ের সঙ্গে খড়কুটোর মতো আচরণ করছে।’ঘরের ভেতর অনেক কিছুই হয়, কিন্তু এভার্ট নাকি সেটি প্রকাশ্যে সবার সামনেও করতে শুরু করে দিয়েছিলেন। জেনিস জানালেন এমনটাই, ‘আমরা সবাই সেটা দেখতে পাচ্ছিলাম। ওর বন্ধুরাও। গ্রেগ যে ওর চেয়েও বড় মাপের তারকা, এটি যেন সহ্যই করতে পারছিল না ক্রিসি।’অথচ এভার্টকে বিয়ে করার জন্য আগের স্ত্রী লরার সঙ্গে ২৫ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনে দিয়েছিলেন নরম্যান। ওই সম্পর্ক নিয়ে শুধু কাদা ছোড়াছুড়িই হয়নি, নরম্যানকে গুনতে হয়েছে অনেক বড় অঙ্কের টাকাও। এখন এভার্টও নাকি আদালতে যাচ্ছেন টাকার দাবিতে। জেনিসের কণ্ঠে আফসোসই ঝরল, ‘প্রথমে আমাদের লরার ঝক্কি সামলাতে হলো। এখন শুনছি, ক্রিসিও নাকি মামলা করবে।’কত বড় মাপের খেলোয়াড় তাঁরা। অথচ শুনতে বাঙালি পরিবারের ননদ-ভাবির চিরকালীন কলহের গল্পের মতোই শোনাচ্ছে।আবেগের রাজনীতি‘চ্যাম্পিয়ন হলে কী হতো?’ কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে দেশে ফেরা আর্জেন্টিনা দলকে নিয়ে মাতামাতি, ম্যারাডোনাকে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করে আইন জারি, তাঁর জন্য মূর্তি গড়ে দেওয়ার রাজনৈতিক প্রস্তাব—এসব হইহুল্লোড়ের মধ্যে এই প্রশ্নটাও উঠছে, আর্জেন্টিনা দলটি যদি এবার চ্যাম্পিয়ন হয়ে ফিরত, কী হতো তাহলে? সোনায় মুড়ে দেওয়া হতো সবার পা?সাধারণ মানুষের নিখাদ আবেগ অবশ্যই আছে, তবে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও আছে কি না, এই গুঞ্জনও উঠছে। ফুটবল-উন্মাদ দেশ আর্জেন্টিনা। যেকোনো ক্ষতে প্রলেপ বোলাতে ফুটবল হয়ে ওঠে মোক্ষম দাওয়াই। কখনো কখনো সেটি হয়ে ওঠে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ারও। জ্বলন্ত প্রমাণ ১৯৩০ বিশ্বকাপ। যেবার আর্জেন্টিনা দলের শিরোপা জিততে না পারার ব্যর্থতা, এ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ব্যবহার করে দেশটিতে হয়ে গিয়েছিল সামরিক অভ্যুত্থান! ক্ষমতাচ্যুত হয়েছিলেন তখনকার রাষ্ট্রপ্রধান হিপোলিতো ইরিহোয়েন।আর্জেন্টিনাকে এখানে উদাহরণ হিসেবে নিতে পারেন। আসলে ফুটবল যখন পুরো দেশের জাতীয় আবেগ হয়ে ওঠে, ঝানু রাজনীতিবিদেরা সেটিকে পুঁজি তো করবেনই। ১৯৩০ বিশ্বকাপে ফিরে যাওয়ার দরকার নেই, এই তো এবার বিশ্বকাপ বাছাইপর্বেই একজন প্রেসিডেন্ট ঘোষণাই দিয়ে বসেছিলেন, দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারলে তিনি নিজ হাতে নিজের রুমাল দিয়ে মুছে দেবেন প্রত্যেক খেলোয়াড়ের বুট! বাছাইপর্ব চলার সময় বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন মিসর প্রেসিডেন্ট হোসনি মোবারক আর আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বউতেফ্লিকা। ১৯৭০ বিশ্বকাপে এই করে করেই তো রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল এল সালভাদর আর হন্ডুরাসের।নিন্দুকদের প্রশ্নটি তাই হেসে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর্জেন্টিনাকে বরণ করে নিতে হাজার হাজার মানুষের যে মিছিল দেখা গেল বুয়েনস এইরেসে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নেই তো! রাজীব হাসান