শে ষে র আ গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার যুদ্ধে যেতে হবেভাঙা পাঁজর নিয়েও প্রতিকূল স্রোতে লড়াই করে ইনিংস-সর্বোচ্চ ৮১ রান করেছিলেন। মহাকাব্যিক সেই লড়াইয়ের সাক্ষী হয়ে আছে ১৯৫৯ সালের লর্ডস টেস্ট। বাউন্সারের আঘাতে চলে গিয়েছিলেন মৃত্যুর কাছাকাছি। টানা ছয় দিন অচেতন পড়ে ছিলেন হাসপাতালের বিছানায়। কিন্তু ঠিকই লড়াই করে ফিরেছেন। ৭৭ বছর বয়সী সপ্ততিপর যুবক নরি কন্ট্রাক্টর নেমেছেন আরেক লড়াইয়ে। পার্সিদের মধ্যে ক্রিকেটের ঘুমন্ত রাজকন্যাকে জাগিয়ে তোলার লড়াই।সাম্রাজ্য-প্রভু ব্রিটিশদের হাত ধরে ভারতে ক্রিকেটের যাত্রা শুরু। কিন্তু স্থানীয় অধিবাসীদের মধ্যে খেলাটি সবার আগে বরণ করে নিয়েছিল মুম্বাইয়ের পার্সিরা। পলি উমরিগর, নরি কন্ট্রাক্টর, ফারুখ ইঞ্জিনিয়ারদের মতো ক্রিকেটারও উপহার দিয়েছে একসময়। কিন্তু তরুণ পার্সিদের কাছে ক্রিকেটের আবেদন কমতে কমতে এখন মরুর শূন্যতা। কিশোর-তরুণ পার্সিদের মধ্যে ক্রিকেটের ভালোবাসা ফিরিয়ে আনতেই এই নতুন অভিযানে নামা নরি কন্ট্রাক্টরের। পার্সি জিমখানা, পার্সি সাইক্লিস্ট ক্লাবের সঙ্গে জোট বেঁধেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম টেস্ট জয়ের নায়ক। পাশে এসে দাঁড়িয়েছে বোম্বে পার্সি পঞ্চায়েত (বিপিপি)। মাঠ এবং অবকাঠামোগত-সুবিধা দেবে বিপিপি। প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে এনে দেওয়া হবে প্রশিক্ষণ। ‘অনেক দিন ধরে লালন করা স্বপ্নটা অবশেষে পূরণ হতে চলেছে। এটার পরিকল্পনা আমরা সাত বছর ধরে করে আসছি’—স্বপ্নপূরণের উচ্ছ্বাস কন্ট্রাক্টরের কণ্ঠে।নিজের সম্প্রদায়ের প্রতি ঋণ শোধের তাগিদও আছে। সর্বশেষ কোনো পার্সি ক্রিকেটার ভারতীয় টেস্ট দলে খেলেছেন সেই সত্তরের দশকে, ফারুখ ইঞ্জিনিয়ারের সৌজন্যে। জাতীয় দল তো এখন দূর-অস্ত, নব্বইয়ের দশকের পর মুম্বাইয়ের রঞ্জি দলে নেই একজনও পার্সি ক্রিকেটার! এ কোন হেইডেনগত রোববার কমনওয়েলথ গেমসের সাঁতারপুলে মাইকে যখন পুরস্কার বিজয়ী হিসেবে ভেসে এল তাঁর নাম, স্থানীয় অনেকেই চমকে উঠেছিলেন। ম্যাথু হেইডেন কি তবে সাঁতারে নাম লিখিয়েছেন! ১০০ মিটার ফ্রি-স্টাইলে জিতে নিয়েছেন সোনা! খানিক পরই ভুল ভাঙল। ঘোষক আসলে সোনাজয়ীর নামের প্রথম অংশ বলতে ভুলে গেছেন। সোনা জিতেছেন কানাডার ব্রেন্ট ম্যাথু হেইডেন।দিল্লি নয়, হেইডেন তখন কুইন্সল্যান্ডে। গ্যাবায় তাঁর নতুন আত্মজীবনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। সাঁতার তিনিও কেটেছেন বিস্তর, হয়তো ব্রেন্ট হেইডেনের মতোই জোরে। কিন্তু সেই সাঁতার সোনা জয়ের জন্য নয়, ছিল জীবন বাঁচানোর তাগিদে। দশ বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে উল্টে গিয়েছিল তাঁর বোট। সাঁতার কেটে তীরে ফিরতে হয়েছিল। কপাল গুণে বেঁচে গিয়েছিলেন সেদিন।