শে ষে র আ গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল দ্য থ্রিপল অক্টোপাসের ‘মৃত্যু’ নিয়ে শোক করার দিন শেষ। তার শূন্যস্থান পূরণে এসে গেছে পল দ্য থ্রি। পল টু তো বেড়ে উঠছে জার্মানির ওই অ্যাকুরিয়ামেই। আর পল থ্রির বসবাস ইংল্যান্ডে। পল টু-এর ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা পরখ করে দেখা হয়নি। হতাশ হবেন না। ‘বংশের প্রদীপ’ রক্ষা করতে এগিয়ে এসেছে ওলি। এই ওলি আর কেউ নয়, জনপ্রিয় গুনিন পলেরই ‘আপন’ চাচাতো ভাই, পল দ্য থ্রি!পলের মতো ওলির জন্মও ইংল্যান্ডের ওয়েমাউথের সি লাইফ সেন্টারে। পল বিদেশ-বিভুঁইয়ে গিয়েছিল, ওলি থেকে গিয়েছিল দেশেই। এরই মধ্যে বংশগত পেশায় নেমে পড়েছে সে। ইংলিশ প্রিমিয়ার লিগের নবাগত দল ব্ল্যাকপুলের সঙ্গে ওলির চুক্তি হয়েছে। পলের রেখে যাওয়া আসনে বসে ওলি এখন ভবিষ্যদ্বাণী করবে ব্ল্যাকপুলের প্রতিটি ম্যাচের আগে।দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে জার্মানির সাতটিসহ মোট আটটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে সবাইকে চমকে দিয়েছিল পল। তার প্রতিটি ভবিষ্যদ্বাণীই যে সঠিক প্রমাণিত হয়েছে! গত মাসে গুণী এই গুনিন অক্টোপাসের ‘প্রয়াণের’ পর প্রচারমাধ্যমে আবির্ভাব ওলির। বয়সে পলের চেয়ে একটু বড়ই। পল মারা গেছে দুই বছর বয়সে। ওলির বয়স তিন চলছে।অক্টোপাস পলের নাম ‘পল’ রাখা হয়েছিল জার্মান শিশুছড়াকারের একটি ছড়ার শিরোনামে। ওলি অবশ্য ‘নুন খাই যার, গুণ গাই তার’ নীতিতে বিশ্বাসী। কারণ, তার নাম রাখা হয়েছে ব্ল্যাকপুলের কোচ ইয়ান ‘ওলি’ হলোওয়ের নামে। সেও নাকি চাচাতো ভাইয়ের ক্ষমতা পেয়েছে। এরই মধ্যে দু-চারটি ম্যাচের আগাম ফল বলে চমকেও দিয়েছে। পলের মতোই তার কর্মপদ্ধতি। মাছ কিংবা ঝিনুক রাখা পাশাপাশি দুটি বাক্সের মধ্য থেকে একটিকে বেছে নিয়ে ভবিষ্যদ্বাণী করে ওলি।এমনও হতে পারে, জনপ্রিয়তায় পলকেও ছাড়িয়ে গেল ব্ল্যাকপুলের সি লাইফ সেন্টারের বাসিন্দা ওলি! পল তো শুধু জয়-পরাজয়ের ভবিষ্যদ্বাণী করত। ওলি নাকি বলে দিতে পারে ড্রয়ের ফলও! শুধু কি তাই? ‘ভদ্রলোক’ মৌসুমের শুরুতেই ভবিষ্যদ্বাণী করে রেখেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে এবার চ্যাম্পিয়ন হবে চেলসি! পরের ভবিষ্যদ্বাণীটি আরও বিস্ময়কর। মৌসুম শেষে প্রিমিয়ার লিগে নাকি সর্বোচ্চ গোলদাতা হবেন রুনি, যিনি কিনা মাঠেই নামতে পারছেন না। দেখা যাক, কী হয়!