শে ষে র আ গে
সুনীল স্বপ্নএই পরাজয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিছুই যায় আসে না। সামনের ব্যস্ত মৌসুমে তাদের মনেও থাকবে না এবার প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে কানসাস সিটি উইজার্ড নামের একটি ক্লাবের কাছে তারা হেরে গিয়েছিল ২-১ গোলে। কিন্তু উইজার্ড তাদের ‘জাদুকরি’ এই জয়ের গল্প বলে বেড়াবে অনেক দিন। সুনীল ছেত্রিও হয়তো আজীবনই বয়ে বেড়াবেন এই জয়ের স্মৃতি! ওই ম্যাচে যে ২১ মিনিট খেলেছেন এই স্ট্রাইকার। ওয়েইন রুনির দলের বিপক্ষে এ-কু-শ মিনিট!রুনি ছিলেন না। তবে পল স্কোলস, রায়ান গিগস, নানিদের মতো তারকারা ছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দাপুটে দলটাকেই সেদিন সুনীলরা বশ মানিয়েছেন। মেজর লিগ সকারের (এমএলএস) একটা দলের জন্য এটা তো অবশ্যই একটা বড় পাওয়া।বড় অর্জন সুনীলের জন্যও। নাম শুনেই আন্দাজ করে নেওয়া যায় সুনীল ভারতীয়। ঠিক তা-ই। শচীন টেন্ডুলকারের দেশে জন্মেও সুনীল বড় ফুটবলার হতে চেয়েছেন। শুধু চাওয়া নয়, সেই স্বপ্ন পূরণ করতে তিনি পাড়ি জমিয়েছেন বিদেশ-বিভুঁইয়ে। মোহনবাগান, ইস্টবেঙ্গলে খেলা এই স্ট্রাইকার এই মৌসুমে নাম লিখিয়েছেন এমএলএসের ক্লাব উইজার্ডে। এমএলএসে যোগ দেওয়া প্রথম ভারতীয় তিনি। এখনো অবশ্য যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে অভিষেক হয়নি তাঁর। তবে ডেভিড বেকহাম, থিয়েরি অঁরিদের বিপক্ষে একদিন মাঠে নেমে নিজের জাত চিনিয়ে দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।উইজার্ডের হয়ে অভিষেকের অপেক্ষা অবশ্য ফুরিয়েছে তাঁর। ম্যানইউ ম্যাচেই ৬৯ মিনিটে তাঁকে মাঠে নামান কোচ। দ্বিতীয় ভারতীয় হিসেবে ম্যানইউয়ের বিপক্ষে খেলার সৌভাগ্য হলো তাঁর। এর আগে বাইচুং ভুটিয়া ইংলিশ ক্লাব বারি এফসির হয়ে খেলার সময় মাঠে নেমেছিলেন রেড ডেভিলদের বিপক্ষে। ভুটিয়া বেশি দূর এগোতে পারেননি। কিন্তু সুনীলের স্বপ্ন আকাশ ছোঁয়ার।সন্ত্রাসবাদকে ‘না’লাহোরের ক্ষত এখনো শুকোয়নি। হয়তো শুকোবে না কোনো দিনই। ক্রিকেটে যে এর আগে কখনোই এভাবে ঝরেনি রক্ত। গত বছর মার্চে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সেই হামলা, মৃত্যুদুয়ার থেকে সামারাবীরাদের ফিরে আসার স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে। সেই স্মৃতি মুছে ফেলার জো নেই। তবে ক্রিকেটে যেন আর কখনোই এ ধরনের ঘটনা না ঘটে সেই প্রার্থনা, সেই ব্যবস্থা তো করাই যায়।শান্তির দূত ক্রীড়াবিদদের ওপর এমন নির্লজ্জ হামলা যেন না হয়—এ নিয়ে জোর প্রচারণা শুরু হয়েছে। ‘নট ইন মাই গেম’ নামের সেই প্রচারণায় যোগ দিয়েছেন বেশ কজন ক্রিকেটার। কেবলই হাঁটি হাঁটি পা পা অবস্থায় থাকা সেই প্রচারণায় শুরুর দিকে যোগ দেওয়া ক্রিকেট ব্যক্তিত্বদের একজন মুশতাক আহমেদ। বর্তমানে ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা এই সাবেক পাকিস্তানি স্পিনার বলেছেন, ক্রিকেটে যেন আর রক্তঝরা দিন ফিরে না আসে, এ জন্য সোচ্চার হতে হবে সবাইকে।