স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড আত্মজীবনীতে উঠে এসেছে সেই অভিজ্ঞতার কথা। স্বাভাবিকভাবেই উঠে এসেছে সেই দুর্ঘটনায় হেইডেনের সঙ্গে থাকা অ্যান্ড্রু সাইমন্ডসের কথা। এসেছে জন বুকাননের সেই বহুল আলোচিত বুট ক্যাম্পের গল্প। এমনকি তাঁর মৃতপ্রায় ক্যারিয়ার যে বাঁচিয়ে দিয়েছিল আম্পায়ার বিলি বাউডেনের ছোট্ট একটা পরামর্শ—উঠে এসেছে এই অজানা তথ্যও। টানা দুই বছর ধরে ক্রিকেট লেখক রবার্ট ক্র্যাডর্কের সঙ্গে দুই শরও বেশি সাক্ষাৎকারের ফসল এই আত্মজীবনী। অজানা মজার অনেক টুকরো ছবি, আবেগময় মুহূর্ত বন্দী হয়েছে ছাপার অক্ষরে। ...আমার হলো সারাকমনওয়েলথ ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে আনা রাইস হেরে গেলেন সাইনা নেহওয়ালের কাছে। রাইস চাইলে রবিঠাকুরের সুরে সুর মিলিয়ে বলতে পারতেন, ‘তোমার হলো শুরু, আমার হলো সারা।’ মেয়েদের এককে এই ম্যাচটা দিয়েই ব্যাডমিন্টন ক্যারিয়ারের ইতি টেনে দিলেন কানাডার এই ৩০ বছর বয়সী। রাইসের শেষ হলো এমন একজনের কাছে হেরে, যে সাইনার তিনি বন্ধু, পথপ্রদর্শকও।বয়সে দশ বছরের দূরত্ব। কিন্তু দুই দেশের একই ভুবনের দুই বাসিন্দার মধ্যে দোস্তি জমে উঠতে সময় লাগেনি। যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল ২০০৬ সালে। ১৫ বছর বয়সী সাইনা তখন মাত্রই আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেছেন।‘মনে আছে ও বারবার অনুযোগ করছিল জিততে না পারার কারণে। কিন্তু আমি ওকে বুঝিয়েছিলাম, সবার শুরুটাই এমন হয়। এরপর ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে আসে’—চার বছর আগের স্মৃতি রোমন্থন করে বলেছেন রাইস। সেদিন তাঁর এই ছোট্ট পরামর্শ সাইনার মনোজগতে ফিরিয়ে এনেছিল আত্মবিশ্বাস। নয়তো কে জানে, পরাজয়ে কাতর কিশোরীটি আজ এভাবে মাথা তুলে দাঁড়াতে পারত কি না!২০ বছর বয়সী এই ভারতীয়কে ধরা হচ্ছে আগামীর বড় তারকা। এরই মধ্যে সানিয়া-সাম্রাজ্যে হানা দিতে শুরু করেছেন সাইনা। মির্জা-কন্যার ক্রমাগত ব্যর্থতা আর উল্টো পিঠে সাইনার সাফল্য টেনে আনছে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে। কমনওয়েলথে সোনা জেতার পর তাঁকে নিয়ে যেভাবে মাতামাতি চলছে, কে জানে, এর মধ্য দিয়ে সানিয়াকে ছাড়িয়ে গেলেন কি না।এসবই ক্রীড়া-অর্থনীতির হিসাব। তবে রাইস মনে করেন, সাইনার মধ্য দিয়ে ক্রিকেট-উন্মাদ ভারতে জনপ্রিয় হতে পারে ব্যাডমিন্টন। প্রকাশ পাড়ুকোনের যোগ্য উত্তরসূরি সাইনাই।  রাজীব হাসান