শে ষে র আ গে
অ্যাশেজে অ্যাশেজ‘হুম্, এই তাহলে ক্রিকেট!’ প্রথমবারের মতো মাঠে ক্রিকেট দেখার পর তাঁর প্রথম উক্তি। পৃথিবীর প্রায় অর্ধেকটা পথ পাড়ি দিয়ে সিডনি বিমানবন্দরে যিনি প্রথমেই হাতে তুলে নিয়েছেন, আর কিছু নয়, একটা ক্রিকেট ব্যাট! সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে যিনি প্রথমবার জেনেছেন এই পৃথিবীতে বার্মি আর্মি নামে অন্য রকম এক আর্মি আছে। তাদের সঙ্গে অবলীলায় হেড়ে গলায় সুরও মিলিয়েছেন। যুক্তরাষ্ট্রের অতিসাধারণ এক পরিবারের মেয়ে হয়েও মধ্যাহ্নভোজ সেরেছেন স্টিভ ওয়াহর মতো ক্রিকেটারের সঙ্গে বসে। সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি, দ্য অস্ট্রেলিয়ানের নামি সাংবাদিকদের...স্বপ্নের মতো একেকটি দিন কাটানোর কারণ আর কিছুই নয়। তাঁর টুইটার অ্যাকাউন্ট, যেটার নাম দি অ্যাশেজ!অ্যাশলি কেরেকেসের কথা আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। ভালোবেসে ২২ বছরের এই তরুণীর প্রেমিক তাঁকে অ্যাশেজ বলে ডাকতেন। অ্যাশলি থেকে অ্যাশেজ। নিজের টুইটার অ্যাকাউন্টও তিনি খুলেছিলেন ওই নামেই। কিন্তু কে জানত, অ্যাশেজের মৌসুমে রাতারাতি বিখ্যাত হয়ে যাবেন ক্রিকেটের ক-ও না-জানা এই মার্কিন তরুণী।অনেকেই টুইটারের ওই অ্যাকাউন্টটিকে অ্যাশেজের অফিশিয়াল অ্যাকাউন্ট ভেবে বসে। এর পরের গল্প তো আপনাদের জানাই। অ্যাশলির অনুসারীর সংখ্যা দুই মাসের মধ্যে পৌঁছে গেছে প্রায় ১৫ হাজারে!যে ক্রিকেটের বদৌলতে এত কিছু পাওয়া, সেটি চর্মচক্ষে না দেখলে কী হয়! প্রেমিকপ্রবরকে সঙ্গে নিয়ে অ্যাশলি চলে আসেন অস্ট্রেলিয়ায়। সেখানেই বার্মি আর্মি আর স্টিভের সঙ্গে দেখা। যে ক্রিকেট নিয়ে প্রথম প্রথম নাক সিঁটকেছেন, সেই ক্রিকেট সম্পর্কেই মত পাল্টে গেছে তাঁর, ‘ক্রিকেট আসলেই মজার এক খেলা। এর মধ্যে অনেক বেশি রণকৌশল থাকে। একজন তো আমাকে এমনও বলেছে, ক্রিকেট আসলে দাবা আর বেসবল দুটো যোগ করলে যা হয়, সে রকমই।’আফসোস, অ্যাশলি ক্রিকেটটা জানলেন এমন এক সময়, অস্ট্রেলিয়া যখন রাজ্য হারানো এক রাজা!প্রচারেই প্রসারম্যানচেস্টার ইউনাইডেটের মালিকপক্ষের নাম জানে না, এমন অনেকেও এ কয়দিনে জেনে বসে আছে ব্ল্যাকবার্ন রোভার্সের মালিকের নাম। না জেনে উপায় আছে! কদিন পর পর যে আলোচিত খবর নিয়ে পত্রিকার পাতায় উঁকি দিচ্ছেন ক্লাবটির নতুন ভারতীয় মালিক। একবার শোনা গেল, কোচ হিসেবে তারা আনছে ডিয়েগো ম্যারাডোনাকে। এ নিয়ে কদিন বিস্তর লেখালেখিই সার। মালিকপক্ষের বিবৃতি, এটা স্রেফ গুজব। ভেংচি কেটে ভেঙ্কিস আবার হাজির। এবার ব্ল্যাকবার্নের মালিকপক্ষ জানাল, রোনালদিনহোকে ইংলিশ ক্লাবটিতে নিয়ে আসতে তারা তৈরি। বিশ্বজুড়ে পত্রপত্রিকাগুলোতে পড়ে গেল শোরগোল, রোনালদিনহো কি তবে প্রথমবারের মতো খেলতে আসছেন ইংলিশ লিগে! ইংলিশ লিগে নয়, রোনালদিনহো ফিরে গেলেন ব্রাজিলে, ফ্ল্যামেঙ্গোয় যোগ দিয়ে। তিনি কোথায় গেলেন, সেটা নিয়ে এ লেখা নয়। প্রশ্ন অন্য জায়গায়। বড় বড় তারকা, ফুটবলব্যক্তিত্বের সঙ্গে নাম জুড়ে দিয়ে খবর হতে চাইছে না তো ব্ল্যাকবার্ন? ক্লাবটি মুফতে বেশ প্রচার আদায় করে নিচ্ছে বলেই এই সন্দেহ। যে সন্দেহ ঘনীভূত হচ্ছে মালিকপক্ষ ভেঙ্কিসের পরস্পর বিরোধী বক্তব্যে।বিবিসি রেডিওকে যখন ভেঙ্কিসের চেয়ারম্যান অনুরাধা দেশাই তিন বছরে রোনালদিনহো কত বেতন পাবেন, সেই অঙ্কটাও জানাচ্ছেন; ভেঙ্কিসেরই পরিচালক ভেঙ্কটেশ রাও তখন ল্যাঙ্কাশায়ার টেলিগাফকে বলছেন, ‘রোনালদিনহোকে দলে নেওয়ার খবরটা স্রেফ গুজব।’ রাও ওই খবরের মধ্যেই জন্ম দিয়েছেন আরেক খবর। জানিয়েছেন, তাঁরা বরং আগ্রহী ডেভিড বেকহামকে কিনতে।ম্যারাডোনা, রোনালদিনহো, বেকহাম—এই নামগুলোর খবরের মূল্য অন্য রকম। নামগুলোর সঙ্গে জড়িয়ে কোনো খবর ছড়াতে পারলে সেটি সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায় বিশ্বব্যাপী। ম্যারাডোনা, রোনালদিনহো, বেকহামদের বদৌলতে একটা ভালো প্রচার যে তারা এই কদিনে পেয়ে গেছে, তাতে আর সন্দেহ কী! রাজীব হাসান