‘এ ধরনের নৃশংস ঘটনা আমাদের ভালোবাসার খেলা ক্রিকেটে ভয়াবহ পরিণতি টেনে আনতে পারে। এটা খেলোয়াড়, সমর্থক, চেতনা—সবকিছুতেই আঘাত করে। এ কারণেই আমি নট ইন মাই গেম প্রচারণায় যোগ দিয়েছি। এই প্রচারণা সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা পৌঁছে দেয়, ক্রিকেট কিংবা অন্য যেকোনো খেলায় এর জায়গা নেই।’লাহোর হামলায় আহত শ্রীলঙ্কার সাবেক সহকারী কোচ পল ফারব্রেসও যোগ দিয়েছেন এখানে। খুব কাছ থেকে আততায়ীদের উন্মত্ততা দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘একদম কাছ থেকে ওই নৃশংসতা এবং এরপর সারা বিশ্বে এ নিয়ে তুমুল আলোড়ন দেখার পর আমার দৃঢ় বিশ্বাস, খেলাধুলাকে সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তু না বানানোর জন্য আমাদের একাট্টা হতেই হবে।’ এই প্রচারণায় চাইলে যোগ দিতে পারেন আপনিও। এর জন্য যেতে হবে www.notinmygame.com এই ওয়েবসাইটে।ফিরবেন শারাপোভা?এখনো কোথাও গেলে তাঁকে ঘিরে থাকে কৌতূহল। ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। থাকে ভক্তদের বিরক্তিকর কিন্তু ভালো লাগার ভিড়। এর মাঝখানেও তিনি নিশ্চয়ই টের পান, সুরটা ঠিক আগের মতো নেই। কোথাও লয় কেটে গেছে, কোথাও মিলছে না তাল। মারিয়া শারাপোভার জগৎটা যে ঠিক আগের মতো নেই!রুশ এই টেনিস তারকার উত্থান-পতন নিয়ে অনেক কাব্য হয়েছে। সে সবেও ক্লান্ত হয়ে শারাপোভা এখন যেন চলে গেছেন খবরেরই আড়ালে। গত আড়াই মাসে একের পর এক ব্যর্থতার ভেতর দিয়ে যেতে যেতে ক্লান্ত শারাপোভা শেষ পর্যন্ত দু দণ্ড আশ্রয় খুঁজেছেন নিজের বাড়িতে। না, রাশিয়ায় নয়। জন্মভূমি ছেড়ে নতুন ঘর তিনি সেই কবেই গড়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন সৈকতে নিজের ঘরে ফেরার সেই আকুতি তিনি নিজে লিখেছেন এভাবে, তাঁর ওয়েবসাইটে, ‘হোম, সুইট হোম! দশ সপ্তাহ বিদেশে কাটানোর পর আমার প্রিয় কফির দোকানে ঢুঁ মারতে তর সইছে না।’যে দশ সপ্তাহের কথা তিনি লিখেছেন এর মধ্যে আছে মাদ্রিদে প্রথম রাউন্ডে লুসি শাফারোভার কাছে হেরে যাওয়া, ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে হার জাস্টিন হেনিনের কাছে, উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট বার্মিংহামের ফাইনালে পরাজয় লি নার কাছে। এরপর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে বিদায় সেরেনা উইলিয়ামসের হাতে। এর মধ্যে কেবল একটা টুর্নামেন্টই জিতেছেন। যে টুর্নামেন্টটা আসলে জেতা না-জেতায় কিছুই আসে যায় না তাঁর মতো তারকার।উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেও সেরেনা উইলিয়ামসকে ঘামিয়ে ছেড়েছিলেন। ৭-৬ (৯), ৬-৪ গেমের ওই ম্যাচে শারাপোভার হারানো সেই ঝলক ফিরে এসেছিল আবার। নিজের শেষ বড় ওই টুর্নামেন্টটাই নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে তাঁকে। নিজের বাড়িতে দু দণ্ড জিরিয়ে নিয়ে আবারও কোর্টে নেমে পড়েছেন। ক্যালিফোর্নিয়াতেই চলছে স্ট্যানফোর্ড ক্লাসিক। প্রথম রাউন্ডে উড়ন্ত সূচনা করেছেন মাত্রই কদিন আগে ফোর্বস-এর তালিকায় রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হওয়া শারাপোভা। তিনি নিজেও ভালো করে জানেন, এই তালিকা, ওই ক্যামেরার চাতক চোখ, মানুষের কৌতূহল—সবকিছুই শেষ পর্যন্ত অর্থহীন। টিকে থাকতে হলে কিছু করে দেখাতে হবে কোর্টেই। সবকিছুর ওপর যে তিনি একজন টেনিস খেলোয়াড়।