বিন্দু থেকে সিন্ধুম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার ইউনাইটেড! এমনই এক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে এফএ কাপ। আর একটা ম্যাচ পার হলেই বোঝা যাবে ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে কি না দুই ম্যানচেস্টার ইউনাইটেড।আরেকটি ম্যানইউ এল কোত্থেকে? অনেকের স্মৃতিতে হয়তো চর পড়ে গেছে। ২০০৫ সালে গ্লেজার পরিবার দায়িত্ব নেওয়ার পর ম্যানইউয়ের ক্ষুব্ধ একদল সমর্থক নিজেরাই আলাদা একটি ক্লাব গড়ে তুলেছিলেন। সেই সময় একদিন বড় কিছু করার স্বপ্নের কথাই বলেছিলেন ‘পথবিচ্যুত’ এই সমর্থকেরা। ক্লাবের নাম দেওয়া হয় এফসি ইউনাইটেড অব ম্যানচেস্টার। আদি ম্যানইউর ডাকনাম রেড ডেভিল। নিজেরা বিদ্রোহ করে ওই সম্পর্ক ছিন্ন করেছিলেন বলেই কিনা নতুন ক্লাবটির ডাকনাম রেড রেবেলস!ইংলিশ ফুটবলের সপ্তম সারির লিগ নর্দান প্রিমিয়ার লিগে প্রিমিয়ার ডিভিশনে খেলে এই আধা পেশাদার ক্লাবটি। প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন এখনো অযুত-নিযুত মাইল দূরে। তবে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে বধ করার স্বপ্নটা ক্রমেই উজ্জ্বল হচ্ছে তার।এফএ কাপের আগের রাউন্ডে রোশডেলের বিপক্ষে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে ক্লাবটি। রোশডেল লিগ ওয়ানের দল। শক্তিতে ‘দুস্তর পারাবার’ ব্যবধান। কিন্তু তার পরও খুদে ইউনাইটেড যে দেখছে বড় স্বপ্ন! এফএ কাপের পরের রাউন্ডে তাদের মুখোমুখি ব্রাইটন অ্যান্ড হভ অ্যালবিয়ন। এই ম্যাচটি জিতলেই প্রিমিয়ার লিগের কোনো দলের সঙ্গে ম্যাচ পড়বে এফসি ইউনাইটেড অব ম্যানচেস্টারের। কে জানে, তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডই হয়ে যায় কি না!সেই আশাতেই পথ চেয়ে আছে এফসি ইউনাইটেড অব ম্যানচেস্টার। দলের ডিফেন্ডার কার্ল মুনরো যেমন বলছেন, ‘এই পর্যন্ত আসাটাই আমাদের জন্য বিরাট এক অর্জন। কিন্তু আমরা সামনে আরও এগোতে চাই। এফএ কাপের ঐতিহ্যই যদি দেখেন, দেখবেন, সেখানে অনেক বড় বড় অঘটনের ইতিহাস আছে। এবার তেমন কিছু আমরা করে দেখাব বলেই আমাদের বিশ্বাস।’এখনই অবশ্য একদিক দিয়ে ম্যানইউয়ের চেয়ে এগিয়েই আছে তারা! তাদের ওয়েবসাইটে। ১৫টি ভাষায় দেখার ব্যবস্থা আছে এফসি ইউনাইটেড অব ম্যানচেস্টারের অফিসিয়াল ওয়েবসাইট! অবশ্য বাকি যেকোনো দিক দিয়ে তুলনা করা বাতুলতা। দলের সবচেয়ে ‘বড় তারকা’ কার্লোস রোকা সপ্তাহে যা আয় করেন, সেই পরিমাণ আয় ওয়েইন রুনি দাঁত ব্রাশ করতে করতেই করে ফেলেন!তা হোক, বিন্দু থেকেই তো একদিন গড়ে ওঠে সিন্ধু! রাজীব হাসান